Blog

  • ভারতের দীর্ঘমেয়াদি সরকার প্রধান হিসাবে ইতিহাস মোদীর, টপকালেন সিকিমের পবন চামলিংকে

    ভারতের দীর্ঘমেয়াদি সরকার প্রধান হিসাবে ইতিহাস মোদীর, টপকালেন সিকিমের পবন চামলিংকে

    সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মুকুটে নয়া পালক। রবিবার বিরাট মাইলফলক স্পর্শ করে ফেললেন মোদী। হ্যাঁ, দেশের যে কোনও সরকার প্রধান হিসেবে টানা ক্ষমতায় থাকার নিরিখে তিনি এবার সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের (Pawan Kumar Chamling) দীর্ঘদিনের রেকর্ড গুঁড়িয়ে দিলেন। সেই সূত্রে তিনিই হয়ে উঠলেন ভারতের দীর্ঘমেয়াদী শাসক।

    ৮৯৩১ দিনের দ্বৈরথ মোদীর

    প্রসঙ্গত, এতদিন যাবৎ ভারতের কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী হিসেবে সম্মিলিতভাবে দীর্ঘতম সময় ক্ষমতায় থাকার রেকর্ড ছিল পবন কুমার চামলিংয়ের দখলে। তিনি টানা ৮৯৩০ দিন শাসনভার পরিচালনা করছিলেন। আর আজ ২২ মার্চ ক্ষমতায় থাকার ৮৯৩১ দিনে পদার্পণ করলেন তিনি। কাজেই সেই রেকর্ড এবার নিজের নামে লিখিয়ে ফেললেন প্রধানমন্ত্রী। তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী তথা ভারতের প্রধানমন্ত্রী, এই দুই মেয়াদের সম্মিলিত পরিসংখ্যানের মাধ্যমেই এই খেতাব অর্জন করেছেন।

    এদিকে মোদীর এই রাজনৈতিক সফর শুধুমাত্র যে সময়ের হিসেবে এমনটা নয়, বরং রাজনৈতিক ধারাবাহিকতা, জনসমর্থনেরও জলজ্যান্ত প্রমাণ। জানিয়ে দিই, গুজরাটের ভদনগরের এক সাধারণ পরিবার থেকে তিনি উঠে এসেছিলেন। রেল স্টেশনের চা বিক্রি থেকে শুরু করে আরএসএস-এ যোগদান এবং পরবর্তীতে বিজেপির শীর্ষ সংগঠক হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। এরপর ২০০১ সালে প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। আর টানা এক দশকেরও বেশি সময় ধরে সেই পদে বহাল থাকেন তিনি। এরপর ২০১৪ সালের বিপুল জনসমর্থন নিয়েই তিনি দেশের প্রধানমন্ত্রীর সিংহাসনে বসেন। পরবর্তী সময়ে ২০১৯ এবং ২০২৪ সালে টানা জয়লাভ করে জহরলাল নেহেরু রেকর্ডে ভাগ বসান তিনি।

    আরও পড়ুন: ঈদের নামাজ শেষে পাকিস্তানে কুপিয়ে খুন লস্কর কমান্ডারকে! কে এই বিলাল আরিফ সালাফি?

    দীর্ঘমেয়াদে নরেন্দ্র মোদী বেশ কিছু কৃতিত্বেরও অধিকারী হয়েছেন। প্রথমত, তিনিই দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি ভারতের স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন। দ্বিতীয়ত, দেশের একমাত্র প্রধানমন্ত্রী তিনিই যার মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘ সময় ধরেই রাজ্য চালনার অভিজ্ঞতা রয়েছে। এমনকি ২০২৫ সালের জুলাই মাসে তিনি ইন্দিরা গান্ধীকে টপকে ভারতের দ্বিতীয় দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হন। আর ১৯৭১ সালের পর তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি কংগ্রেস বিরোধী নেতা হিসেবে পরপর দু’বার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসেছেন।

  • মহম্মদ শামির জন্য চিরতরে বন্ধ ভারতীয় দলের দরজা? বড় সিদ্ধান্ত BCCI-র

    মহম্মদ শামির জন্য চিরতরে বন্ধ ভারতীয় দলের দরজা? বড় সিদ্ধান্ত BCCI-র

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাদা বলের ক্রিকেটে দুরন্ত ছন্দে ভারত (India)। টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার 2027 এক দিনের বিশ্বকাপকে পাখির চোখ করেছে টিম ইন্ডিয়া। এই আসরে এবার জিততেই হবে গৌতম গম্ভীরের দলকে। সেই লক্ষ্য নিয়েই একটু একটু করে এগোচ্ছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এ বছর, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আর সেই প্রতিযোগিতা শুরুর বহু আগে ইতিমধ্যেই নাকি 20 জন ভারতীয় প্লেয়ারের নাম বেছে নিয়েছে BCCI। সেই তালিকায় আছেন মহম্মদ শামি (Mohammed Shami)?

    ভারতীয় দলের দরজা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে শামির জন্য?

    2003 সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিলেও রানার্স আপ হয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে। এক কথায়, তীরে এসে তরী ডুবেছিল টিম ইন্ডিয়ার। তবে এ বছর তেমনটা হলে চলবে না। এই এক বিশ্বকাপের উপর ভারতের অনেক কিছু নির্ভর করছে। একাধিক সূত্র মারফত খবর, একদিনের বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই নাকি 20 জন প্লেয়ারকে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সেই তালিকায় নাম নেই অভিজ্ঞ পেসার মহম্মদ শামির।

    বলাই বাহুল্য, বিগত দিনগুলিতে সুযোগ থাকলেও শামিকে ডেকে পাঠায়নি টিম ম্যানেজমেন্ট। একাধিক ক্ষেত্রে অভিজ্ঞ পেসারের শূন্যতায় ভুগলেও এই খেলোয়াড়কে নিয়ে কোনও রকম আশানুরূপ সিদ্ধান্ত নেয়নি বোর্ড। অনেকেই মনে করেছিলেন, হয়তো একদিনের বিশ্বকাপে সুযোগ হবে এই খেলোয়াড়ের। তবে সূত্রের যা খবর, এবার সেটাও হচ্ছে না। আর তারপরই প্রশ্ন উঠছে তাহলে কি ভারতীয় দলের দরজা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে শামির জন্য? অনেকেই মনে করছেন, আসন্ন বিশ্বকাপের সুযোগ না হলে শামিকে আর ভারতীয় দলে দেখার কোনও সুযোগ নেই।

    অবশ্যই পড়ুন: ২৫০ কিমি গতিতে ছুটবে স্বদেশী বুলেট ট্রেন, ১৬টি হাই-স্পিড ট্রেন সেটের অর্ডার

    ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, শিব সুন্দর দাস থেকে শুরু করে আর পি সিং, প্রজ্ঞান ওঝা, অজয় রাত্রারা বোর্ডের নির্বাচন কমিটিতে রয়েছেন। বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক নির্বাচককে একটি করে ম্যাচে অন্তত মাঠে থেকে পর্যবেক্ষণ করতে হবে খেলা। তবে বোর্ড বিশ্বকাপের জন্য যাদের দিকে নজর রাখছে সেই তালিকায় জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিংরা থাকলেও নেই শামি। এই মুহূর্তে চোটে থাকা হর্ষিত রানাকেও গুরুত্ব দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

  • বাড়ছে জ্বালানির দাম! এপ্রিল থেকে মহার্ঘ হচ্ছে বিমান ভাড়া? ইঙ্গিত কেন্দ্রের

    বাড়ছে জ্বালানির দাম! এপ্রিল থেকে মহার্ঘ হচ্ছে বিমান ভাড়া? ইঙ্গিত কেন্দ্রের

    সহেলি মিত্র, কলকাতাঃ নতুন মাস অর্থাৎ এপ্রিল থেকে আরও আর্থিক বোঝা চাপতে চলেছে সাধারণ মানুষের ওপর। এমনিতেই দিনে দিনে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। এলপিজি কিনতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ আমজনতার। এদিকে বর্তমানে পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ এবং ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতা এখন ভারতীয় বিমান সংস্থাগুলোকে প্রভাবিত করছে। আশঙ্কা করা হচ্ছে, আগামী এপ্রিল মাস থেকে বিমানে সফর আরও মহার্ঘ্য (Flight Fare) হতে পারে। সরকার তো অন্তত তেমনই ইঙ্গিত দিয়েছে।

    এপ্রিল থেকে বাড়ছে বিমান ভাড়া?

    সরকার ইঙ্গিত দিয়েছে যে ১ এপ্রিল থেকে এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর দাম বাড়তে পারে। তবে, কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রক স্পষ্ট করেছে যে এই বোঝা অবিলম্বে যাত্রীদের উপর চাপানো হবে না এবং এ বিষয়ে কাজ চলছে। এই বিষয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু। তিনি জানিয়েছেন যে, প্রতি মাসের ১ তারিখে এটিএফ-এর মূল্য নির্ধারণ করা হয় এবং এর সম্ভাব্য প্রভাব ১ এপ্রিলের মধ্যেই দেখা যেতে পারে।

    আরও পড়ুনঃ পার্ক সার্কাস নয়, শিয়ালদা ডিভিশনের সবথেকে নোংরা স্টেশন কোনটি জানলে অবাক হবেন

    তিনি বলেন, এই বিষয়ে বিমান সংস্থাগুলির সঙ্গে আলোচনা চলছে। মন্ত্রী স্বীকার করেন যে বিমান সংস্থাগুলি আর্থিক চাপের মধ্যে রয়েছে, কিন্তু সরকারের অগ্রাধিকার হলো নিরাপদ ও নিয়মিত পরিষেবা নিশ্চিত করা। ইরান-ইজরায়েল যুদ্ধের কারণে অপরিশোধিত তেল সরবরাহে বিঘ্ন ঘটেছে এবং উপসাগরীয় দেশগুলোর ওপর দিয়ে বিমান চলাচল স্থগিত করা হয়েছে। তেলের দাম বাড়লে তা সরাসরি এটিএফ (ATF)-এর দামকে প্রভাবিত করবে। তবে, সরকার স্পষ্ট করেছে যে তাদের অগ্রাধিকার হলো যাত্রীদের যেন অবিলম্বে ভাড়া বৃদ্ধির সম্মুখীন হতে না হয় তা নিশ্চিত করা।

    তেলের দাম বাড়বেই

    মন্ত্রী বলেছেন যে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি ও এটিএফ-এর মূল্যবৃদ্ধি প্রায় অনিবার্য। তিনি জোর দিয়ে বলেন যে, এর ফলে যেন টিকিটের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি না ঘটে, তা নিশ্চিত করাই হবে মন্ত্রকের প্রধান লক্ষ্য। সরকার ভ্রমণকারীদের স্বার্থে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি ও এটিএফ-এর মূল্যবৃদ্ধি প্রায় অনিবার্য। রাম মোহন নাইডু জোর দিয়ে বলেন যে, এর ফলে যেন টিকিটের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি না ঘটে, তা নিশ্চিত করাই হবে মন্ত্রকের প্রধান লক্ষ্য।

     

  • ঈদের নামাজ শেষে পাকিস্তানে কুপিয়ে খুন লস্কর কমান্ডারকে! কে এই বিলাল আরিফ সালাফি?

    ঈদের নামাজ শেষে পাকিস্তানে কুপিয়ে খুন লস্কর কমান্ডারকে! কে এই বিলাল আরিফ সালাফি?

    সৌভিক মুখার্জী, কলকাতা: ঈদের নামাজের পরেই খতম লস্কর কমান্ডার! হ্যাঁ, লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) খাসতালুক পাকিস্তানের মুরিদকেতে আবারও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। শনিবার ঈদুল ফিতরের নামাজ শেষ হওয়ার ঠিক পরেই অজ্ঞাত পরিচয়ের আততায়ীদের হাতে প্রাণ হারিয়েছেন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফি। জানা যাচ্ছে, প্রকাশ্য দিবালোকে এই হামলার ধরন দেখে অনেকেই একে গত বছরের অপারেশন সিঁদুরের সেই ধুরন্ধর স্টাইলের সঙ্গে তুলনা করছেন। কিন্তু কে ছিল এই বিলাল আরিফ সালাফি (Bilal Arif Salafi)?

    প্রকাশ্যে আততায়ীদের হাতে খুন লস্কর কমান্ডার

    News24 এর এক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে লস্কর-ই-তৈবার প্রধান সদর দফতর মারকাজ তৈবা চত্বরে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঈদের নামাজ শেষ করে সালাফি যখন বের হচ্ছিলেন, ঠিক তখনই তাঁর উপর অজ্ঞাত পরিচয়ের একদল বন্দুকধারী চড়াও হয়। প্রথমে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয় এবং পরে মৃত্যু নিশ্চিত করার জন্য একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। জনসমক্ষে নৃশংস এই হামলার জেরে গোটা এলাকায় যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তা বলার অপেক্ষা রাখে না। আর ঘটনাস্থলেই ওই লস্কর নেতার মৃত্যু হয়।

    কে এই বিলাল আরিফ সালাফি?

    নিরাপত্তা সংস্থাগুলির দেওয়া বেশ কিছু তথ্য অনুযায়ী, বিলাল আরিফ সালাফি লস্কর-ই-তৈবার রিক্রুটমেন্ট নেটওয়ার্কের প্রধান স্তম্ভ। তাঁর প্রধান কাজগুলির মধ্যে ছিল তরুণদের মগজ ধোলাই করে জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করে তোলা, নতুন সদস্যদের প্রশিক্ষণ দেওয়া আর তথাকথিত কাশ্মীর জিহাদের নামে উস্কানি দেওয়া। এমনকি মুরিদকে কেন্দ্র করে লস্করের জন্য নতুন বাহিনী তৈরি করার গুরুদায়িত্ব ছিল এই সালাফির উপরেই।

    আরও পড়ুন: পার্ক সার্কাস নয়, শিয়ালদা ডিভিশনের সবথেকে নোংরা স্টেশন কোনটি জানলে অবাক হবেন

    এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে যে, রক্তাক্ত অবস্থায় সালাফি মাটিতে পড়ে রয়েছেন। আর তাঁর পোশাক ছিঁড়ে গিয়েছে এবং চারপাশের মানুষদের ভিড় ও আতঙ্কের পরিবেশ। কিন্তু এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি ইন্ডিয়া হুডের তরফ থেকে। যদিও লস্করের খাস মহলে ঢুকে এইভাবে একজন কমান্ডারকে খতম করার ঘটনাটি নিয়েও যে তীব্র উদ্বেগ ছড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। অনেকেই একে ভারতীয় সশস্ত্র বাহিনীর চালানো ঐতিহাসিক অপারেশন সিঁদুরের ধুরন্ধর স্টাইলের সঙ্গেই তুলনা করছে। কারণ, অপারেশন সিঁদুরে ভারতের লক্ষ্য ছিল লস্করের এই প্রধান ঘাঁটি।

  • পার্ক সার্কাস নয়, শিয়ালদা ডিভিশনের সবথেকে নোংরা স্টেশন কোনটি জানলে অবাক হবেন

    পার্ক সার্কাস নয়, শিয়ালদা ডিভিশনের সবথেকে নোংরা স্টেশন কোনটি জানলে অবাক হবেন

    সহেলি মিত্র, কলকাতাঃ শিয়ালদা ডিভিশনের (Sealdah railway division) সবথেকে নোংরা রেল স্টেশন কোনটি? প্রথমেই নিশ্চয়ই আপনার মাথায় আসবে শিয়ালদা ডিভিশনের পার্ক সার্কাস স্টেশনের নাম। এই স্টেশনের ওপর দিয়ে যারা রোজ যাতায়াত করেন কিংবা একবার হলেও করেছেন তাঁরাই জানবেন স্টেশন ঢোকার মুখে বা ছাড়ার সময়ে চামড়ার গন্ধ কেমন হয়। সেইসঙ্গে ভাগাড় তো রয়েইছেই। কিন্তু জানলে অবাক হবেন, এখন সেই নোংরা স্টেশনের (Dirtiest Railway Station) তকমা হারিয়েছে, এখন অন্য দুইটি স্টেশন সবথেকে বেশি নোংরা হয়ে উঠেছে। নাম শুনলে হয়তো চমকে যাবেন।

    শিয়ালদা ডিভিশনের সবথেকে নোংরা স্টেশন কোনটি?

    এমনিতে বিশ্বের অন্যতম বৃহত্তম রেল নেটওয়ার্ক, ভারতীয় রেল, সারা দেশে ৭,৪৬১টি রেল স্টেশন পরিচালনা করে। তবে, সাম্প্রতিক বছরগুলিতে বেশিরভাগ রেল স্টেশনের আধুনিকীকরণ প্রচেষ্টা এবং উল্লেখযোগ্য সংস্কার সত্ত্বেও, কয়েকটি ভারতীয় ট্রেন স্টেশন এখনও জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং আধুনিক স্বাস্থ্যবিধির মানের সাথে সামঞ্জস্য রাখতে পারছে না। দিনে দিনে আরও যেন নোংরা হয়ে উঠছে। রোজ সেই স্টেশনগুলির ওপর যাতায়াত করতে গিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। যাইহোক, আজ কথা হচ্ছে শিয়ালদা বিভাগের সন্তোষপুর এবং বাঘাযতীন রেল স্টেশন নিয়ে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বর্তমানে এই দুটি রেল স্টেশন সবথেকে নোংরা স্টেশন হিসেবে পার্ক সার্কাসকেও পেছনে ফেলে দিয়েছে।

    সম্প্রতি পূর্ব রেল যেখানে শিয়ালদহ স্টেশনে চার হাজার বর্গফুট এলাকা থেকে ৫০ টন বর্জ‌্য পরিষ্কার করা হয়েছে, সেখানেই সন্তোষপুর এবং বাঘাযতীন স্টেশনে ৪,০০০ বর্গফুট এলাকা থেকে ১০০ টন করে আবর্জনা সরানো হয়েছে। অন্যান্য প্রধান এলাকাগুলোর মধ্যে মগরাহাটে ২,০০০ বর্গফুট থেকে ৩৫ টন, পাতিপুকুর ও টালায় ৩০ টন করে, এবং বিধাননগর ও কলকাতা স্টেশনে ২০ টন করে আবর্জনা সরানো হয়েছে।রেল একটি পরিচ্ছন্নতা অভিযান চালায়। সেখানেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এরই সঙ্গে তালিকায় রয়েছে লেক গার্ডেন থেকে শুরু করে সোদপুর, সোনারপুর, হালিশহর, আগরপাড়া, নিউ গড়িয়া, টালিগঞ্জ স্টেশন থেকে কয়েকশো টন নোংরা সরিয়েছে পূর্ব রেলওয়ের এনভায়রনমেন্ট অ্যান্ড হাউসকিপিং ম্যানেজমেন্ট বিভাগ।

    আরও পড়ুনঃ ২৫০ কিমি গতিতে ছুটবে স্বদেশী বুলেট ট্রেন, ১৬টি হাই-স্পিড ট্রেন সেটের অর্ডার

    ভারতের সবথেকে নোংরা স্টেশন কোনটি?

    এছাড়া আপনি কি জানতে ইচ্ছুক ভারতের কোন রেল স্টেশন সবথেকে নোংরা? ভারতীয় রেলওয়ের রেল স্বচ্ছ পোর্টাল অনুসারে, দক্ষিণ রেলওয়ে জোনের চেন্নাই রেলওয়ে বিভাগের তামিলনাড়ুর পেরুঙ্গালাথুর রেলওয়ে স্টেশনটি ভারতের সবচেয়ে নোংরা রেলওয়ে স্টেশন হওয়ার কুখ্যাত তকমা পেয়েছে। এছাড়াও, দেশের সবচেয়ে নোংরা স্টেশনগুলির মধ্যে আরও অসংখ্য রেল স্টেশন রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো বিহারের পাটনা, মুজাফফরপুর এবং আরারিয়া কোর্ট রেল স্টেশন, উত্তর প্রদেশের ঝাঁসি ও বরেলি রেল স্টেশন, এবং তামিলনাড়ুর ভেলাচেরি ও গুডুভানচেরি রেল স্টেশন।

  • একধাক্কায় তলানিতে, সোনা-রুপোর দাম নিয়ে খুশির খবর

    একধাক্কায় তলানিতে, সোনা-রুপোর দাম নিয়ে খুশির খবর

    সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা, রুপোর দাম নিয়ে চরম সুসংবাদ। একধাক্কায় প্রায় ৫০০০ টাকা দরপতন হলুদ ধাতুর (Gold Price)। দিনের পর দিন আবারও তলানিতে ঠেকছে সোনা। দলে মধ্যবিত্তদের মুখে যে হাসি ফুটছে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে রুপো নিয়েও খুশির খবর। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

    ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

    ➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৭,৯৫০ টাকায় (-৪৬৫০)।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৩,৮০০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৩,৯৫০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৩,৮৫০ টাকায়।

    ২৪ ক্যারেট পাকা সোনার দাম

    ➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৫,১৫০ টাকায় (-৪৯০০)।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৫,৯৭০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৬,১২০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৬,০২০ টাকায়।

    ১৮ ক্যারেট সোনার দাম

    ➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৯,৪৮০ টাকায়।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৯,৪৮০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৯,৬৩০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৯,৫৩০ টাকায়।

    আজ রুপোর বাজার দর | Silver Price Today |

    ➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,২৬,৪০০ টাকায় (-১০,৭০০)।

    ➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৫০,০০০ টাকায়।

    ➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৪৫,০০০ টাকায়।

    বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

  • ২৫০ কিমি গতিতে ছুটবে স্বদেশী বুলেট ট্রেন, ১৬টি হাই-স্পিড ট্রেন সেটের অর্ডার

    ২৫০ কিমি গতিতে ছুটবে স্বদেশী বুলেট ট্রেন, ১৬টি হাই-স্পিড ট্রেন সেটের অর্ডার

    সহেলি মিত্র, কলকাতাঃ কবে চালু হবে দেশের প্রথম বুলেট ট্রেন (Bullet Train)? এই প্রশ্ন এখন সকলের। রেল সূত্রে খবর, বিভিন্ন ধাপে এই ট্রেনের পথচলা শুরু হবে। এরই মাঝে উচ্চাকাঙ্খী এই বুলেট ট্রেন প্রকল্প নিয়ে সামনে এল বড় আপডেট। জানা গিয়েছে, মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন করিডোরের একটি বড় ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে বিইএমএল (BEML) ভারতের দ্রুতগতির রেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সংস্থাটি মেধা সার্ভো ড্রাইভসের সঙ্গে অংশীদারিত্ব করেছে এবং এই প্রকল্পের জন্য অতিরিক্ত ট্রেনসেট সরবরাহ করতে একটি দরপত্র জমা দিয়েছে।

    বুলেট ট্রেন নিয়ে বড় আপডেট

    BEML মেধা কনসোর্টিয়াম ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশনকে ১৬টি দ্রুতগতির ট্রেনসেট সরবরাহ করার জন্য একটি প্রস্তাব জমা দিয়েছে। এর আগে ২০২৪ সালে ৮৬৬ কোটি টাকা মূল্যের দুটি প্রোটোটাইপ ট্রেনসেটের জন্য একটি চুক্তি হয়েছিল। দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ খরচ সহ প্রস্তাবিত নতুন ট্রেনসেটগুলির প্রতিটির আনুমানিক ব্যয় প্রায় ২৫০ কোটি টাকা হবে বলে আশা করা হচ্ছে। এই কাঠামোর অধীনে, বিইএমএল মূল কাঠামোগত এবং অভ্যন্তরীণ উপাদানগুলির দায়িত্ব নেবে, আর মেধা (Medha) প্রোপালশন সিস্টেম, বগি এবং ট্রেন নিয়ন্ত্রণ প্রযুক্তির জন্য দায়ী থাকবে। চূড়ান্ত মূল্য আরও আলোচনার সাপেক্ষে নির্ধারিত হবে।

    ঘণ্টায় ২৫০ কিমি গতিতে ছুটবে ট্রেন!

    সূত্রের খবর, এই ট্রেনগুলো ঘণ্টায় ২৫০ কিমি পর্যন্ত গতিতে চলার জন্য ডিজাইন করা হয়েছে, যার সর্বোচ্চ ধারণক্ষমতা ঘণ্টায় ২৮০ কিমি। আশা করা হচ্ছে, অতিরিক্ত ট্রেনসেটগুলোও প্রোটোটাইপের মতোই একই ডিজাইন প্ল্যাটফর্ম অনুসরণ করবে এবং সময়ের সাথে সাথে এতে আরও উন্নতি ঘটানো হবে। প্রকল্পটির একটি প্রধান লক্ষ্য হলো দেশীয় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা। প্রাথমিক ট্রেনসেটগুলিতে প্রায় ৫০% স্থানীয় যন্ত্রাংশ থাকবে বলে অনুমান করা হচ্ছে এবং সরবরাহ ব্যবস্থা পরিপক্ক হওয়ার সাথে সাথে এই অনুপাত আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

    আরও পড়ুনঃ নিম্নচাপের কাঁটায় দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি! আজকের আবহাওয়া

    প্রথম প্রোটোটাইপ ট্রেনসেটগুলির পথচলা আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে হবে বলে আশা করা হচ্ছে। ২০২৭ সাল থেকে পর্যায়ক্রমে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে, যার সূচনা হবে সুরাট-বিলিমোরা অংশ দিয়ে। এই সুবিশাল করিডোরটি মহারাষ্ট্র ও গুজরাট জুড়ে ৫০৮ কিলোমিটার বিস্তৃত এবং ১২টি স্টেশনের একটি নেটওয়ার্কের মাধ্যমে প্রধান শহরগুলোকে সংযুক্ত করেছে।

     

  • ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল SBI, পোয়া বারো গ্রাহকদের

    ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল SBI, পোয়া বারো গ্রাহকদের

    সহেলি মিত্র, কলকাতাঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) ভারতের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক। বর্তমানে কয়েক কোটি মানুষের অ্যাকাউন্ট আছে SBI-এ। আপনারও কি অ্যাকাউন্ট আছে? ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করবেন বলে ভাবছেন বা রয়েছে? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। অর্থবর্ষ শেষ হওয়ার আগে এফডি অ্যাকাউন্টধারীদের জন্য সুখবর শুনিয়েছে ব্যাঙ্কটি। বাড়ল সুদের পরিমাণ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

    FD-তে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

    এসবিআই ৩ কোটি টাকার বেশি বাল্ক ডিপোজিটের উপর সুদের হার ২৫ বেসিস পয়েন্ট (Bps) বাড়িয়েছে। নতুন এই হার ১৫ মার্চ, ২০২৬ থেকে কার্যকর হবে। এই সীমার নিচের ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত থাকবে। ফিক্সড ডিপোজিটের সুদের হারে এই ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি শুধুমাত্র নির্দিষ্ট কিছু মেয়াদের জন্য প্রযোজ্য। যেমন ৪৬ দিন থেকে ১৭৯ দিনের মধ্যে মেয়াদপূর্তি হওয়া বাল্ক ডিপোজিটের সুদের হার ৫.১০% থেকে বাড়িয়ে ৫.৩৫% করা হয়েছে। এছাড়াও ১৮০ দিন থেকে এক বছরের কম মেয়াদের ডিপোজিটের সুদের হার ৫.৬০% থেকে বাড়িয়ে ৫.৮৫% করা হয়েছে। এক বছর থেকে দুই বছরের কম মেয়াদের ডিপোজিটের সুদের হার ৬.২৫% থেকে বাড়িয়ে ৬.৫০% করা হয়েছে।

    প্রবীণ নাগরিকরা পাবেন বিশেষ সুবিধা

    ব্যাঙ্কের সিদ্ধান্তের ফলে সবথেকে বেশি লাভবান হবেন প্রবীণ নাগরিকরা। কারণ তাঁরা আগের মতোই উচ্চতর রিটার্ন পাবেন। ৪৬ থেকে ১৭৯ দিন পর্যন্ত মেয়াদের জন্য তাদের ক্ষেত্রে সুদের হার ৫.৬০% থেকে বাড়িয়ে ৫.৮৫% করা হয়েছে। ১৮০ দিন থেকে এক বছরের কম মেয়াদের আমানতের ক্ষেত্রে এখন ৬.৩৫% রিটার্ন পাওয়া যাবে, যা আগে ছিল ৬.১০%। এক বছর থেকে দুই বছরের কম মেয়াদের জন্য সংশোধিত হার ৭%, যা আগে ছিল ৬.৭৫%।

    আরও পড়ুনঃ কমবে সময়! মালদহ ডিভিশনে বিরাট পদক্ষেপ রেলের

    এখানে জানিয়ে রাখি, যেসব বিনিয়োগকারী মেয়াদপূর্তির আগে টাকা তুলতে চান, তাঁদের জরিমানা দিতে হবে। এসবিআই সব মেয়াদের বাল্ক ডিপোজিটের উপর ১% জরিমানা বহাল রেখেছে। এর মানে হলো, মেয়াদপূর্তির আগে টাকা তোলার ক্ষেত্রে প্রযোজ্য সুদের হার ১% কমে যাবে।

  • নিম্নচাপের কাঁটায় দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি! আজকের আবহাওয়া

    নিম্নচাপের কাঁটায় দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি! আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ ভরা চৈত্রে সমগ্র বাংলাজুড়ে চলছে বৃষ্টিপাত। কখনও মাঝারি তো কখনও ভারী। শুধু বৃষ্টি বললে ভুল হবে, কোথাও কোথাও শিলাবৃষ্টি, সঙ্গে হচ্ছে কালবৈশাখী। সেইসঙ্গে একটানা বৃষ্টির জেরে বাংলার পারদ এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। অনেকে বলতে শুরু করেছেন, তাহলে কি ফের দুয়ারে শীত এসে হাজির হল? আবহাওয়া দফতর জানাচ্ছে, এই আবহাওয়া সাময়িক। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা এক লাফে বেশ খানিকটা বৃদ্ধি পেতে পারে। যদিও আজ রবিবার ছুটির দিন জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। চলুন জেনে নেওয়া যাক আজকের আবহাওয়া (Weather Today)।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টি আপাতত চলবে। সেইসঙ্গে লাগাতার বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকবে। আজ দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, হাওরা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। কিছু জেলায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা।

    দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে দিনের তাপমাত্রা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। এদিকে প্রশ্ন উঠছে, আকাশ কবে থেকে পরিষ্কার হবে? এই বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে, আজ রাতের পর থেকে এবং সোমবার থেকে বাংলায় বৃষ্টির পরিমাণ কমবে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক রবিবার উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। ভরা চৈত্রে মরসুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে দার্জিলিং-এর সান্দাকফুতে। খুশির জোয়ার সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের মধ্যে। যাইহোক, আপাতত ভারী বৃষ্টি চলতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বইতে পারে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া।

    আগামীকালের আবহাওয়া

    এবার আসা যাক আগামীকাল অর্থাৎ সোমবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

     

     

  • শুরুতেই বেতন ২১,৭০০! SSB-তে মাধ্যমিক পাসে কনস্টেবল নিয়োগ

    শুরুতেই বেতন ২১,৭০০! SSB-তে মাধ্যমিক পাসে কনস্টেবল নিয়োগ

    সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য রইল দারুণ সংবাদ। সশস্ত্র সীমা বল বা এসএসবি-র তরফ থেকে কনস্টেবল নিয়োগের (SSB Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে প্রায় ১ হাজার শূন্যপদ রয়েছে। জানা যাচ্ছে, মাধ্যমিক পাস করলেই এখানে প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবে আর শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

    SSB-তে নিয়োগের বিজ্ঞপ্তি

    সশস্ত্র সীমা বল বা এসএসবি-র তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে কনস্টেবল নিয়োগের কথা উল্লেখ রয়েছে। তবে এর ভিতরে বিভিন্ন ট্রেড রয়েছে। যেমন ড্রাইভার, গার্ডেনার, ওয়াটার কেরিয়ার, টেইলর, ওয়াসারম্যান, বারবার ইত্যাদি। আর এখানে মোট শূন্যপদ রয়েছে ৮২৭টি।

    শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

    এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের প্রতিটি বিভাগ অনুযায়ী আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। তবে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে আর মাধ্যমিক পাস করে থাকতে হবে। পাশাপাশি বিভিন্ন ট্রেড অনুযায়ী আলাদা আলাদা যোগ্যতা দরকার হবে।

    বয়স সীমা কত লাগবে?

    এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীদের ১৮ থেকে ২৭ বছর বয়স চাওয়া হয়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

    বেতন কাঠামো

    এখানে চাকরি পেলে প্রতি মাসে পে লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে।

    নিয়োগ প্রক্রিয়া

    প্রার্থীদের ফিজিক্যাল টেস্ট, লিখিত পরীক্ষা, দক্ষতার পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। তবে তার আগে অবশ্যই মেডিকেল পরীক্ষা নেওয়া হবে।

    আরও পড়ুন: বৈধৃতি যোগে আয় উন্নতি বাড়বে ৫ রাশির! আজকের রাশিফল, ২২ মার্চ

    আবেদন পদ্ধতি

    যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য প্রথমে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

    • সর্বপ্রথম এসএসবি-র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
    • তারপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি ব্যবহার করুন।
    • তারপর নতুন আবেদনকারী হলে নিজের মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
    • তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
    • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে দিন।
    • সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করুন।

    উল্লেখ করার বিষয়, এখানে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে, আর বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যেই প্রার্থীদের আবেদন করে নিতে হবে বলে জানানো হয়েছে।

    SSB Official Notification: Download Now

    India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।