Blog

  • প্রতিমাসে অ্যাকাউন্টে ঢুকবে ৭০০০ টাকা! মহিলাদের ক্ষমতায়নে বড় প্ল্যান LIC-র

    প্রতিমাসে অ্যাকাউন্টে ঢুকবে ৭০০০ টাকা! মহিলাদের ক্ষমতায়নে বড় প্ল্যান LIC-র

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য তথা দেশজুড়ে পুরুষদের পাশাপাশি মহিলারাও আর্থিক দিক থেকে সাবলম্বী (Income) হয়ে উঠছেন। সমাজের পিছিয়ে পড়া নারীদের নিম্ন স্তর থেকে টেনে এনে আর্থিক সংস্থানের লক্ষ্যে একাধিক সব প্রকল্প চালায় বিভিন্ন রাজ্যের সরকার (LIC Bima Sakhi Yojana)। বাংলাতেও মহিলাদের আর্থিক সংস্থানের ব্যবস্থা করে দিয়েছে লক্ষী ভান্ডার প্রকল্প। এছাড়াও লাডলি বেহেনের মতো প্রকল্প তো রয়েছেই। তবে অনেকেই হয়তো জানেন না, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের এমন একটি সরকারি প্রকল্প রয়েছে যার অধীনে মহিলারা বিনামূল্যে প্রশিক্ষণ এবং মাসিক ভাল পরিমাণ অর্থ আয়ের সুযোগ পান। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু LIC র সেই বিমান সখী যোজনা।

    কারা LIC র বীমা সখী যোজনা প্রকল্পের অধীনে নাম লেখাতে পারবেন?

    লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন বা সরকারি আর্থিক প্রতিষ্ঠানটি বলছে, মহিলাদের প্রশিক্ষণ দিয়ে তাদের বীমা খাতের সাথে যুক্ত করে আয়ের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে যে বীমা সখি প্রকল্প চালু করা হয়েছে তাতে নাম লেখাতে উচ্চ শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র প্রাথমিক বিষয়গুলি জানলেই এই প্রকল্পের অধীনে কাজ করতে পারবেন নারীরা। সেক্ষেত্রে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। সেই সাথে থাকতে হবে, পরিচয়ের প্রমাণপত্র।

    এখন প্রশ্ন, এই প্রকল্পের আওতায় কী কাজ করতে হবে? বলে রাখি, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের তরফে বিশেষ প্রকল্পের জন্য নির্বাচিত বিশেষ করে গ্রামীন এলাকার মহিলারা এলাকায় এলাকায় ঘুরে LIC র এই প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করবেন। একই সাথে তারা যাতে LIC র বিভিন্ন বীমা প্রকল্পের সাথে যুক্ত হন সেজন্য তাঁদের দিয়ে ফর্ম পূরণ করানোর পাশাপাশি ক্লেম প্রক্রিয়ায় সাহায্য করবেন। এক কথায়, LIC র এজেন্টরা যে কাজ করে থাকেন আর কি। এই কাজের বিনিময় লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের তরফে প্রতি মাসে কমিশন এবং অন্যান্য ইন্সেন্টিভ পাবেন মহিলারা।

    অবশ্যই পড়ুন: বিশ্বের কঠিনতম রেল প্রকল্প ভারতের! ২৭০ কিমি সুড়ঙ্গ খুঁড়ে চিন সীমান্তে যাবে ট্রেন

    কত টাকা আয় করা যাবে?

    LIC বলছে তাদের বিশেষ প্রকল্প বীমা সখিতে যুক্ত মহিলারা গ্রাহকদের বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবগত করার পাশাপাশি তাদের লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের নানান প্রকল্পে অন্তর্ভুক্ত করাতে পারলে প্রত্যেক মাসে কমিশন সহ অন্যান্য ইন্সেন্টিভ বাবদ মোট অর্থ মিলিয়ে ভাল পরিমাণ টাকা আয় করতে পারবেন। সবচেয়ে বড় কথা এই কাজের আগে মহিলাদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। সেখানেই শেখানো হবে কাজের ধরন।

    লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের বিশেষ প্রকল্পের সাথে যুক্ত বহু মহিলার দাবি, গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে LIC র বিভিন্ন প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করার পাশাপাশি তাদের দিয়ে বিভিন্ন পলিসি কেনানোর মাধ্যমে কমিশন ও ইনসেন্টিভ থেকে কম বেশি মাসে প্রায় 7000 হাজার টাকা আয় করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রকল্পে আয়ের নির্দিষ্ট কোনও সীমা নেই। অর্থাৎ যে মহিলা যত বেশি গ্রাহককে LIC র বিভিন্ন প্রকল্পে আকৃষ্ট করতে পারবেন তত বেশি আয় হবে তাঁর।

  • কালীঘাটে পুজো থেকে বেলুড় দর্শন, বাংলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সফরনামা

    কালীঘাটে পুজো থেকে বেলুড় দর্শন, বাংলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সফরনামা

    প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটের দামামা প্রায় বেজে গিয়েছে রাজ্যে, তাইতো জনসংযোগ বৃদ্ধি করতে দিন রাত প্রচার চালিয়েই চলেছে রাজনৈতিক দলগুলি। আর এই আবহে রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায়, এমনই খবর প্রকাশ্যে এল। জানা গিয়েছে, সোমবার সকালে পুজো দেবেন কালীঘাট মন্দিরে। তার পরে শুরু হবে রাজনৈতিক দলগুলির সঙ্গে তাঁর বৈঠক এবং সফরের অন্য কর্মসূচি।

    বাংলায় আসছেন জ্ঞানেশ কুমার

    রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ রবিবার রাজ্যে আসতে চলেছেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর সঙ্গে এই দলে থাকছেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশীও। আজ রাতের বিমানে কলকাতায় পৌঁছে যাবেন তাঁরা। তবে আজ কোনও ঘোষিত কর্মসূচি নেই। সোম ও মঙ্গলবার পরপর দুই দিন একাধিক বৈঠক রয়েছে রাজ্যে নির্বাচন সংক্রান্ত। আলাদা ভাবে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করবে ফুল বেঞ্চ। তবে এইসব বৈঠকের আগে আগামীকাল সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় যাবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পুজো দেবেন কালীঘাট মন্দিরে।

    পুজো দেবেন কালীঘাট মন্দিরে

    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর কাজ ঘিরে গত কয়েক মাসে কমিশন বনাম রাজ্য সরকার তথা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সংঘাত বার বার প্রকাশ্যে এসেছে। এমনকি এই নিয়ে এইমুহুর্তে ধর্মতলায় ধর্নায় বসেছেন তিনি। আর এই অবস্থায় আজ রাতে রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কালীঘাট মন্দির দর্শন করার পরেই বৈঠক শুরু করবেন তিনি। অন্যদিকে মঙ্গলবার বেলুড় মঠেও যাবেন বলে জানা গিয়েছে। যদিও এই প্রসঙ্গে CEO মনোজকুমার আগরওয়ালকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “এমন কিছু জানা নেই। তবে তাঁর ব্যক্তিগত কোনও প্রোগাম থাকলে তিনি সেখানে যেতে পারেন।”

    আরও পড়ুন: খেল দেখাবে ঘূর্ণাবর্ত, কিছুক্ষণেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৩ জেলায়

    প্রসঙ্গত, পূর্ব পরিকল্পনা অনুযায়ী, নির্বাচন কমিশনার আগামীকাল অর্থাৎ সোমবার সকাল থেকে দফায় দফায় বেশ কিছু বৈঠক করবেন। রাজনৈতিক দলগুলি থেকে রাজ্য প্রশাসনের উচ্চ আধিকারিক এবং BLO দের সঙ্গে বৈঠক করবেন এবং দিনের শেষে নির্বাচনী প্রস্তুতি নিয়ে পুলিশকর্তাদের সঙ্গেও বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। এর পরে মঙ্গলবারও রাজ্যের মুখ্যসচিব, পুলিশপ্রধান-সহ অন্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন। আশা করা যাচ্ছে এই বৈঠকের মধ্যেই নির্ধারিত হবে রাজ্যের ২৬ এর বিধানসভা নির্বাচনের দিন।

  • নারী দিবসে কালো শাড়িতে রাস্তায় তৃণমূলের মহিলারা, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ

    নারী দিবসে কালো শাড়িতে রাস্তায় তৃণমূলের মহিলারা, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ

    প্রীতি পোদ্দার, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে অনুযায়ী আজ আন্তর্জাতিক নারী দিবসে ময়দানে নামল মহিলারা। গ্যাসের দাম বৃদ্ধির (LPG Cylinder Price Hike) প্রতিবাদে কালো শাড়ি পরে তুমুল প্রতিবাদ শুরু হল চারিদিকে। শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যদের মতো নেত্রীদের নেতৃত্বে রীতিমত মুখরিত মহিলা ব্রিগেড। থালা-বাসন, খুন্তি বাজিয়ে ধরনা মঞ্চেও কালো শাড়ি পরে চলল প্রতিবাদ। প্রতীকী সিলিন্ডার হাতে প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

    নারী দিবসের দিন প্রতিবাদের ডাক তৃণমূলের

    রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ শনিবার, ধর্মতলায় কেন্দ্রীয় সরকারের গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র মহিলাদেরকে নিয়ে আন্তর্জাতিক নারী দিবসের দিন প্রতিবাদের ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “গ্যাসের দাম বৃদ্ধির জন্য হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে আন্তর্জাতিক মহিলা দিবসে। মানবতাকে পালন করার জন্য কাল মা বোনেরা রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। প্রয়োজনে কালো শাড়ি পরুন। গ্যাসের ওভেনও পারলে কেউ নিয়ে আসবেন। পারলে কাঁচা আনাজও ঝুড়িতে আনবেন।” আর সেই নির্দেশ মাথায় রেখেই আজ সুবোধ মল্লিক স্কোয়্যারে মিছিলে যোগ দেন মহিলারা। সকলেরই পরনে ছিল কালো পোশাক।

    প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী

    মহিলাদের এই আন্দোলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ মালা রায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় প্রমুখ। মিছিল শেষে পরে তাঁরা পুনরায় ধর্মতলায় মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চে এসেও হাতা-খুন্তি নিয়ে গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন। পাশাপাশি এদিন প্রতীকী সিলিন্ডার হাতে নিয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই প্রতিবাদে শামিল হন। যদিও তিনি নিজে প্রথাগত সাদা শাড়িই পরেছিলেন। গ্যাসের দামের পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম কাটার ইস্যুকেও এই প্রতিবাদের সঙ্গে জুড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। ফলে ভোটমুখী বাংলায় এসআইআর-র প্রতিবাদে ধরনা মঞ্চ থেকে মমতার প্রতিবাদের ডাকে বেশ চাপের মুখে পড়ল বঙ্গ বিজেপি।

    আরও পড়ুন: ট্রোলের জেরে ছেড়েছিলেন সোশ্যাল মিডিয়া! মুখ্যমন্ত্রীর পরামর্শে কামব্যাক ইমনের

    প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই অর্থাৎ ১ জানুয়ারি একধাক্কায় বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছিল ১১১ টাকা। ঠিক তার পরের মাসে অর্থাৎ ১ ফেব্রুয়ারি আরও ৪৯ টাকা বৃদ্ধি করা হয়েছে গ্যাসের দাম। সংশোধিত দামের তালিকা অনুযায়ী, ১ মার্চ কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়িয়েছিল ১৮৭৫ টাকা ৫০ পয়সা। এবার মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মাঝে নতুন দাম বৃদ্ধির পর গ্যাসের দাম বেড়ে হল ১৯৯৯ টাকা। আর তাই বেশ দুশ্চিন্তায় রয়েছে মধ্য এবং নিম্নবিত্তরা।

  • আসতে পারে বড় সংকট! ইরানের তেল ভাণ্ডার লক্ষ্য করে প্রথম হামলা ইজরায়েলের

    আসতে পারে বড় সংকট! ইরানের তেল ভাণ্ডার লক্ষ্য করে প্রথম হামলা ইজরায়েলের

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান-ইজরায়েল সংঘাত যেন থামছেই না (Israel Attacks Iran Oil Reserve)। গতকাল রাতে তেল আবিবের বুকে একাধিকবার মিসাইল ছুঁড়েছিল ইরান (Iran)। এবার তার পাল্টা প্রত্যাঘাত হিসেবে তেহরানের তেল মজুদ লক্ষ্য করে বড়সড় হামলা চালালো বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শনিবার ইরানের হামলার পরই তেহরানের অয়েল রিজার্ভকে টার্গেট করে ইজরায়েল। আর তারপরই চলে ভয়াবহ হামলা। বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকা এবং ইজরায়েল একেবারে যৌথভাবে ইরানকে শায়েস্তা করতে উঠে পড়ে লেগেছে। তাঁদের দাবি, ইরান যাতে নিঃশর্ত আত্মসমর্পণ করে নেয় সেজন্যেই নতুন নতুন ছক কষছে এই দুই দেশ।

    বিদ্যুৎ সংকট দেখা দিতে পারে ইরানে

    সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, ইজরায়েলের নতুন হামলার পর ইরানে লজিস্টিক, ট্রাফিক এবং বিদ্যুৎ সংকট দেখা দিতে পারে। ইরানের কয়েকটি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করছে, তেহরানের একাধিক জায়গায় রিফাইনারি কমপ্লেক্সে বড় হামলা হয়েছে। এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একেবারে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আত্মসমর্পণ না করলে আগামী দিনে আরও কঠিন পদক্ষেপ নেওয়া হবে। তাঁর কথায়, “তেহরানের তেল স্টোরেজে আগুন জ্বলছে।”

    BBC বলছে, ইতিমধ্যেই ইরানের তেল মজুদ লক্ষ্য করে হামলার খবর নিশ্চিত করেছে ইজরায়েলের সেনাবাহিনী। এদিকে বিশ্লেষক মহল দাবি করছেন, খুব সম্ভবত এই প্রথমবার ইজরায়েল ইরানের কোনও বেসামরিক শিল্প প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালালো। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম উত্তরাঞ্চলের রাজধানী এবং প্রতিবেশী দেশগুলিতে হামলার জন্য আমেরিকা এবং ইহুদি শাসন ব্যবস্থাকে দায়ী করেছে।

    অবশ্যই পড়ুন: ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল লন্ডভন্ড করবে বৃষ্টি? দেখুন ওয়েদার রিপোর্ট

    উল্লেখ্য, সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলিতে হামলা চালানোর জন্য তাদের কাছে একপ্রকার ক্ষমা চেয়ে নিয়েছিলেন। ইরানের প্রেসিডেন্ট বলেছিলেন, “উপসাগরীয় অঞ্চলের দেশগুলি যদি আমেরিকা এবং ইজরায়েলকে ইরানে হামলা চালানোর মদত না দেয়, তবে ইরানও তাদের উপর হামলা করবে না। ইরানের সাথে প্রতিবেশী দেশগুলির কোনও রকম শত্রুতা নেই।” একই সাথে এদিন ট্রাম্পের দাবিকে নস্যাৎ করে ইরানের প্রেসিডেন্ট বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছেন। তাঁকে এই স্বপ্ন নিয়েই সমাধিস্থ হতে হবে।

  • খেল দেখাবে ঘূর্ণাবর্ত, কিছুক্ষণেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৩ জেলায়

    খেল দেখাবে ঘূর্ণাবর্ত, কিছুক্ষণেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৩ জেলায়

    সহেলি মিত্র, কলকাতাঃ অকাল বৃষ্টিতে ভিজতে শুরু করেছে বাংলা। কেউ হয়তো ভাবতেও পারেনি শীত যেতে না যেতেই আচমকা বৃষ্টি নামবে বাংলাজুড়ে। গতকাল শনিবার বাংলার বেশ কিছু অংশে বৃষ্টি হয়েছে। তবে আজ রবিবার ছুটির দিনেও বৃষ্টি হওয়ার (South Bengal Weather) সম্ভাবনা প্রবল বলে খবর। আজ দুপুরের পর জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিশ্চয়ই ভাবছেন কেন আবহাওয়া বদল হয়েছে বাংলার? মূলত ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হচ্ছে এবং হবে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

    কিছুক্ষণেই বৃষ্টি নামবে এই জেলাগুলিতে!

    আজ সকাল থেকেই বাংলার আকাশ মেঘলা। মাঝেমধ্যে সূর্য উঁকি দিলেও বেশিক্ষণ থাকছে না। কিছু কিছু জেলায় আবার সক্লাএর দিকে ভালো রকম কুয়াশাও ছিল। যাইহোক, আজও রাজ্যের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও জম্মু এবং মধ্য পাকিস্তানেও সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্তের। এছাড়া আবার দোসর হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা যেটি রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। আজ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির আভাস রয়েছে।

    আরও পড়ুনঃ বিশ্বের কঠিনতম রেল প্রকল্প ভারতের! ২৭০ কিমি সুড়ঙ্গ খুঁড়ে চিন সীমান্তে যাবে ট্রেন 

    আলিপুর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে। এরপর সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং হুগলী জেলায় বৃষ্টি হতে পারে। এরপর মঙ্গলবার দুই ২৪ পরগণা, নদীয়া, দুই মেদিনীপুর, কলকাতা জেলায় বৃষ্টি হবে। আগামী বুধবার অবধি বৃষ্টি চলবে জেলাগুলিতে।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    উত্তরবঙ্গের কথা বললে আজ দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হতে পারে। এরপর আগামীকাল সোমবার বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলায়। এরপর মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ারে।

  • ট্রোলের জেরে ছেড়েছিলেন সোশ্যাল মিডিয়া! মুখ্যমন্ত্রীর পরামর্শে কামব্যাক ইমনের

    ট্রোলের জেরে ছেড়েছিলেন সোশ্যাল মিডিয়া! মুখ্যমন্ত্রীর পরামর্শে কামব্যাক ইমনের

    প্রীতি পোদ্দার, কলকাতা: ‘বঙ্গবিভূষণ’ বিতর্কের জেরে, কিছুদিন আগেই স্যোশাল মিডিয়া ছেড়েছিলেন বাংলার উন্নয়ন পাঁচালির গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। এমনকি মৃত মাকে নিয়েও একাধিক ট্রোল করা হয়েছিল তাঁকে। শেষে বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়া (Social Media) ছেড়েছিলেন তিনি। আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে ফের সোশ্যাল মিডিয়ায় আসতে চলেছেন ইমন।

    ব্যাপক ট্রোলিংয়ের মুখে ইমন

    সম্প্রতি গায়িকা ইমন চক্রবর্তী বঙ্গবিভূষণ পেয়েছিলেন রাজ্য সরকারের তরফ থেকে। আর সেই পুরস্কার পেতেই তাঁকে নিয়ে দেদার ট্রোল শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ক’দিন আগে মায়ের মৃত্যুবার্ষিকীতে একটি পোস্ট করেছিলেন ইমন। সেখানেও তাঁকে ছাড়েনি ট্রোলাররা। রীতিমত একেরপর এক ব্যক্তিগত আক্রমণ করা হয় তাঁকে। ইমন চক্রবর্তী কেন রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালি গিয়েছেন, সেই কারণে তাঁকে তো কটাক্ষ, বিদ্রুপ করা হয়েছেই, ছাড় দেওয়া হয়নি গায়িকার প্রয়াত মাকেও। এরপরই লাইভে এসে ইমন জানিয়ে দেন, ব্যক্তিগত জীবন আর সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবেন না তিনি। এমনকি তিনি আর সমাজমাধ্যমে আর সক্রিয় থাকবেন না বলেও জানিয়েছিলেন। তবে এবার মুখ্যমন্ত্রীর কথায় সোশ্যাল মিডিয়ায় ফিরছেন তিনি।

    ইমনকে পরামর্শ মমতার

    নিউজ১৮-এর সোজাসাপটা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ইমন চক্রবর্তীর প্রতি ট্রোলারদের আচরণে বিরক্তিপ্রকাশ করেছিলেন। তিনি বলেন, ” সেদিন ওঁর মায়ের মৃত্যুদিন ছিল! আমরা তো শিবাজী চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর, রাঘব, শ্রীজাত, গণেশচন্দ্র হালুই,শ্রীজাত, বাবুল সুপ্রিয়কেও বঙ্গবিভূষণ দিয়েছি! তাহলে শুধু ইমনকে কেন একঘরে করা হল? এটা খুব খারাপ।” এর পরই তিনি ইমনকে পরামর্শ দিয়ে বলেন, ‘আনসোশ্যাল লোকেদের জন্য তুমি সোশ্যাল মিডিয়া কেন ছাড়বে? বেশি করে ধর!’ এরপরই ইমন চক্রবর্তী পুনরায় সোশ্যাল মিডিয়ায় আসার কথা জানান।

    আরও পড়ুন: ৫টার মধ্যে জবাব চাই! রাষ্ট্রপতি মুর্মুর দার্জিলিং সফরে অব্যবস্থা নিয়ে নবান্নকে কড়া চিঠি

    ইমন চক্রবর্তী একটি সাক্ষাৎকারে বলেন, ‘ একজন মানুষ হিসেবে দিদিকে আমি খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা শিরোধার্য করলাম। আসলে কষ্টটা খুব মনে পেয়েছি। কথাটা খুব মনে লেগেছে। সেই জন্য এই মন খারাপ, এটা কাটতে একটু বোধ হয় সময় লাগবে। আমার জন্য আমার পরিবারের মানুষদের কোনও খারাপ কথা বললে, সেই খারাপ লাগাটা আরও দীর্ঘস্থায়ী হয়। ঠিক হয়ে যাবো তাড়াতাড়ি। শীঘ্রই স্যোশাল মিডিয়াতে নিশ্চয়ই ফিরবো।’ প্রসঙ্গত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পশ্চিমবঙ্গ সরকারের তরফে ‘বঙ্গ সম্মান’-এর ঘোষণা করা হয়েছিল। আর সেই তালিকায় ছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁকেও সমানভাবে ট্রোলড হতে হয়েছিল।

  • বিশ্বের কঠিনতম রেল প্রকল্প ভারতের! ২৭০ কিমি সুড়ঙ্গ খুঁড়ে চিন সীমান্তে যাবে ট্রেন

    বিশ্বের কঠিনতম রেল প্রকল্প ভারতের! ২৭০ কিমি সুড়ঙ্গ খুঁড়ে চিন সীমান্তে যাবে ট্রেন

    সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই পরিধি বাড়ছে ভারতীয় রেলের (Indian Railways)। একটা সময়ে যেখানে কোনওদিন রেললাইন হবে সেটা ভাবা যায়নি, আজ সেখানে অবধি রেল লাইন বসছে এবং ট্রেন পরিষেবা শুরু হয়েছে। সে আইফেল টাওয়ারের চেয়েও উঁচু চেনাব ব্রিজের ওপর দিয়ে ট্রেন পরিষেবা হোক কিংবা পাহাড় কেটে সেবক-রংপো রেল প্রকল্প হোক, সবই করছে রেল। যাইহোক, এখন রেল আরও এক অসাধ্য সাধন করতে চলেছে বলে খবর। শোনা যাচ্ছে, ভারতীয় রেল শীঘ্রই হিমালয় পর্বতমালার মধ্য দিয়ে চীন সীমান্ত পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্য নিয়েছে।

    এবার চিন সীমান্ত অবধি যাবে রেল

    রিপোর্ট অনুযায়ী, রেলওয়ে বোর্ড বিলাসপুর-মানালি-লেহ রেল লাইন প্রকল্পের (Bilaspur-Manali-Leh railway) বিস্তারিত প্রকল্প ডিপিআর প্রতিরক্ষা মন্ত্রকে নাকি ইতিমধ্যেই জমা দিয়েছে। প্রায় ১.৩১ লক্ষ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রেললাইনটি কেবল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত প্রকল্পগুলির মধ্যে একটি নয়, বরং বিশ্বের সর্বোচ্চ উচ্চতার রেল নেটওয়ার্কও হবে বলে মনে কয়রা হচ্ছে। পুরো রেললাইনটি ৪৮৯ কিলোমিটার দীর্ঘ হবে বলে খবর। সবথেকে বড় কথা, ট্রেন ছুটতে পারে দীর্ঘ ২৭০ কিমি দীর্ঘ টানেলের মধ্যে দিয়ে।

    আরও পড়ুনঃ পরশুরাম ছেড়ে বিগ বস বাংলায় তৃণা সাহা? জল্পনার মাঝেই মুখ খুললেন অভিনেত্রী

    এদিকে প্রস্তাবিত বিলাসপুর-মানালি-লেহ রেলপথের মোট দৈর্ঘ্য হবে প্রায় ৪৮৯ কিলোমিটার। এই পুরো রুটে প্রায় ৪০টি রেলস্টেশন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫,০০০ ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এই রেলপথটিকে বিশ্বের সর্বোচ্চ রেলপথ হিসেবে বিবেচনা করা হবে। উত্তর রেলওয়ে এই প্রকল্পের জন্য চূড়ান্ত স্থান জরিপও সম্পন্ন করেছে।

    থাকবে ২৭০ কিলোমিটার দীর্ঘ টানেল

    এই রেল প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর ইঞ্জিনিয়ারিং কাঠামো। সমগ্র রেললাইনের প্রায় ৫৫ শতাংশ, অর্থাৎ প্রায় ২৭০ কিলোমিটার, টানেলের মধ্য দিয়ে যাবে। এই প্রকল্পে মোট ৬২টি টানেল এবং ১১৬টি বৃহৎ সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এই টানেল এবং সেতুগুলি পাহাড়ি অঞ্চলের কঠিন ভৌগোলিক চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠবে। এই লাইনে চলাচলকারী ট্রেনগুলির সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার। একবার চালু হলে, দিল্লি থেকে লেহ ভ্রমণের সময় ৪০ ঘন্টা থেকে কমে প্রায় ২০ ঘন্টা হবে। এর ফলে লাদাখে পৌঁছানো আগের তুলনায় আরও অনেক সহজ এবং দ্রুত হবে।

    আরও পড়ুনঃ বদলে গেল ভোল, অমৃত ভারত প্রকল্পের আওতায় অত্যাধুনিক হল সিউড়ি থেকে হলদিয়া স্টেশন 

    এই প্রকল্পটি কেবল পর্যটন এবং সাধারণ ভ্রমণের জন্যই নয়, জাতীয় নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। বর্তমানে, ভারী তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়া প্রায়শই লাদাখের সাথে যোগাযোগ ব্যাহত হয়ে যায়। একবার এই প্রস্তাবিত রেলপথটি সম্পন্ন হলে, সারা বছর সেনা এবং প্রয়োজনীয় সরবরাহের চলাচল সম্ভব হবে। সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা আরও জোরদার করবে। অর্থাৎ ভ্রমণ এবং সুরক্ষা দুইই থাকবে। এখন শুধু প্রতিরক্ষা মন্ত্রকের সবুজ সিগন্যালের অপেক্ষা।

  • ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল লন্ডভন্ড করবে বৃষ্টি? দেখুন ওয়েদার রিপোর্ট

    ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল লন্ডভন্ড করবে বৃষ্টি? দেখুন ওয়েদার রিপোর্ট

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: 140 কোটি ভারতবাসীর চোখ এখন আহমেদাবাদে। কেননা, এই শহরের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে বহু অপেক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল (India Vs New Zealand)। যেই আসরে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে একটানা দ্বিতীয়বারের জন্য ট্রফি জয়ের সুযোগ রয়েছে ভারতের। অন্যদিকে নিউজিল্যান্ডও চাইবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের প্রথম ট্রফি ঘরে তুলতে। তবে ম্যাচ শুরুর আগে যে প্রশ্নটা ভক্তদের কুরে কুরে খাচ্ছে তা হল, আজকের ম্যাচে বৃষ্টি (Weather) হবে কি। কেমন থাকবে আজকের আবহাওয়া?

    ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি হবে?

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী, আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সন্ধ্যা 7টা থেকে শুরু হবে দু দলের দুর্ধর্ষ ফাইনাল। তার আগে অ্যাকুওয়েদারের রিপোর্ট বলছে, আহমেদাবাদের তাপমাত্রা আজ সকাল থেকে প্রায় 34 ডিগ্রী সেলসিয়াস এর কাছাকাছি ঘোরাফেরা করছে। বেলা বাড়তেই তাপমাত্রা পৌঁছবে 41 ডিগ্রী সেলসিয়াসে। যদিও সন্ধ্যার দিকে কমতে শুরু করবে তাপমাত্রা। ম্যাচ যখন শুরু হবে আহমেদাবাদের তাপমাত্রা তখন 29 ডিগ্রী সেলসিয়াসে ঘোরাফেরা করতে পারে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    কয়েকজন বিশিষ্ট আবহাওয়াবিদের দাবি, ম্যাচ শুরুর সময় আকাশ পরিস্কার থাকবে। সেই সাথে ম্যাচ চলাকালীন বৃষ্টির এক শতাংশও সম্ভাবনা নেই। এক কথায়, খারাপ আবহাওয়া বা বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচ ভেস্তে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। কাজেই ICC ফাইনালের প্রথম দিনের বিকল্প হিসেবে যে রিজার্ভ ডে রেখেছিল তা খুব সম্ভবত ব্যবহার করতে হচ্ছে না।

    অবশ্যই পড়ুন: যা পারেননি মহেন্দ্র সিং ধোনি, রোহিতরা! ফাইনালে সেটাই করে দেখাতে পারেন সূর্যকুমার

    উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং নিউজিল্যান্ড দুই দলই একের পর এক ম্যাচ জিতে বিপুল শক্তি সঞ্চয় করেছে। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড হারিয়েছে ভারতকে হারিয়ে দেওয়া দক্ষিণ আফ্রিকাকে। অন্যদিকে শক্তিশালী দল ইংল্যান্ডকে গুঁড়িয়ে দ্বিতীয় ফাইনালিস্ট হয়েছে টিম ইন্ডিয়া। এখন দেখার 2026 এর টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি কোন দলের ঘরে ওঠে।

  • ৫টার মধ্যে জবাব চাই! রাষ্ট্রপতি মুর্মুর দার্জিলিং সফরে অব্যবস্থা নিয়ে নবান্নকে কড়া চিঠি

    ৫টার মধ্যে জবাব চাই! রাষ্ট্রপতি মুর্মুর দার্জিলিং সফরে অব্যবস্থা নিয়ে নবান্নকে কড়া চিঠি

    প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটের কারণে উত্তপ্ত বঙ্গ রাজ্য রাজনীতি, একাধিক ইস্যু নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘাত লেগেই চলেছে। আর এই আবহে বাংলায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সভা ঘিরে বিতর্ক যেন আরও দানা বাধল। জানা গিয়েছে বাংলার মুখ্যসচিবের কাছে এবার সরাসরি রিপোর্ট চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। রিপোর্টের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে কেন রাষ্ট্রপতির সভার স্থানবদল করা হয়েছে। বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা।

    রাষ্ট্রপতির সফর ঘিরে মহা বিতর্ক

    গতকাল অর্থাৎ শনিবার শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দিতে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সকাল সাড়ে ১১টা নাগাদ বায়ুসেনার বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন রাষ্ট্রপতি। শুক্রবার বিকেলে উত্তরবঙ্গে আসার কথা ছিল তাঁর। কিন্তু কিছু কারণে তাঁর সফরসূচির পরিবর্তন হয়। আগের অনুষ্ঠান সূচি অনুযায়ী, বিধাননগরে আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দেওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। কিন্তু নিরাপত্তার কারণে গোঁসাইপুর থেকে ভার্চুয়াল মাধ্যমে সাঁওতাল কনফারেন্সে যোগ দেন তিনি। কিন্তু পরে এই স্থান পরিবর্তন নিয়েই অসন্তুষ্ট হন রাষ্ট্রপতি মুর্মু। রাজ্যের ব্যবস্থাপনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন।

    মুখ্য সচিবের কাছে রিপোর্ট চাইল কেন্দ্র

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, “আমিও বাংলার মেয়ে। আমাকে বাংলায় আসতেই দেওয়া হয় না। মমতাদি আমার ছোট বোন। জানি না, আমার উপর কী রাগ। যাই হোক… কোনও অভিযোগ নেই। কোনও ক্ষোভ নেই। উনি ভাল থাকুন, আপনারাও ভাল থাকুন।” এমতাবস্থায় গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরে কী কী ঘটেছে, স্থানবদল কেন করা হয়েছে, প্রশাসন কী কী পদক্ষেপ করা হয়েছে, সবটাই লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে কেন্দ্রের তরফে। রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ রবিবার, সকালে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন এই বিষয়ে একটি নির্দেশিকা পাঠিয়েছেন। যেখানে বলা হয়েছে, আজ বিকেল পাঁচটার মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে।

    রাষ্ট্রপতি সফর নিয়ে কী বলছে প্রশাসন?

    উত্তরবঙ্গ সফরে এসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মন্তব্যকে ঘিরে যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল, তাই নিয়ে রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, শিলিগুড়ির যে অনুষ্ঠানে রাষ্ট্রপতি যোগ দিয়েছিলেন সেটি ছিল ‘ইন্টারন্যাশনাল সান্তাল কাউন্সিল’ নামে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগ, এবং সেখানে প্রোটোকল ভাঙার কোনও ঘটনা ঘটেনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী বিজেপিকে টার্গেট করে বলেন, “মাননীয়া রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি। তাঁকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে! বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে!’’

    আরও পড়ুন: যুবসাথীর চক্করে কত হাজার কোটির ধাক্কা রাজ্য সরকারের? ভয়ঙ্কর রিপোর্ট দিল RBI

    রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফর সংঘাতকে নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। রাষ্ট্রপতির অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। প্রথমে ইংরেজিতে, তার পরে বাংলায় এবং পরে অলচিকি লিপিতেও এই ঘটনার নিন্দা করেন। পাশাপাশি দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেন, “রাজ্যের গাফিলতির কারণে এই পরিস্থিতি, এটা দেশের সাংবিধানিক প্রধানকে অপমান, আদিবাসী-সাঁওতাল সমাজকে অপমান।”

  • যা পারেননি মহেন্দ্র সিং ধোনি, রোহিতরা! ফাইনালে সেটাই করে দেখাতে পারেন সূর্যকুমার

    যা পারেননি মহেন্দ্র সিং ধোনি, রোহিতরা! ফাইনালে সেটাই করে দেখাতে পারেন সূর্যকুমার

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভারতের (India National Cricket Team) ঝুলিতে এসেছিল রোহিত শর্মার হাত ধরে। তবে তিনি এই মুহূর্তে 20 ওভারের ক্রিকেটে অতীত। ভারতীয় টি-টোয়েন্টি দল সামলাচ্ছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এবার তাঁর নেতৃত্বেই একটানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় ভারতীয় দল। স্কাই যদি আজ ফাইনালে টিম ইন্ডিয়াকে জেতাতে পারেন তবে তাঁর হাত ধরেই ইতিহাসের পাতায় নাম লেখাবে ভারত। তবে শুধু এটাই নয়। ভারতীয় অধিনায়কের কাছে সুযোগ রয়েছে বিশ্বকাপের ফাইনালে বড় রান করে পুরনো ধারা ভেঙে দেওয়ার।

    পুরনো ধারা ভেঙে দেবেন সূর্য!

    টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আজ পর্যন্ত তিনবার ফাইনাল খেলেছে ভারতীয় দল। তবে অবাক করা বিষয়, 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পর্যন্ত মোট তিনবার অর্থাৎ 2007, 2014 এবং 2024 সালের বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের অধিনায়করা কেউই ব্যাট চালিয়ে দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। তিনটি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতীয় অধিনায়কদের রান একত্রিত করলে 19 রান হয়। এক কথায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ফাইনালে ভারতীয় অধিনায়কদের কেউই আজ পর্যন্ত দুই অঙ্কের রান করতে পারেননি।

    কাজেই আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সূর্য যদি অন্তত 10 রানও করতে পারেন তবে তিনি হয়ে উঠবেন ভারতের প্রথম অধিনায়ক যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন। আর সেটা হলে, ভারতীয় অধিনায়কদের ব্যর্থতার যে ধারা বা প্রবণতা তা পুরোপুরি মিটে যাবে। সহজ ভাষায় বলতে গেলে, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা রাজা পারেননি সেটাই করে দেখাতে পারেন সূর্য। যদিও ক্রিকেট বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, গত কয়েকটি ম্যাচে সেভাবে রান করতে না পারায় ফাইনালে সুযোগ পেলে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেন স্কাই। কাজেই তাঁর উপর নজর থাকবে ভক্তদের।

    অবশ্যই পড়ুন: ভারত না নিউজিল্যান্ড, T20 বিশ্বকাপে কার ক্ষমতা বেশি? পরিসংখ্যান দেখলে ভয় পাবেন!

    উল্লেখ্য, আজ অর্থাৎ 8 মার্চ, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে ভারত বনাম নিউজিল্যান্ডের মেগা ফাইনাল। নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা সাতটায় শুরু হবে খেলা। তার আগে সাড়ে ছটায় অনুষ্ঠিত হবে দুই দলের টস পর্ব। যার উপর নির্ভর করছে ম্যাচের একটা বড় অংশের হার-জিত।