Blog

  • যুদ্ধের আবহে পাকিস্তানে অভিযান মোসাদের? ইজরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ

    যুদ্ধের আবহে পাকিস্তানে অভিযান মোসাদের? ইজরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত শনিবার আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় প্রাণ গিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির। আর তাঁর মৃত্যুর বদলা নিতে আহত বাঘের মতো লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের 8 দেশে থাকা 27 টি মার্কিন সেনা ঘাঁটিতে জোরালো হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। এরই মাঝে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁকে হত্যার ঘটনার তীব্র নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

    পাকিস্তানের সংবাদমাধ্যমও ইরানের আম জনতাকে সামরিক অভিযানের বিরুদ্ধে একপ্রকার রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিল। আর তারপরই নাকি হ্যাক করে নেওয়া হয় পাকিস্তানের বিভিন্ন টিভি চ্যানেল (Pakistan Tv Channels Hacked)। তাতে আঙুল উঠছে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দিকে।

    পাকিস্তানের একাধিক টিভি চ্যানেল হ্যাক করে নেওয়ার অভিযোগ

    গতকাল অর্থাৎ রবিবার পাকিস্তানের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি টিভি চ্যানেলের সম্প্রচার বারবার ব্যাহত হয়েছিল। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার অনুমান, মধ্যপ্রাচ্যে ইরানের উপর হওয়া হামলা এবং খামেনির মৃত্যু সংবাদ সম্প্রচার করার কারণেই একেবারে ছক করে তাদের টিভি চ্যানেলগুলিকে হ্যাক করা হয়েছিল। পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বলেছ, গতকাল পাকিস্তানের জনপ্রিয় টিভি চ্যানেল জিও নিউজ থেকে শুরু করে এ আর আই নিউজ এমনকি সামা টিভিও হ্যাক করার চেষ্টা হয়েছিল। যেই ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী করা হচ্ছে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মেসাদকে।

    এক বিবৃতিতে জিও নিউজ ম্যানেজমেন্ট জানিয়েছে, গত 24 ঘন্টা ধরে কমিউনিকেশন স্যাটেলাইট প্যাকসেটে থাকার পরেও টিভি চ্যানেলটিকে বারবার হ্যাক করার চেষ্টা করা হয়েছে। এর ফলে এর সম্প্রচার ব্যাহত হয়। বিবৃতিতে বলা হয়েছিল, জিও নিউজের সম্প্রচার বারবার ব্যাহত হয়েছিল হ্যাকারদের কারণেই। এ বিষয়ে জিও নিউজের ব্যবস্থাপনা সম্পাদক আজহার আব্বাস উর্দুতে একটি পোস্ট লিখেছেন, “জিও নিউজের স্ক্রিন হ্যাক করে সেখানে একটি অনুপযুক্ত বার্তা প্রচার করা হচ্ছিল। এই ধরনের বার্তার সাথে জিও নিউজের কোনও সম্পর্ক নেই। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি।”

    পাকিস্তানের কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেসাদের সমর্থনকারীরা গুগলে বিজ্ঞাপন চালানোর জন্য বেশ কয়েকটি নিউজ ওয়েবসাইটকে ব্যবহার করেছিল। কম করে 19টি দেশে বিভিন্ন ওয়েবসাইট গুলিতে এই ধরনের বিজ্ঞাপন চালানো হয়। যদিও পাকিস্তানের টিভি চ্যানেলগুলি হ্যাক হওয়া নিয়ে এখনও পর্যন্ত বিবৃতি দেয়নি পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

    অবশ্যই পড়ুন: ক্রিকেট বোর্ডের নাম থেকে মুছতে হবে ভারত বা ভারতীয় শব্দ, কঠোর পদক্ষেপ কেন্দ্রের

    উল্লেখ্য, গত রবিবার ইজারায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানে ভয়াবহ হামলা চালালে মৃত্যু হয় সর্বোচ্চ নেতা খামেনির। সেই খবর প্রকাশ্যে আসতেই রাস্তায় নেমে পড়েন ইরানের মানুষজন। চোখ থেকে জল গড়ায় খামেনির অনুগামীদের। এদিকে খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে পাকিস্তানের করাচির মার্কিন দূতাবাসে জোরালো হামলা চালান বিক্ষোভকারীরা। ভেঙে দেওয়া হয় দূতাবাসের জানালার কাছ থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় আসবাব।

  • ভোটের আগেই হাইকোর্টে জনস্বার্থে মামলা, কী দাবি?

    ভোটের আগেই হাইকোর্টে জনস্বার্থে মামলা, কী দাবি?

    সৌভিক মুখার্জী, কলকাতা: সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। তবে তার আগে রক্তপাতহীন এবং সুষ্ঠু ভোটের দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থে মামলা দায়েরের আবেদন জানিয়েছেন এক আইনজীবী। আর তাঁর আবেদন গ্রহণ করেই মামলা করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। কিন্তু ঠিক কী কী বললেন আইনজীবী?

    কী দাবি জানানো হল?

    মামলাকারীদের স্পষ্ট বক্তব্য, অতীতের নির্বাচনী হিংসার অভিজ্ঞতা রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল। তাই ভোটের আগেই সতর্কমূলক ব্যবস্থা নেওয়া সবথেকে জরুরী। এমনকি পিটিশনে একাধিক দাবি তোলা হয়েছে। প্রথমত, স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথগুলিতে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করতে হবে। দ্বিতীয়ত, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। তৃতীয়ত, বাধ্যতামূলকভাবে ভিডিওগ্রাফি করতে হবে। চতুর্থত, গোটা নির্বাচনী প্রক্রিয়ার উপর নজরদারির জন্য উচ্চপদস্থ প্রশাসনিক করমচারিদের নিয়ে একটি মনিটরী কমিটি গঠন করতে হবে। এছাড়াও রাজনৈতিক, সাম্প্রদায়িক এবং লিঙ্গভিত্তিক হিংসা নিস্পত্তির ব্যবস্থা নিতে হবে।

    এদিকে পিটিশনে ২০২১ সালের বিধানসভা নির্বাচনী পরবর্তী হিংসার ঘটনাগুলোর কথা তুলে ধরা হয়েছে। অভিযোগ উঠছে, ভোট পরবর্তী অশান্তিতে প্রাণহানি, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ঘরছাড়া হওয়ার মতো একাধিক ঘটনা ঘটেছিল। আর সেই সময় বিষয়টি কলকাতা হাইকোর্টে পৌঁছয়। আদালতের নির্দেশে তদন্ত এবং নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ নেওয়াও হয়। কিন্তু পরবর্তী সময়ে বিচারপতির বেঞ্চ গুরুতর অভিযোগের ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল।

    আরও পড়ুন: জঙ্গল মহলে শক্তিবৃদ্ধি বিজেপির, গেরুয়া শিবিরে যোগ কুড়মিদের প্রধান উপদেষ্টার

    এদিকে মামলাকারীর আইনজীবী বক্তব্য রাখেন, আদালতের তত্ত্বাবধান থাকলে প্রশাসন আরও সক্রিয়ভাবে কাজ করতে পারবে। আর ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবে। তিনি চেয়েছেন, ভোটার আগে যাতে সবকিছু ঝুঁকিপূর্ণভাবে হয় সেই দিকে নজরদারি বাড়ানো। সেই কারণেই হাইকোর্টের কাছে তাঁর এই আবেদন।

  • এদের বাদ দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে! ঘোষণায় বিতর্ক

    এদের বাদ দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে! ঘোষণায় বিতর্ক

    প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমেই এগিয়ে আসছে ২৬ এর বিধানসভা নির্বাচনের সময়। আর তার জন্যই ভোটের প্রচার চালাতে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে বিজেপি। এমতাবস্থায় তৃণমূলের বিরুদ্ধে বড় অভিযোগ তুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। জানা গিয়েছে, যারা বিজেপির পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করবেন, তাদের নাকি যুব সাথী এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা বাতিল করে দেবে বলে হুংকার দিচ্ছে তৃণমূল। এই নিয়ে একটি স্ক্রিনশট করেন সুকান্ত মজুমদার।

    চাঞ্চল্যকর স্ক্রিনশট শেয়ার সুকান্তর

    বিজেপি নেতা তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তাঁর এক্স হ্যান্ডেলে একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিন শট শেয়ার করেছেন। যেখানে গ্রুপের নাম লেখা ২৬৭ নং বুথ তৃণমূল। সেই বার্তায় লেখা রয়েছে যে, “মথুরাপুর সাংগঠনিক জেলায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ সভায় যে সকল গেরুয়া শিবিরের কার্যকর্তারা এবং সমর্থকরা যাবেন, তাঁদের সকলের যুব সাথী এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা বাতিল করে দেওয়া হবে! তাই তৃণমূলের সমস্ত কর্মী সমর্থকদের জানানো হচ্ছে যে আপনারা সকলে সকাল থেকে একটুখানি খবর রাখবেন কারা কারা যায় এবং তার নাম বুথের নেতৃত্বকে জানানোর জন্য বিশেষ ভাবে আহ্বান জানাই।” আর এই বার্তা ছড়িয়ে পড়তেই তুমুল হইচই শুরু হয়ে গিয়েছে। কটাক্ষ করতে ছাড়লেন না সুকান্ত।

    চরম কটাক্ষ তৃণমূলকে

    সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে তৃণমূলকে টার্গেট করে লিখেছেন, “সমাজবিরোধী দুর্বৃত্ত তৃণমূল কংগ্রেস কতটা নীচ এবং ন্যক্কারজনক প্রতিহিংসাপরায়ণ মানসিকতা পোষণ করে, তা স্পষ্ট হয়ে যায় তাদের দলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ দেখলেই!” সঙ্গে তিনি আরও লিখেছেন, “তৃণমূলের এই জঘন্য প্রতিহিংসামূলক মানসিকতা প্রমাণ করে দেয়, গ্রামেগঞ্জে কী ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। গণতান্ত্রিক অধিকারের চর্চাকে রুদ্ধ করতে এ ধরনের হুমকি ও বঞ্চনার রাজনীতি অত্যন্ত উদ্বেগজনক। বাংলার প্রান্তিক খেটে খাওয়া মানুষের উপর এই ন্যক্কারজনক রাজনৈতিক প্রতিহিংসার উপযুক্ত জবাব হবে।” যদিও এই রাজনৈতিক তরজার মাঝে এখনও পর্যন্ত শাসক দলের তরফে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।

    আরও পড়ুন: জঙ্গল মহলে শক্তিবৃদ্ধি বিজেপির, গেরুয়া শিবিরে যোগ কুড়মিদের প্রধান উপদেষ্টার

    প্রসঙ্গত, গতকাল অর্থাৎ রবিবার, পশ্চিম গড়বেতায় বিজেপির পরিবর্তন যাত্রার সভার আয়োজন করা হয়েছিল। আর সেখানেই কুড়মি সমাজ, পশ্চিমবঙ্গের প্রধান উপদেষ্টা তথা শিক্ষক রাজেশ মাহাতো বিজেপিতে যোগদান করেন। শুরু হয় নানা রাজনৈতিক তরজা। রাজনৈতিক মহলের দাবি, রাজেশ মাহাতো দীর্ঘদিন ধরে কুড়মি আন্দোলনের সঙ্গে যুক্ত। আর তাঁর এই যোগদান তাৎপর্যপূর্ণ বলেই দেখছে বিজেপি নেতৃত্ব। কারণ এটি জঙ্গলমহল এলাকায় কুড়মি ভোটব্যাঙ্কে প্রভাব ফেলবে।

  • ইরান-ইজরায়েল যুদ্ধে বাড়তে পারে সোনা ও তেলের দাম

    ইরান-ইজরায়েল যুদ্ধে বাড়তে পারে সোনা ও তেলের দাম

    সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যে ইরান আর ইজরায়েলের সংঘাত (Iran-Israel War) ঘিরে সামরিক উত্তেজনা তীব্র হওয়ার কারণে বিশ্ববাজারে বাড়ছে অস্থিরতা। যুক্তরাষ্ট্র আর ইজরায়েলের যৌথ পদক্ষেপে পরিস্থিতি এখন বদলাতে শুরু করেছে। আর এই প্রেক্ষাপটে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ঝুঁকছে। যার ফলে সোনা এবং কাঁচা তেলের দামে এবার দেখা যাচ্ছে উত্থানের সম্ভাবনা ।

    বাজারে রিস্ক প্রিমিয়াম ঠিক কতটা বাড়তে পারে?

    বেশ কিছু বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে ট্রেডিং পুনরায় শুরু হলে তেল এবং সোনার গ্যাপ-আপ খেলার সম্ভাবনাও রয়েছে। হ্যাঁ, বিশ্বের বৃহত্তর ভোক্তা দেশ আমেরিকা এবং ওপেকের গুরুত্বপূর্ণ উৎপাদক ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার কারণে দামে ভূ-রাজনৈতিক চাপ পড়তে পারে। আর হামলার আগে ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি ৭২.৪৮ ডলার এবং WTI ৬৭.০২ ডলারে বন্ধ হয়েছিল। বিশেষজ্ঞদের অনুমান, সরবরাহের বড় ব্যাঘাতের আশঙ্কা তৈরি হলে ব্রেন্ট ক্রুড প্রায় ৮৫ থেকে ৯৫ ডলার এমনকি তার উপরে চড়তে পারে। আর চরম পরিস্থিতিতে অতিরিক্ত ১৫ থেকে ২০ ডলার পর্যন্ত রিস্ক প্রিমিয়াম যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

    এদিকে তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। আর এখানে যে কোনও রকম বাধা বৈশ্বিক সরবরাহে বিরাট ধাক্কা দিতে পারে বলেই অনুমান। আন্তর্জাতিক সংস্থাগুলির দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন বিপুল পরিমাণ কাঁচাতেল এবং জ্বালানি এই প্রণালী দিয়েই আসে যা বৈশ্বিক তরল জ্বালানি ব্যবহারের সবথেকে বড় অংশ। আর সম্পূর্ণ অবরোধের সম্ভাবনা না থাকলেও আংশিক দামে অনেকটাই উত্থান দেখতে পারে।

    আরও পড়ুন: টানা ৩ মাস বাতিল একাধিক ট্রেন, যাত্রা সংক্ষিপ্ত ৩০ এক্সপ্রেসের! তালিকা দিল রেল

    সোনার ক্ষেত্রে কী হতে পারে?

    অন্যদিকে উত্তেজনার আবহে ঐতিহ্যগতভাবে নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবে চাহিদা পায় সোনা। আর বাজার বন্ধের আগে আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ছিল মোটামুটি ৫২৭৮ ডলার। তবে নতুন সপ্তাহের ট্রেডিং শুরু হলে দামে ৩ থেকে ৬ শতাংশ পর্যন্ত উত্থান দেখা যেতে পারে বলেই অনুমান করা হচ্ছে। এমনকি বিশেষজ্ঞদের মতে, যদি সংঘাত দীর্ঘায়িত হয় বা ইরান কঠোর পাল্টা ব্যবস্থা নেয়, তাহলে সোনা সর্বকালের রেকর্ড দাম ছুঁতে পারে। কিন্তু কূটনৈতিক উদ্বেগের উত্তেজনা কমলে প্রাথমিক উত্থানের পর আবারও মুনাফা বুকিং দেখা যেতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের।

  • ক্রিকেট বোর্ডের নাম থেকে মুছতে হবে ভারত বা ভারতীয় শব্দ, কঠোর পদক্ষেপ কেন্দ্রের

    ক্রিকেট বোর্ডের নাম থেকে মুছতে হবে ভারত বা ভারতীয় শব্দ, কঠোর পদক্ষেপ কেন্দ্রের

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট বোর্ডের নামের সাথে যুক্ত থাকাবে না ভারত বা ভারতীয় শব্দ। হ্যাঁ, এবার দেশের নাম ক্রিকেট বোর্ডের নাম থেকে মুছে ফেলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government On Cricket Board)। জাতীয় ক্রীড়া সংস্থা দ্বারা স্বীকৃত না হওয়ায় ভারত বা ভারতীয় শব্দ ব্যবহার না করার বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বিশেষভাবে সক্ষম ভারতীয় ক্রিকেট সংসদ বা ডিসিসিআইকে।

    বিশেষভাবে সক্ষম ভারতীয় ক্রিকেট সংসদ সহ 3 সংগঠনকে চিঠি কেন্দ্রের

    একাধিক রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে একটি চিঠি গিয়েছে বিশেষভাবে সক্ষম ভারতীয় ক্রিকেট সংসদের সচিব রবি কান্ত চৌহানের কাছে। সেই চিঠিতে কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সরকার স্বীকৃত ক্রীড়া সংগঠনই পারে নিজেদের নামের সাথে ভারত শব্দটি ব্যবহার করতে। এছাড়া অন্য কোনও সংস্থা এই কাজ করতে পারবে না। করে থাকলে দ্রুত নিজেদের নাম থেকে ভারত বা ভারতীয় শব্দটি বাদ দিতে হবে।

    সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার ওই চিঠিতে স্পষ্ট করেছে, ভারত বা ভারতীয় শব্দ নিজেদের সংগঠনের নামের সাথে ব্যবহার করছিল কয়েকটি সংস্থা। যে বিষয়টা নজরে এসেছে সম্প্রতি। তাই দ্রুত সংগঠনগুলিকে নিজেদের নাম থেকে ভারত বা ভারতীয় শব্দ মুছে ফেলতে হবে। শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের তরফে ভারতীয় মহিলা ফুটবল সংস্থা এবং ভারতীয় বডি বিল্ডার্স সংস্থাকেও একই চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে ভারত এবং ভারতীয় নাম নিজেদের নাম থেকে সরিয়ে দেওয়ার কথা জানানোর পাশাপাশি নির্দেশ না মানলে কঠোর শাস্তির বিষয়টিও মনে করিয়ে দেয় কেন্দ্র।

     

    অবশ্যই পড়ুন: মার্চে টানা বন্ধ থাকবে স্কুল, দেখে নিন শিক্ষা পর্ষদের ছুটির তালিকা

    প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে চিঠি পেতেই ডিসিসিআই সচিব রবি কান্তের কাতর আবেদন, দয়া করে কেন্দ্রীয় সরকার যেন তাঁদের সংস্থাকে স্বীকৃতি দেয়। তাঁর বক্তব্য, এই স্বীকৃতি তাঁদের সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ বিশেষভাবে সক্ষমদের ক্রিকেট তাঁরাই চালায়। তাঁরাই বিশ্বকাপ থেকে শুরু করে এশিয়া কাপ এমনকি দ্বিপাক্ষিক সিরিজ সহ জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। বলে রাখি, উল্লেখিত তিন সংস্থা ছাড়াও ভারতে ক্রিকেটের নিয়ামক সংস্থা অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড বা BCCI-ও জাতীয় ক্রীড়া সংস্থার স্বীকৃত সংস্থা নয়। কিন্তু তাও এই সংস্থাকে চিঠি দেয়নি কেন্দ্র।

  • জঙ্গল মহলে শক্তিবৃদ্ধি বিজেপির, গেরুয়া শিবিরে যোগ কুড়মিদের প্রধান উপদেষ্টার

    জঙ্গল মহলে শক্তিবৃদ্ধি বিজেপির, গেরুয়া শিবিরে যোগ কুড়মিদের প্রধান উপদেষ্টার

    প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি, এরপরেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন। চারিদিকে শুরু হয়ে গিয়েছে বিজেপির প্রচার ব্যবস্থা। এদিকে বিধানসভা ভোটের প্রাক্কালে লড়াই জমজমাট জঙ্গলমহলে। কুড়মি সমাজে রাজনৈতিক দ্বন্দ্ব প্রকট। এমতাবস্থায় কুড়মি সমাজ, পশ্চিমবঙ্গের প্রধান উপদেষ্টা তথা শিক্ষক রাজেশ মাহাতো (Rajesh Mahato) বিজেপিতে যোগদান করেছেন। আর তাতেই সরগরম রাজ্য রাজনীতি। প্রার্থী করতেই নয়া পরিকল্পনার চাল বিজেপির।

    বিজেপিতে যোগদান করলেন রাজেশ মাহাতো

    রিপোর্ট মোতাবেক, রবিবার, বিজেপিতে যোগ দিলেন ঝাড়গ্রামের কুড়মি আন্দোলনের নেতা ও কুড়মি সংগঠনের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো। এদিন বিকেলে পশ্চিম গড়বেতায় বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার সভায় রাজেশের হাতে দলীয় পতাকা তুলে দেন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সভাপতি তুফান মাহাতো সহ অন্যান্য কার্যকর্তারা। গেরুয়া শিবিরের দাবি, কুড়মি আন্দোলনের নেতা রাজেশ মাহাতো সহ কুড়মি সমাজের অনেকে বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি বিজেপিতে যোগ দিয়েছি এবং দাবিপত্র জমা দিয়েছি। আশা করি দাবি পূরণ হবে।’ এছাড়াও এদিন বিজেপিতে যোগ দিয়েছেন সিপিএমের আরেক নেতা সুদর্শন লোহার।

    দলে যোগ দিয়েই প্রার্থী রাজেশ!

    বিজেপিতে কুড়মি সমাজের নেতা রাজেশ মাহাতো যোগদানের পরেই জল্পনা বাড়ছে তিনি নাকি এবার বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষিত হবেন। জঙ্গলমহলের বিভিন্ন কুড়মি সংগঠন সূত্রে জানা গিয়েছে, সম্ভবত ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে ওই শিক্ষক রাজেশ মাহাতো বিজেপির প্রার্থী হবেন। তিনি আগে আদিবাসী কুড়মি সমাজে ছিলেন। সেখান থেকে বার হয়ে কুড়মি সমাজ, পশ্চিমবঙ্গ গঠন করেন। এই গোপীল্লভপুর বিধানসভায় প্রায় ৩৫ শতাংশ কুড়মি জনজাতির বসবাস। আর সেই ভোট টানতেই বিজেপি এই পরিকল্পনা করতে চলেছে। একইভাবে পুরুলিয়ার জয়পুর থেকেও এক কুড়মি আন্দোলনকারীকে বঙ্গ বিজেপি প্রার্থী করার চেষ্টা করছে বলে খবর। যদিও দলের তরফে এখনো কোনো কিছুই জানানো হয়নি।

    আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ডুবল ৬ লক্ষ কোটি! বিরাট ধাক্কা ভারতের শেয়ারবাজারে

    বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি শংকর মাহাতো বলেন, “কে কোন আসনে প্রার্থী হবেন, সেটি দলের উচ্চ নেতৃত্বের বিষয়।” এদিকে আদিবাসী কুড়মি সমাজের ঘোষিত কর্মসূচিতে সাড়া দিয়ে কুড়মি আন্দোলনকারীরা জঙ্গলমহলে বিজেপির কায়দাতেই ‘জয় গরাম’ রথ বার করছেন। সেখানে ঝুমুর গানের মধ্য দিয়ে ‘নো ভোট টু টিএমসি’ প্রচার চালাতে সমাজমাধ্যমে একটি গানের ট্রেলার প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, “ছোটনাগপুর কুড়মি দেশে আমরা ফুল ফুটালি মরা ঘাসে/ঘাসের বাড় দেখে দাদা মাথা ঘুরায় যাছে। এবার ঘাসফুল উজড়াবো দাদা হামদের কুড়মি দেশে।”

  • ভারতের কাছে হার, বিশ্বকাপ থেকে বাদ পড়ায় পাক প্লেয়ারদের কঠিন শাস্তি দিল PCB!

    ভারতের কাছে হার, বিশ্বকাপ থেকে বাদ পড়ায় পাক প্লেয়ারদের কঠিন শাস্তি দিল PCB!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়া কাপের মতো অবস্থা পাকিস্তানের। সেই আসরে ভারতের কাছে বারবার ঘাড় ধাক্কা খেয়েছিল পশ্চিমের দেশ (Pakistan National Cricket Team)। এ বছরের বিশ্বকাপেও পাকিস্তানকে লেজে গোবরে করতে একটুও পিছুপা হয়নি টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে ভারতের কাছে নাকের জলে চোখের জলে হওয়ার পর সেমিফাইনালে ওঠার আগেই বিদায় নিতে হয়েছে পাক বাহিনীকে। আর সেই ব্যর্থতার শাস্তি পেলেন পাকিস্তানের খেলোয়াড়রা। পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বলছে, বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় এবার পাকিস্তানের প্লেয়ারদের কাছ থেকে 50 লাখ টাকা করে জরিমানা আদায় করেছে PCB।

    পাক প্লেয়ারদের পকেট কাটছে পিসিবি!

    পাক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপে ভাল খেলতে না পারায় পাকিস্তান দলের প্রত্যেক ক্রিকেটারের কাছ থেকে 50 লাখ টাকা করে জরিমানা আদায় করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ওই রিপোর্ট বলছে, গত 15 ফেব্রুয়ারি ভারতের কাছে হারার পরই পাকিস্তানের প্লেয়ারদের নিয়ে এমন সিদ্ধান্ত জানায় পাকিস্তান বোর্ড। সূত্রের খবর, প্রথমদিকে এমন সিদ্ধান্ত প্লেয়ারদের জানানো হয়নি তার কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড দেখতে চাইছিল প্লেয়াররা সেমিফাইনালে নিজেদের জায়গা সুনিশ্চিত করতে পারে কিনা। শেষ পর্যন্ত সেই আশা পূরণ না হওয়ায় এবার শাস্তির মুখে পড়েছেন সলমান আলি আঘারা।

    আরও কঠিন শাস্তির মুখে পড়তে পারেন প্লেয়াররা!

    চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের পারফরমেন্স নিয়ে একেবারেই খুশি নয় সে দেশের ক্রিকেট বোর্ড। প্রতিপক্ষ দলের সামনে বা প্লেয়ারদের করুণ দশা বারবার চিন্তার কারণ হয়েছে মহসিন নকভিদের। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিশ্বকাপে গোটা দলের চরম ব্যর্থতার জন্য অধিনায়ক আঘার অধিনায়কত্বকেও দায়ী করা হয়েছে। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় আর্থিক জরিমানার পর এবার কি আরও কঠোর শাস্তির মুখে পড়তে পারেন পাকিস্তানের প্লেয়াররা? বেশ কয়েকটি সূত্র এও বলছে, বিশ্বকাপে হারার কারণে টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সাময়িক বা চিরকালের জন্য বাদ দেওয়া হতে পারে সলমানকে।

    অবশ্যই পড়ুন: খামেনির উত্তরসূরী হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু আরাফির! দাবি রিপোর্টে

    উল্লেখ্য, সদ্য শেষ হওয়া সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও পরবর্তী দু’ম্যাচের দুটিতেই জিতে ইতিমধ্যেই সেমিফাইনালে টিকিট হাতে পেয়েছে টিম ইন্ডিয়া। গ্রুপ 1 এর রানার্স আপ দল হওয়ায় আগামী 5 মার্চ সন্ধ্যা সাতটায় গ্রুপ 2 এর চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এক কথায়, খারাপ ক্রিকেট নিয়ে বিশ্বকাপ থেকে পাকিস্তান বাদ গেলেও ধীরে ধীরে ফাইনালের দিকে এগোচ্ছে মেন ইন ব্লু।

  • টানা ৩ মাস বাতিল একাধিক ট্রেন, যাত্রা সংক্ষিপ্ত ৩০ এক্সপ্রেসের! তালিকা দিল রেল

    টানা ৩ মাস বাতিল একাধিক ট্রেন, যাত্রা সংক্ষিপ্ত ৩০ এক্সপ্রেসের! তালিকা দিল রেল

    সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি ছুটিতে পুরী যাওয়ার প্ল্যান করছেন? তাহলে ট্রেনের টিকিট কাটার আগে সাবধান। এর কারণ এবার এক ধাক্কায় কয়েক গুচ্ছ পুরীগামী ট্রেন (Train Cancelled) বাতিল করল রেল। বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি। পুরীর সমুদ্র আলাদাই। সেইসঙ্গে এখানে রয়েছে বিশ্ববিখ্যাত জগন্নাথ দেবের মন্দির। শীত, গ্রীষ্ম, বর্ষা, বছরের যে কোনও সময়ে পর্যটকদের ভিড়ে থিকথিক করে এই পুরী। পুরীগামী ট্রেনের টিকিটও খুব একটা সহজে পাওয়া যায় না। এই রুটের টিকিট পাওয়া ভাগ্যের বিষয়। তবে জানলে অবাক হবেন, এবার আগামী ৩ মাসের জন্য পুরীগামী কয়েক গুচ্ছ ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

    ৩ মাস বাতিল থাকবে পুরীগামী বহু ট্রেন

    শীত অতীত, এখন ধীরে ধীরে গরম হচ্ছে দেশের অধিকাংশ জায়গার আবহাওয়া। আর গরম মানেই গরমের ছুটি পড়তেও বেশি বাকি নেই। এপ্রিল এবং মে মাসকে সাধারণত ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয়। এই সময়ে কেউ আছেন গরম থেকে বাঁচতে পাহাড়ে যান তো কেউ কেউ আবার সমুদ্রে যান। আর সমুদ্র মানেই হল কাছেপিঠে এবং বাজেটের মধ্যে দিঘা কিংবা পুরী। তবে এবারে পুরী যাওয়া আদৌ আর হবে কিনা সেই নিয়ে অনেকের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। এর কারণ ট্রেন বাতিল। ইস্ট-কোস্ট রেল (East Coast Railway) একটি বি়জ্ঞপ্তি জারি করেছে। সেটা অনুযায়ী, আগামী তিন মাস বিভিন্ন দিনে খুড়দা রোড ডিভিশনে (Khurda Road Division) বাতিল থাকবে পুরীগামী ৬টি ট্রেন। এরই সঙ্গে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৩০টি এক্সপ্রেস ট্রেনের। পুরী স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর ৭ এবং ৮-এ কাজ চলছে। যে কারণে কিছু ট্রেন বাতিল করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

    আরও পড়ুনঃ মার্চে টানা বন্ধ থাকবে স্কুল, দেখে নিন শিক্ষা পর্ষদের ছুটির তালিকা

    এক নজরে বাতিল ট্রেনগুলির তালিকা

    ১) ৬৮৪০৯ খুড়দা রোড-পুরী মেমু- ১৫ থেকে ৩১ মার্চ, ১ থেকে ৩০ এপ্রিল, ১ থেকে ১৫ মে।
    ২) ০৮০১২ পুরী-ভঞ্জপুর স্পেশাল- ১৫, ২০, ২২, ২৭, ২৯ মার্চ, ৩, ৫, ১০, ১২, ১৭, ১৯, ২৪, ২৬ এপ্রিল, ১, ৩, ৮, ১০ ও ১৫ মে।
    ৩) ০৮০১১ ভঞ্জপুর-পুরী স্পেশাল- ১৪, ১৯, ২১, ২৬ ও ২৮ মার্চ, ২, ৪, ৯, ১১, ১৬, ১৮, ২৩, ২৫ ও ৩০ এপ্রিল, ২, ৭, ৯, ১৪, ১৬ মে।
    ৪) ৬৮৪১০ পুরী-খুড়দা রোড মেমু- মার্চ, এপ্রিল ও মে মাসে বাতিল।
    ৫) ০২৮৪০ পুরী-শালিমার স্পেশাল- ১৬, ২৩ ও ৩০ মার্চ, ৬, ১৩, ২০ ও ২৭ এপ্রিল, ৪ ও ১১ মে।
    ৬) ০২৮৩৯ শালিমার-পুরী স্পেশাল- ১৫, ২২ ও ২৯ মার্চ, ৫, ১২, ১৯ ও ২৬ এপ্রিল, ৩ ও ১০ মে।

    কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে?

    এর পাশাপাশি পুরীগামী মোট ৩০টি দূরপাল্লা ট্রেন, দুরন্ত এক্সপ্রেস এবং মেমু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে রেলের তরফে। তালিকা অনুসারে, ট্রেন নম্বর ১২১৪৫/১২১৪৬ লোকমান্য তিলক-পুরী এক্সপ্রেস, ট্রেন নম্বর ২২২০১-২২২০২ শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে।

  • খামেনির উত্তরসূরী হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু আরাফির! দাবি রিপোর্টে

    খামেনির উত্তরসূরী হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু আরাফির! দাবি রিপোর্টে

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় প্রাণ গিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির। সেই খবর নিজেই জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের সুপ্রিম লিডারের মৃত্যুতে শোকে ভেসেছিলেন ইরানের বাসিন্দারা। খামেনির যোগ্য মুখ খুঁজতে একেবারে হিমশিম খেতে হচ্ছিল মধ্যপ্রাচ্যের দেশটিকে। তার মধ্যেও ইরানের ভবিষ্যৎ মুখ হিসেবে উঠে এসেছিল বেশ কয়েকজনের নাম। সেই তালিকায় ছিলেন খামেনি ঘনিষ্ঠ ধর্মগুরু আলিরেজা আরাফি (Alireza Arafi Death)। তাঁকেই বসানো হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতার আসনে। এবার শোনা যাচ্ছে, এক বিমান হামলায় নিহত হয়েছেন তিনিও।

    খামেনির উত্তরসূরিকেও মারল আমেরিকা?

    গত শনিবার, ইরানে ভয়াবহ হামলা চালিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে সেই দায় নেয় আমেরিকা। প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যের দেশটি এমন দাবি অস্বীকার করলেও পরবর্তীতে জানা যায় আদতেই মৃত্যু হয়েছে খামেনির। এরপরই তাঁর যোগ্য উত্তরসূরি খোঁজার কাজ শুরু হয়। সেই সূত্রেই উঠে আসে প্রতিষ্ঠিত আলেম আরাফির নাম। শোনা যাচ্ছিল, তাঁকেও নাকি খামেনির উত্তরসূরি হিসেবে জায়গা দিয়েছিল ইরানের নেতৃত্ব। তবে একাধিক রিপোর্ট অনুযায়ী, 2 মার্চ এক বিমান হামলায় মৃত্যু হয়েছে সেই আরাফিরও।

    এক্স হ্যান্ডেলে ভেসে আসা একের পর এক রিপোর্ট দাবি করছে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর পর তাঁর যোগ্য উত্তরসূরী হিসেবে 67 বছরের আরাফিকে বসানোর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে ছক মারা হয়েছে। যদিও প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত তাঁর মৃত্যুর দায়ভার নেয়নি ইজরায়েল বা আমেরিকা। ফলে কীভাবে আরাফির মৃত্যু হল তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

     

    অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপের সেমিতে কবে, কখন, কাদের বিরুদ্ধে খেলবে ভারত? দেখে নিন

    উল্লেখ্য, তুলনামূলকভাবে কম পরিচিত হলেও ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির অত্যন্ত কাছের লোক ছিলেন আরাফি। মৃত্যুর আগে পর্যন্ত আরাফি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ছিলেন। তাছাড়াও ইরান সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করার গাঢ় অভিজ্ঞতা ছিল তাঁর।

  • মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ডুবল ৬ লক্ষ কোটি! বিরাট ধাক্কা ভারতের শেয়ারবাজারে

    মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ডুবল ৬ লক্ষ কোটি! বিরাট ধাক্কা ভারতের শেয়ারবাজারে

    সৌভিক মুখার্জী, কলকাতা: যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। ইরান-ইজরায়েল সংঘাতের মধ্যেই দেশের শেয়ারবাজার (Stock Market) বিরাট ধাক্কা খেল। হ্যাঁ, সপ্তাহের শুরুতেই কপাল পুড়ল ভারতীয় বিনিয়োগকারীদের। সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই একেবারে লাল রঙে ঢেকে দিয়েছে দালাল স্ট্রিট। সূচকের তীব্র পতনে বিনিয়োগকারীরা যে বিপুল ক্ষতির মুখে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। কোন সূচক কতটা পড়ল? জানুন বিস্তারিত।

    শেয়ার সূচকে বিরাট পতন

    সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনেই NIFTY 50 প্রায় 519 পয়েন্ট পরে 24,659 পয়েন্টে খুলেছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে BSE Sensex বাজার খোলার সময় দাঁড়িয়েছিল 78,512 পয়েন্টে, যা আগের দিনের তুলনায় 2,775 পয়েন্ট তলানিতে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব সরাসরি পড়েছে দেশীয় বাজারে। আর বিদেশী বিনিয়োগকারীদের বিক্রি এবং সতর্ক মনোভাবের জেরে বাজারে চাপ অনেকটাই পড়ছে।

    এদিকে সূচকের পতনের সঙ্গে সঙ্গে বাজার মূলধনেও লেগেছে বিরাট ধাক্কা। শুক্রবার বোম্বে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত সংস্থাগুলোর মোট বাজার মূলধন যেখানে ছিল 463.50 লক্ষ কোটি টাকা, সোমবার বাজার খোলার পর তা নেমে আসে মাত্র 447.50 লক্ষ কোটি টাকায়। অর্থাৎ একদিনের মধ্যেই 6 লক্ষ কোটি টাকা সম্পদ গায়েব হয়ে যায়। আর ক্ষতির মুখে পড়েছেন লক্ষ লক্ষ ক্ষুদ্র এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী।

    কেন নামল ধস?

    আসলে বিশ্ববাজারে এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিনিয়োগকারীরা তাই আগেভাগেই নিজেদের মূল্যায়ন গুটিয়ে নিচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে সম্ভাব্য উত্তেজনা তেলের সরবরাহে বিরাট প্রভাব ফেলতে পারে এই আশঙ্কায় বিশ্ববাজারে চলছে ডামাডোল। কিন্তু ইরানের তরফ থেকে জানানো হয়েছে, তারা আপাতত হরমুজ প্রণালী অবরোধের পথে হাঁটবে না। আর আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাইছে। কিন্তু পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখনও ভেবে কূলকিনারা পাচ্ছে না সাধারণ বিনিয়োগকারীরা।

    আরও পড়ুন: রাওয়ালপিণ্ডির নূর খান বিমান ঘাঁটিতে হামলা আফগানিস্তানের! খতম ৩৫ পাকিস্তানি সেনা

    বলে রাখি, সোমবার NIFTY 50 এর একাধিক ভারী শেয়ারে লেগেছে বিরাট ধাক্কা। তালিকায় রয়েছে Larsen & Toubro (L&T), InterGlobe Aviation (IndiGo), Asian Paints, Adani Enterprises, Adani Ports & SEZ এর মতো সব নামিদামি শেয়ার। তবে হ্যাঁ, তীব্র পতনের মধ্যেও কয়েকটি শেয়ার সবুজ সংকেত দিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল Bharat Electronics Limited (BEL), Hindalco Industries, Tata Steel। অর্থাৎ, ডিফেন্স এবং ধাতুখাতে কেনাকাটার ক্ষেত্রে বিনিয়োগকারীরা লাভের মুখ দেখেছে।