Blog

  • কলকাতা, শিয়ালদা, আসানসোল থেকে একাধিক ট্রেন ঘোষণা পূর্ব রেলের! জেনে নিন রুট

    কলকাতা, শিয়ালদা, আসানসোল থেকে একাধিক ট্রেন ঘোষণা পূর্ব রেলের! জেনে নিন রুট

    সহেলি মিত্র, কলকাতাঃ দোলে কি আপনিও ট্রেনে করে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? অথচ ট্রেনের টিকিট পাচ্ছেন না? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। দোল যাত্রা এবং হোলির ভিড় সামাল দিতে এবার রেলওয়ে ২৭৬টি বিশেষ ট্রেনের (Holi Special Train) ঘোষণা করেছে। যার মধ্যে শিয়ালদহ, হাওড়া, কলকাতা এবং আসানসোল থেকে দিল্লি, প্রয়াগরাজ, জয়পুর এবং বিশাখাপত্তনমের জন্য একাধিক ট্রেন রয়েছে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

    হোলি স্পেশাল ২৭৬টি ট্রেন চালাবে পূর্ব রেল

    রেল কর্তাদের মতে, পূর্ব রেল ৬৬টি বিশেষ ট্রেন, অন্যান্য জোনাল রেলওয়ের ১১৬ জোড়া বিশেষ ট্রেন চালাবে। সেইসঙ্গে আরও ৯৪টি ট্রেন পরিষেবা মিলবে বলে খবর। শিয়ালদহের অধীনে ছয়টি, হাওড়ার অধীনে পাঁচটি এবং মালদা ও আসানসোলের অধীনে দুটি করে সহ বিভাগ জুড়ে ১৫টি হোলি স্পেশাল ট্রেন চালানো হবে। পরিষেবাগুলি হাওড়া-রাক্সৌল, শিয়ালদহ-মধুবনি, শিয়ালদহ-গোরখপুর, আসানসোল-গোরখপুর, ডানকুনি-আনন্দ বিহার, মালদা টাউন-আনন্দ বিহার, কলকাতা-নিউ জলপাইগুড়ি এবং ডানকুনি-পাটনার মতো রুটগুলিকে সংযুক্ত করবে।

    এক নজরে কিছু বিশেষ ট্রেনগুলির তালিকা

    ১) রেল জানিয়েছে, ট্রেন নম্বর ০৩১১৫ কলকাতা – জয়পুর একমুখী অসংরক্ষিত হোলি স্পেশাল ট্রেনটি আজ ২ মার্চ কলকাতা থেকে ছেড়ে যাবে ২৩:৫৫ মিনিটে। এরপর ট্রেনটি ৪ মার্চ জয়পুরে পৌঁছাবে সকাল ১১:৫০ মিনিটে। যাত্রাপথে ট্রেনটি আসানসোল বিভাগের দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে থামবে।

    আরও পড়ুনঃ যুবসাথী নিয়ে বিরাট পদক্ষেপ নবান্নর, চিন্তার দিন শেষ আবেদনকারীদের

    ২) ট্রেন নম্বর ০৩৫৩৫ আসানসোল – জয়পুর অসংরক্ষিত হোলি স্পেশাল ট্রেনটি ৩ মার্চ দুপুর ১২:৩০ মিনিটে আসানসোল থেকে ছেড়ে ৫ মার্চ রাত ১:০০ মিনিটে রাজস্থানের জয়পুর পৌঁছাবে। যাত্রাপথে ট্রেনটি চিত্তরঞ্জন, জামতারা, মধুপুর এবং জাসিডিহর মতো গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে।

    ৩) ট্রেন নম্বর ০৩১১১ শিয়ালদহ – দিল্লি অসংরক্ষিত হোলি স্পেশাল ১ মার্চ শিয়ালদহ থেকে বিকেল ৩:৩০ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ৭টায় দিল্লি পৌঁছাবে। রেল সূত্রে খবর, যাত্রাপথে ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, সাঁইথিয়া, রামপুরহাট, বারহারওয়া, সাহেবগঞ্জ, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ এবং মুঙ্গের স্টেশনে থামবে।

  • সেমিতে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে ফাইনালে উঠবে কে? জেনে নিন

    সেমিতে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে ফাইনালে উঠবে কে? জেনে নিন

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: সেমিফাইনালে মাঠে না নেমেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে পারে ভারত (India Vs England)! এমন প্রসঙ্গই উঠছে নানা মহলে। রবিবার, শহরে ক্রিকেটের প্রাণকেন্দ্র ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ দলকে একেবারে ধবল ধোলাই করেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচের পর সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এখন প্রশ্ন, ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে যদি বৃষ্টি নামে সেক্ষেত্রে ফাইনালে উঠবে কোন দল?

    ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে বৃষ্টি হলে কী হবে?

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 5 মার্চ, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একে অপরের মুখ দেখবে ভারত এবং ইংল্যান্ড। এই ম্যাচে যেই দল জিতবে তারাই পৌঁছবে এবারের বিশ্বকাপের মহামঞ্চ অর্থাৎ ফাইনালে। আর এখানেই প্রশ্ন উঠছে, ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কোন দল পৌঁছবে ফাইনালে?

    প্রথমত বলে রাখি, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল অর্থাৎ শেষ চারে যদি কোনও ম্যাচ বৃষ্টির কারণে পুরোপুরি ভেস্তে যায় সেক্ষেত্রে রিজার্ভ ডের ব্যবস্থা রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বিশ্ব ক্রিকেট সংস্থার নিয়ম অনুযায়ী, নির্ধারিত তারিখের ম্যাচ ভেস্তে গেলে সেই ম্যাচ গড়াবে পরের দিন। অর্থাৎ ভারত বনাম ইংল্যান্ডের 5 মার্চের ম্যাচটি যদি বৃষ্টির কারণে পুরোপুরি ভেস্তে যায় সে ক্ষেত্রে তা অনুষ্ঠিত হবে পরের দিন অর্থাৎ 6 মার্চ। এদিনের ম্যাচে অন্তত 10 ওভার খেলানোর চেষ্টা করবেন আম্পায়ার। তবে এদিনও যদি বৃষ্টির কারণে গোটা ম্যাচ বাতিল হয়ে যায় সে ক্ষেত্রে কোন দল ফাইনালে উঠবে?

    অবশ্যই পড়ুন: যুবসাথী নিয়ে বিরাট পদক্ষেপ নবান্নর, চিন্তার দিন শেষ আবেদনকারীদের

    সেমিফাইনালে রিজার্ভ ডেতেও যদি বৃষ্টি হয় এবং ম্যাচ বাতিল হয়ে যায় সে ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল স্ট্যান্ডিংস রুল বাস্তবায়ন করবে। তাতে যদি বৃষ্টির কারণে পুরোপুরি ম্যাচটি ভেস্তে যায় তবে সুপার এইট এর গ্রুপ পর্বে শীর্ষে থাকা দলটিকে তুলে দেওয়া হবে ফাইনালে। আর সেটাই ভারতের জন্য দুঃখের হবে। এর প্রধান কারণ সুপার এইট পর্বের গ্রুপ 2 এর শীর্ষে রয়েছে ইংল্যান্ড। অন্যদিকে গ্রুপ 1 এর দ্বিতীয় অর্থাৎ রানার্স অফ দল ভারত। ফলে রিজার্ভ ডে তেও যদি বৃষ্টি হয় এবং তাতে ম্যাচ বাতিল হয়ে গেলে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে ইংল্যান্ড। অন্যদিকে ম্যাচ না খেলেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে ভারত।

  • “১ ভোট হলেও ভবানীপুর থেকে আমিই জিতব!” হুঙ্কার মমতার

    “১ ভোট হলেও ভবানীপুর থেকে আমিই জিতব!” হুঙ্কার মমতার

    সৌভিক মুখার্জী, ভবানীপুর: সামনেই বিধানসভা নির্বাচন। তবে তার আগেই উত্তপ্ত রাজ্যের রাজনীতি। সেই আবহে আজ বড়সড় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রতি এসআইআর তালিকা প্রকাশের পর ভবানীপুর কেন্দ্র থেকে প্রায় ৪৭ হাজারের নাম বাদ পড়েছে। এমনকি আরও ১৪ হাজারের বেশি নাম অমীমাংসিত তালিকায় রয়েছে। আর তা নিয়েই এবার বিজেপি হংকার ছেড়েছে যে, এই কেন্দ্রে তারা জিতবে। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, “বারবার আমি লড়াই করেছি এবং আমিই এখানে জিতব।”

    এসআইআর-এ বাদ ৪৭ হাজারে বেশি নাম

    জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভবানীপুরের বিধায়ক। তবে এতদিন পর্যন্ত এই কেন্দ্রে কতজনের নাম বাদ পড়বে তা নিয়ে চলছিল জল্পনা। তবে তালিকা প্রকাশের পর দেখা যায় যে, সেখানে ৪৭ হাজারের বেশি নাম বাদ পড়েছে। এমনকি আরও ১৪ হাজারের বেশি নাম অমীমাংসিত তালিকায় পড়ে রয়েছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ২৯৫। তাছাড়াও ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর দেখা গিয়েছিল ৪৪ হাজার ৭৮৬ জনের নাম সেখান থেকে বাদ পড়েছে। আর এবার আরও ৩২৪ জনের নাম যুক্ত হল। অনুমান করা হচ্ছে, নথি যাচাইয়ের আরও নাম বাদ পড়বে। সেই কারণেই সুর চড়িয়েছিল রাজ্যের বিরোধী দল।

    নির্বাচনের আগেই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা ভবানীপুরে এসে একাধিকবার দাবি করেছেন যে, এবার বিজেপিই এই আসনে জিতবে। আর শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন যে, “উনি জানেন কাদের ভোট জিতেছিলেন। ওটা বিজেপির জায়গা। আর আমি চ্যালেঞ্জ করছি, আপনি দাঁড়ান। বাকিটা নিজেই বুঝে নেবেন।” কিন্তু এই বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে ভোটের উপর কী প্রভাব পড়বে তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন।

    আরও পড়ুন: ‘ভাইপো শাসন চলবে না’— মথুরাপুরে বিজেপির পরিবর্তন যাত্রায় তৃণমূলকে নিশানা অমিতের

    “আমিই জিতব ভবানীপুরে”—মমতা

    এদিকে আজ সভা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে, “এক ভোট হলেও ভবানীপুর থেকে আমি জিতব। বারবার আমি নিজে এখান থেকে লড়াই করেছি। আর আমাকে নৈতিকভাবেই সবাইকে সমর্থন করুন। এখানে কোনও ভাবেই বিজেপিকে আসতে দেবো না।” এমনকি তিনি এদিন আরও জানিয়েছেন, “বাংলার ১ কোটির ২০ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চলেছে কমিশন। বৈধ ভোটারদের নাম বাদ পড়েছে। সমস্ত তথ্য দেওয়ার পরেও নাম কেটেছে নির্বাচন কমিশন। ভেরিফিকেশন ছাড়াই বাদ গেছে ৫৮ লক্ষের নাম। সব দোষই বিজেপির।”

  • ‘পরিবর্তন যাত্রা’র মঞ্চে বড় চমক! সাংবাদিকতা ছেড়ে বিজেপিতে সন্তু পান

    ‘পরিবর্তন যাত্রা’র মঞ্চে বড় চমক! সাংবাদিকতা ছেড়ে বিজেপিতে সন্তু পান

    প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে একের পর এক চমক দেখছে রাজ্যবাসী। কোথাও নির্বাচনের প্রাক্কালে বিজেপির মন্ত্রী সবুজ পতাকা ধরছে তো কোথাও আবার তৃণমূল ছেড়ে অনেক মন্ত্রী বিজেপিতে যোগ দিচ্ছে, সব মিলিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত। এমতাবস্থায় ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে বিজেপি। আজও দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে আয়োজিত হয়েছে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র কর্মসূচি। উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক বিজেপি নেতা। আর এই কর্মসূচির মাঝেই সাংবাদিকতা ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন সন্তু পান (Santu Pan Joins BJP)।

    বিজেপিতে যোগ সন্তু পানের

    রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ সোমবার, মথুরাপুরের বাপুলিবাজার সংলগ্ন ভগবতীপুর মাঠে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনায় যখন অমিত শাহ সহ একাধিক নেতা একের পর বক্তব্য পেশ করছিলেন আর সেই সময় এক বড় চমক দেখা গেল অনুষ্ঠানের মঞ্চে। রিপাবলিক বাংলার জনপ্রিয় সাংবাদিক সন্তু পান এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে যোগ দিলেন বিজেপি শিবিরে। তুলে নিলেন ভারতীয় জনতা পার্টির পতাকা। ইতিমধ্যে সেই ছবি বেশ ভাইরাল। যদিও সাংবাদিক সন্তু পান এদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় সেই খবর প্রকাশ্যে এনেছেন। তিনি লিখেছেন, “প্রত্যেকটা জার্নি শেষ হয় নতুন উদ্যমে নতুন জার্নির প্রস্তুতি হিসেবে৷ রিপাবলিক বাংলা ছাড়লাম। এবার মথুরার ছেলেটি পথ নির্দেশ দেবেন। নতুন কর্মের দিশা দেবেন।”

    শক্তিপ্রদর্শন করে চলেছে বিজেপি

    উল্লেখ্য, রেশন দুর্নীতির তদন্তে ইডি যখন সন্দেশখালিতে পা রেখেছিল, সেদিনই রিপোর্টিং করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন সন্তু পান। খবরের শিরোনামে উঠে এসেছিল সেই তথ্য। পরে তাঁকেই গ্রেফতার করেছিল পুলিশ। আর সেই নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছিল সাংবাদিকদের তরফে। এমনকি রাজ্য প্রশাসনের সাংবাদিকের গ্রেফতারিরও প্রতিবাদ জানিয়েছেন সন্দেশখালির বাসিন্দারা। আর এবার সেই সাংবাদিকই যোগ দিলেন বিজেপিতে। কিছুদিন আগেই জলপাইগুড়ি উত্তরবঙ্গের অ্যাথলিট কন্যা স্বপ্না বর্মন যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে, এছাড়াও কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, যা নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক চর্চা।

    আরও পড়ুন: ‘ভাইপো শাসন চলবে না’— মথুরাপুরে বিজেপির পরিবর্তন যাত্রায় তৃণমূলকে নিশানা অমিতের

    প্রসঙ্গত, সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন। তাই তার আগে নেতাকর্মীদের চাঙ্গা করতে রাজ্যজুড়ে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে বিজেপিতে। যেখানে একাধিক কেন্দ্রের নেতা-মন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। সেই সভাতে যোগ দিতেই এদিন মথুরাপুর আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেখান থেকে শিক্ষক দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ শানাচ্ছেন তিনি। এখন দেখার বিধানসভা নির্বাচনের ময়দানে কোন দল এগিয়ে থাকে।

  • যুবসাথী নিয়ে হেল্পডেস্ক খুলল নবান্ন

    যুবসাথী নিয়ে হেল্পডেস্ক খুলল নবান্ন

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যজুড়ে শেষ হয়েছে যুবসাথী প্রকল্পের (Yuva Sathi Scheme) আবেদন প্রক্রিয়া। কিন্তু তা হলেও পশ্চিমবঙ্গ সরকারের এই বিশেষ প্রকল্প নিয়ে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আবেদনকারীদের মনে। আবেদন করার পরও বেশ কিছু সংশয় নিয়েই দিন কাটাতে হচ্ছিল তাঁদের। অবশেষে সেই সবদিক মাথায় রেখেই সমস্যার সমাধানের লক্ষ্যে এবার সরাসরি যুবসাথী প্রকল্পের হেল্পডেস্ক চালু করল নবান্ন। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন হেল্পডেস্ক চালু করার খবর জানানো হয়েছে।

    আপনার সব প্রশ্নের উত্তর মিলবে এক নম্বরেই

    নবান্নর তরফে নির্দেশিকায় বলা হয়েছে, এবার যুবসাথী প্রকল্প নিয়ে যেকোনও ধরনের প্রশ্নের উত্তর অর্থাৎ সমাধান পেতে নির্দিষ্ট মোবাইল নম্বর 6292248888 এ whatsapp করতে পারবেন আবেদনকারীরা। এই এক নম্বর থেকেই আবেদনকারীরা নিজেদের যুবসাথী প্রকল্পের আবেদন সংক্রান্ত সমস্ত রকমের প্রশ্নের উত্তর পেতে পারেন। নবান্ন সূত্রে খবর, শনি এবং রবিবার ও সরকারি ছুটির দিনগুলি বাদ দিয়ে প্রত্যেকদিন সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে রাজ্য সরকারের এই বিশেষ হেল্পডেস্ক।

    এই হোয়াটসঅ্যাপ নম্বর ছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের যুব দপ্তরের তরফে জানানো হয়েছে বাংলার যুবসাথী প্রকল্প সংক্রান্ত বিষয়ে সমস্যার সমাধানের জন্য সরকারের তরফে দেওয়া নির্দিষ্ট ইমেল আইডিতে মেইল করে সমস্যা সমাধান করতে পারেন আবেদনকারীরা। সব মিলিয়ে বলাই যায়, যুবসাথী নিয়ে আবেদনকারীদের সব রকম সমস্যার সমাধান সূত্র খুঁজে দিল পশ্চিমবঙ্গ সরকার।

    অবশ্যই পড়ুন: যুদ্ধের আবহে পাকিস্তানে অভিযান মোসাদের? ইজরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ

    উল্লেখ্য, গত 26 ফেব্রুয়ারি পর্যন্ত যুবসাথী প্রকল্পে মোট জমা পড়েছিল 84 লাখ আবেদন। এরমধ্যে অফলাইনে আবেদন জমা পড়েছে 64 লাখ। বাকি আবেদন অনলাইনে পোর্টালের মাধ্যমে জমা করেছিলেন আবেদনকারীরা। মূলত দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলি থেকে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে এই প্রকল্পে।

  • ‘ভাইপো শাসন চলবে না’ মথুরাপুরে বিজেপির পরিবর্তন যাত্রায় তৃণমূলকে নিশানা অমিতের

    ‘ভাইপো শাসন চলবে না’ মথুরাপুরে বিজেপির পরিবর্তন যাত্রায় তৃণমূলকে নিশানা অমিতের

    প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা এখনও বাকি ৷ কিন্তু তার আগেই জনসংযোগ বৃদ্ধিতে ময়দানে নেমেছে শাসকদল থেকে শুরু করে বিরোধীরা। তৃণমূল কংগ্রেস একদিকে যখন উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছে সাধারণের দোরে দোরে তখন রাজ্যে পরিবর্তন যাত্রার সূচনা করতে নেমেছে বিরোধী দল বিজেপি। আজ, সোমবার পরিবর্তন যাত্রার সূচনা করতে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)৷ এদিনের মঞ্চ থেকে আবারও শাসকদল তৃণমূলের বিরুদ্ধে জোরাল হুঁশিয়ারি দিলেন অমিত শাহ৷

    মথুরাপুরে অমিত শাহ

    রিপোর্ট অনুযায়ী, বিজেপির পূর্ব পরিকল্পনা অনুসারে আজ অর্থাৎ সোমবার, মথুরাপুরের বাপুলিবাজার সংলগ্ন ভগবতীপুর মাঠে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনায় যোগ দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুপুর ৩ টে ৫ মিনিট নাগাদ শাহের হেলিকপ্টার মথুরাপুরের আসেন। তাঁকে দেখে কর্মীদের উচ্ছ্বাস যেন আরও বেড়ে গিয়েছিল। মঞ্চে উপস্থিত হয়ে বক্তৃতা দিতে গিয়ে অমিত শাহ এদিন শুরুতেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। তিনি বলেন, “রাজ্যের ৯ জায়গা থেকে পরিবর্তন যাত্রা হচ্ছে। আরও একটা ধাক্কা দিতে হবে। তৃণমূলকে বিদায় করতে হবে। এখন তৃণমূল সরকার তলানিতে পৌঁছে দিয়েছে উন্নয়নকে। নতুন সরকার গড়তে হবে। একমাত্র বিজেপিই গড়তে পারে সোনার বাংলা।”

    অভিষেককে আক্রমণ অমিতের

    মথুরাপুরের বাপুলিবাজার সংলগ্ন ভগবতীপুর মাঠে অমিত শাহ এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও কটাক্ষ করেছেন। তিনি বলেন, “সারা দেশে পরিবারতন্ত্র চলছে। এটা শেষ করতে হবে। এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানাতে চান। তাই সেক্ষেত্রে তৃণমূল এবার ক্ষমতায় আসলে ভাইপো শাসক হবে। আপনারা কি ভাইপোর শাসন চান? প্রশ্ন তোলেন অমিত শাহ।” এদিন জনসমক্ষে ভাইপোর নেতৃত্বে পশ্চিমবঙ্গে দুর্নীতি চলছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন অমিত শাহ।

    আরও পড়ুন: ‘পরিবর্তন যাত্রা’র পর মোদীর ব্রিগেড সমাবেশ, দিনক্ষণ জানিয়ে দিল বিজেপি

    তৃণমূলকে জোরাল হুঁশিয়ারি অমিতের

    অমিত শাহ বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র অনুষ্ঠানে জানান, “বাংলা থেকে ‘ভ্রষ্টাচার’ বন্ধ করা । সিন্ডিকেট বন্ধ করা। সীমান্ত সুরক্ষিত করা। মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা আর তাই তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বিজেপির সরকার আনতে হবে।” এদিকে এই অনুষ্ঠান উদ্বোধন করার আগেও সমাজ মাধ্যমে পোস্ট করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিলেন। তিনি লেখেন, “তৃণমূল কংগ্রেসের কুশাসনে বিপর্যস্ত বাংলার জনগণ এখন পরিবর্তন চাইছে। এই জনসঙ্কল্পকে আরও শক্তিশালী ও মুখর করে তুলতে বাংলার বিজেপি ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে। এই যাত্রার মাধ্যমে বিজেপির কর্মীরা রাজ্যের প্রতিটি প্রান্তে ‘অনুপ্রবেশমুক্ত বাংলা’র অঙ্গীকার পৌঁছে দেবেন।”

  • ভোটার তালিকা থেকে নাম DELETED? পুনরায় কীভাবে তুলবেন জেনে নিন

    ভোটার তালিকা থেকে নাম DELETED? পুনরায় কীভাবে তুলবেন জেনে নিন

    সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলায় ভোটার তালিকা (Voter List) বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি। তবে সেই তালিকায় রয়েছে তিনটি ক্যাটাগরি। বৈধ ভোটার যারা তাদের নামের পাশে কিছুই লেখা নেই। তারা কোনও রকম সমস্যা ছাড়াই ভোট দিতে পারবেন। দ্বিতীয়ত রয়েছে ‘অ্যাডজুডিকেশন’ অর্থাৎ তাদের মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। তাদের জন্য ধীরে ধীরে সাপ্লিমেন্টারি তালিকা বের করা হবে। আর তারপর রয়েছে ডিলিটেড ক্যাটাগরি। অর্থাৎ তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তারা আর ভোট দিতে পারবে না। কিন্তু প্রশ্ন উঠছে, তারা এবার কী করবে? কীভাবে পুনরায় ভোটার তালিকায় নাম তুলতে পারবে? জেনে নিন বিস্তারিত।

    নামের পাশে ডিলিটেড থাকলে কী করবেন?

    এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে বিশেষ করে মৃত ভোটারদের নামই বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি যারা একাধিক জায়গায় ভোটার তাদের নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু এমন অনেকেই রয়েছে যারা জীবিত কিন্তু তথ্যগত অসঙ্গতির কারণে নাম বাদ পড়েছে, এবং সেখানে ডিলিটেড দেখাচ্ছে। তবে সেক্ষেত্রে চিন্তার কোনও কারণ নেই। কারণ, ডিইও বা সিইও-র কাছে পুনরায় আবেদন করলে আবারো ভোটার তালিকায় নাম উঠবে। এক্ষেত্রে তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যেই জেলা শাসক বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আবেদন জমা দিতে হবে। তবে সে যদি নাম তালিকায় না তোলার সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে ১৫ দিনের মধ্যে চিফ ইলেক্টোরিয়াল অফিসারের কাছে আবেদন করা যাবে।

    এছাড়াও আপনি অনলাইনের মাধ্যমে তথ্য পেতে পারেন। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে বিএলও-দের মাধ্যমে আবেদন জানানো যাবে। আর electoralsearch.eci.gov.in পোর্টালে গিয়ে এপিক নম্বর দিয়ে সংশ্লিষ্ট বিএলও-র নাম ও ফোন নম্বরও দেখতে পাবেন। তবে যদি সিইও দফতর আবেদন খারিজ করে দেয় সেক্ষেত্রে ৬ নম্বর ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। এমনকি নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য এই ফর্ম পূরণ করতে হবে। কিন্তু কীভাবে এই ফর্ম পূরণ করবেন তা বিস্তারিত তুলে ধরা হল নিচে।

    আরও পড়ুন: ভোটের আগেই হাইকোর্টে জনস্বার্থে মামলা, কী দাবি?

    ফর্ম পূরণ করার পদ্ধতি

    ভোটার তালিকায় পুনরায় নাম তোলার জন্য যে ৬ নম্বর ফর্ম রয়েছে, সেটি আমাদের প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেটি সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। তারপর প্রথমে নিজের জেলা এবং তারিখ লিখতে হবে। এরপর ধাপে ধাপে নিজের নাম, বাবা-মা বা স্বামীর নাম এবং ঠিকানা লিখতে হবে। তারপর নিজের এপিক নম্বর নির্দিষ্ট স্থানে পূরণ করতে হবে। তারপর বিধানসভার নম্বর, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর লিখতে হবে। মনে রাখবেন, নতুন যে তালিকা বেরিয়েছে সেখানে যে পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর রয়েছে সেটাই হুবহু বসাতে হবে। তারপর শেষে নিজের নাম এবং ফোন নম্বর লিখে জমা দিতে হবে।

    ফর্ম ডাউনলোড করুন: ক্লিক করুন

  • মূল বেতনের সঙ্গে মিশে যাবে ৫০% DA? সরকারি কর্মীদের জন্য বড় খবর

    মূল বেতনের সঙ্গে মিশে যাবে ৫০% DA? সরকারি কর্মীদের জন্য বড় খবর

    সহেলি মিত্র, কলকাতাঃ অষ্টম বেতন পে কমিশনের (8th Pay Commission) গঠনের অপেক্ষায় দিন গুনছেন সরকারি কর্মীরা। অষ্টম বেতন পে কমিশনের জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেখান থেকে রিপোর্ট আসতে এখনও নয় নয় করে ১৮ থেকে ২০ মাস সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। অপরদিকে বিভিন্ন কর্মচারী সংগঠন, ফেডারেশনগুলি অষ্টম বেতন পে কমিশন, বেতন বৃদ্ধি, ডিএ (Dearness allowance) বৃদ্ধি সহ একাধিক জিনিস দ্রুত লাগু করার জন্য চাপ বাড়াচ্ছে বলে খবর। এই বিষয়ে সম্প্রতি ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশন বা FNPO নাকি অষ্টম বেতন পে কমিশনের চেয়ারম্যান জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাইকে চিঠি অবধি লিখেছে। কী আছে সেই চিঠিতে? চলুন জেনে নেওয়া যাক।

    অষ্টম বেতন পে কমিশন নিয়ে ফের চিঠি সরকারকে

    জানা গিয়েছে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রসঙ্গ তুলে ধরে FNPO সরকারের কাছে মহার্ঘ্য ভাতার (DA) ৫০% মূল বেতনের সাথে একীভূত করার আবেদন জানিয়েছে। চিঠিতে ১ জানুয়ারি ২০২৬ থেকে “অন্তর্বর্তীকালীন ত্রাণ” হিসাবে বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে। অর্গানাইজেশনের দাবি, মুদ্রাস্ফীতি কর্মীদের প্রকৃত মজুরি হ্রাস করেছে এবং তাদের ক্রয় ক্ষমতাকে বিরূপভাবে প্রভাবিত করেছে। ফলে যত দ্রুত সম্ভব সরকার এই বিষয়ের ওপর দৃষ্টি নিক্ষেপ করুক।

    DA-র সঙ্গে বেতন মেলালে কী সুবিধা হবে?

    বিগত কয়েক বছরে খাদ্য, বাড়ি ভাড়া, চিকিৎসা পরিষেবা এবং পেট্রোল ও ডিজেলের দাম অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এর ফলে কর্মচারী এবং পেনশনভোগীদের উপর আর্থিক চাপ বেড়েছে। আগে দেখা গিয়েছে, যখনই ডিএ ৫০% অতিক্রম করেছে, তখনই বেতন কমিশন মুদ্রাস্ফীতির প্রভাব কমাতে এর একটি অংশ মূল বেতনের সাথে একীভূত করার সুপারিশ করেছে। যেহেতু এইচআরএ অর্থাৎ বাড়ি ভাড়া ভাতা, পরিবহন ভাতা এবং গ্র্যাচুইটির মতো সুবিধাগুলি মূল বেতনের উপর নির্ভর করে, তাই ডিএ একীভূত হওয়ার ফলে এগুলিও বৃদ্ধি পাবে। এটি দীর্ঘমেয়াদে কর্মীদের জন্য উপকারী হবে।

    আরও পড়ুনঃ টানা ৩ মাস বাতিল একাধিক ট্রেন, যাত্রা সংক্ষিপ্ত ৩০ এক্সপ্রেসের! তালিকা দিল রেল

    এছাড়াও অষ্টম বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ চূড়ান্ত করতে এবং বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগতে পারে। ততক্ষণ পর্যন্ত কর্মীদের স্বস্তি দেওয়ার জন্য এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থাটি অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে কয়রা হচ্ছে। এদিকে সরকার যদি এই দাবি মেনে নেয়, তাহলে সরকারি কর্মীদের বেতনে কিছু পরিবর্তন হতে পারে যেমন, মূল বেতন বৃদ্ধির সাথে সাথে আপনার বাড়ি ভাড়া ভাতাও বৃদ্ধি পাবে। অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন এবং গ্র্যাচুইটি নতুন মূল বেতনের উপর গণনা করা হবে, যার কারণে তারা আরও বেশি টাকার মুখ এখতে পাবেন। এছাড়াও বাদবাকি ভাতাগুলিও অটোমেটিকভাবে বৃদ্ধি পাবে। এতে আখেরে লাভ সরকারি কর্মী থেকে শুরু করে পেনশন প্রাপকদেরই হবে। এখন দেখার সরকার এই দাবিগুলি মেনে নেয় কিনা।

  • ‘পরিবর্তন যাত্রা’র পর মোদীর ব্রিগেড সমাবেশ, দিনক্ষণ জানিয়ে দিল বিজেপি

    ‘পরিবর্তন যাত্রা’র পর মোদীর ব্রিগেড সমাবেশ, দিনক্ষণ জানিয়ে দিল বিজেপি

    প্রীতি পোদ্দার, কলকাতা: গত শনিবার, ২৮ ফেব্রুয়ারি বাংলায় SIR- এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আর কয়েকদিনের মধ্যেই বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তাই সময় নষ্ট না করেই সমস্ত রাজনৈতিক দল এক এক করে নেমে পড়েছে জনসংযোগ বৃদ্ধিতে। এমতাবস্থায় পরিবর্তন যাত্রা শুরু করেছে বিজেপি। আর সেই কর্মসূচির প্রথম দিনেই এবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভার দিন ঠিক হল।

    কবে হবে মোদির ব্রিগেডের জনসভা?

    গতকাল অর্থাৎ রবিবার, থেকে বিজেপির তরফে রাজ্য জুড়ে শুরু হয়েছে ‘পরিবর্তন যাত্রা’। বিজেপি সূত্রে খবর, রবিবার ও সোমবার রাজ্যের ন’টি আলাদা জায়গা থেকে ন’টি পৃথক র‍্যালি হবে। তবে ৩ ও ৪ মার্চ ‘দোল যাত্রা’ এবং হোলির কারণে কোনও কর্মসূচি রাখা হয়নি। ৫ মার্চ থেকে আবার যাত্রা শুরু হবে এবং ধাপে ধাপে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রকে কভার করা হবে। অন্যদিকে এই পরিবর্তন যাত্রার পরই এবার বিজেপির ব্রিগেডে সভা করার নির্দিষ্ট দিন ঘোষণা করা হল। জানা গিয়েছে আগামী ১৫ মার্চ হতে চলেছে সেই সভা। আর সেখানেই উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই বিশাল র‍্যালির মাধ্যমেই পরিসমাপ্তি হবে ‘পরিবর্তন যাত্রা’র আনুষ্ঠানিক সূচি।

    সভায় থাকবেন অমিত, মিঠুন?

    জানা গিয়েছে, আজ অর্থাৎ সোমবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে আয়োজিত ন’টি র‍্যালির একটির সূচনায় উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র। গতকালই এই র‍্যালিটি প্রথমে হওয়ার কথা থাকলেও পরে তা সোমবারে সরানো হয়। তবে ১৫ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশে অমিত শাহ উপস্থিত থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। এমনকি ব্রিগেডের ওই সভায় মিঠুন চক্রবর্তী থাকবেন কি না, তা নিয়েও জল্পনা চলছে। যদিও বিজেপি নেতৃত্ব এই নিয়ে এখনও কিছু বলেনি, তবে এই সভা সফল করতে তাঁরা যে বদ্ধপরিকর, তা বুঝিয়ে দিয়েছেন।

    আরও পড়ুন: এদের বাদ দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে! ঘোষণায় বিতর্ক

    প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গেরুয়া শিবিরের পরিবর্তন যাত্রা’য় কেন্দ্রীয় নেতৃত্বের একাধিক কেন্দ্রের শীর্ষ নেতা অংশ নেবেন। তাঁদের মধ্যে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকরি, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবিশ প্রমুখ। অর্থাৎ বোঝাই যাচ্ছে বাংলাকে দখল করতে রীতিমত মরিয়া হয়ে উঠেছে মোদি গোষ্ঠী।

  • প্রাথমিকের পর এবার SSC কেলেঙ্কারি! পার্থ, অর্পিতাকে ফের তলব ED-র

    প্রাথমিকের পর এবার SSC কেলেঙ্কারি! পার্থ, অর্পিতাকে ফের তলব ED-র

    প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের মামলার আইনি প্যাঁচে পড়লেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তবে তিনি শুধু একা নন, ইডির ডাক পেলেন অর্পিতা মুখোপাধ্যায়ও। জানা গিয়েছে প্রাথমিক দুর্নীতির পর এবার এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করতে চলেছে ইডি। দোলের পরেই দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে খবর। চরম উত্তেজনা মূলক পরিস্থিতি রাজ্য জুড়ে।

    প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে পার্থ অর্পিতা

    উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। দীর্ঘ তল্লাশির পর অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা এবং বিপুল সোনা উদ্ধার করেছিল ইডি। তার পরেই দু’জনকে গ্রেফতার করা হয়। এই নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত সিবিআই ও ইডি দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করছে। ওই মামলার চার্জগঠনও হয়েছে। যদিও এইমুহুর্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্ত হয়েছেন। তার আগেই অর্পিতা মুখোপাধ্যায়ও জামিনে মুক্ত হয়েছিলেন। এবার পালা এসএসসি মামলার।

    কবে তলব করবে ED?

    রিপোর্ট মোতাবেক প্রাথমিকের দুর্নীতি মামলার পর স্কুল সার্ভিস কমিশন মামলার তদন্তও করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই ওই মামলার চার্জশিটও জমা পড়েছে বলে খবর। আধিকারিকরা তদন্তে বেশ কিছু ক্ষেত্রে পার্থ ও অর্পিতার নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। এরপরই দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার সিদ্ধান্ত হয়েছে। জানা গিয়েছে,চলতি মাসের ১৬ থেকে ১৮ তারিখের মধ্যে দু’জনকে তলব করা হয়েছে। তাঁদের আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। এই মামলায় কেবল পার্থ-অর্পিতাই নন, আরও কয়েক জনকে চলতি মাসেই তলব করার পরিকল্পনা করা হয়েছে।

    আরও পড়ুন: জঙ্গল মহলে শক্তিবৃদ্ধি বিজেপির, গেরুয়া শিবিরে যোগ কুড়মিদের প্রধান উপদেষ্টার

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED সূত্রের খবর, SSC মামলায় একাধিক চাকরিপ্রার্থীর বয়ান নথিবদ্ধ করার পরিকল্পনা রয়েছে। এখন দেখার পালা পার্থ এবং অর্পিতাকে জিজ্ঞাসাবাদের ফলে কী কী তথ্য বেরিয়ে আসে। প্রসঙ্গত, গত বছর নভেম্বরে সব মামলায় জামিন পেয়ে তিন বছর তিন মাস পর বাড়ি ফিরেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু মাঝে নাকতলার বাসভবন বিজয়কেতনে স্নানঘরে পড়ে গিয়ে বাঁ হাতে আঘাত পেয়েছিলেন পার্থ। টানা ২৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফেরেন তিনি। এখন তিনি শাসকদলের জনসংযোগ বৃদ্ধি কর্মসূচির জন্য ময়দানে নেমেছেন।