Blog

  • এয়ারপোর্ট অবধি ছুটবে হাইস্পিড ট্রেন! ৭০ কিমি মাত্র ২১ মিনিটে, বিরাট প্ল্যান রেলের

    এয়ারপোর্ট অবধি ছুটবে হাইস্পিড ট্রেন! ৭০ কিমি মাত্র ২১ মিনিটে, বিরাট প্ল্যান রেলের

    সহেলি মিত্র, কলকাতা: মেট্রো অতীত, এবার বিমানবন্দর অবধি হাইস্পিড ট্রেন (High-speed Rail) চালানোর পরিকল্পনা শুরু রেলের। জানা গিয়েছে, রেলের তরফে এমন এক ট্রেন চালানো হবে যা ৭০ কিমি রাস্তা মাত্র ২১ মিনিটে পার করবে। শীঘ্রই ছুটতে পারে বুলেট ট্রেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

    এবার বিমানবন্দর অবধি হাইস্পিড ট্রেন চালাবে রেল

    আসলে রেলের তরফে এমন এক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যার দরুণ লাভবান হবেন দিল্লি-এনসিআর-এর মানুষ। এখন নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো আরও সহজ হবে। কোনও যানজট হবে না, বরং আসা যাওয়া আরও দ্রুত হবে। মূলত দিল্লি এবং নয়ডা বিমানবন্দরের মধ্যে একটি বুলেট ট্রেন (Bullet Train) চালু করার কাজ চলছে। এর ফলে আপনি দিল্লি থেকে সরাসরি নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ জেওয়ার বিমানবন্দর (Jewer Airport) অবধি অনায়াসেই বলা ভালো চোখের নিমিষে পৌঁছাতে পারবেন। নয়ডা বিমানবন্দরকে বুলেট ট্রেন প্রকল্পের সাথে সংযুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

    মঙ্গলবার ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL) এর কর্মকর্তারা যমুনা কর্তৃপক্ষের সদর দপ্তর পরিদর্শন করেছেন। জমির প্রাপ্যতা, যাত্রী ধারণক্ষমতা এবং বিমানবন্দরের কাছে একটি স্টেশনের নকশা নিয়ে আলোচনা হয়েছে।  রেল কর্মকর্তাদের মতে, বুলেট ট্রেনের জন্য বিমানবন্দরের কাছে একটি ভূগর্ভস্থ স্টেশন উপযুক্ত বলে বিবেচিত হচ্ছে।

    কী বলছেন রেল কর্তারা?

    কর্মকর্তারা বলছেন যে জেওয়ার বিমানবন্দরটি দিল্লি থেকে বারাণসী পর্যন্ত প্রস্তাবিত উচ্চ-গতির বুলেট ট্রেনের সাথে সংযুক্ত হবে। এর ডিপিআর প্রস্তুত করার প্রক্রিয়া চলছে। মঙ্গলবার NHSRCSL-এর একটি দল যমুনা কর্তৃপক্ষের সাথে এর সারিবদ্ধকরণ চূড়ান্ত করতে পরিদর্শন করেছে। NHSRCSL-এর  প্রধান প্রকল্প ব্যবস্থাপক সুধীর কুমার গুপ্ত সিইও রাকেশ কুমার সিং এবং এসিইও শৈলেন্দ্র ভাটিয়ার সাথে দেখা করেছেন।

    ২টি ভূগর্ভস্থ স্টেশন তৈরি করা হবে

    সিইও শৈলেন্দ্র ভাটিয়া জানিয়েছেন যে নয়ডায় দুটি ভূগর্ভস্থ স্টেশন তৈরির পরিকল্পনা করা হয়েছে। একটি গ্রেটার নয়ডায় অবস্থিত সেক্টর ১৪৮-এ থাকবে। দ্বিতীয় স্টেশনটি নয়ডায় আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেওয়ারে নির্মিত হবে। নয়ডায় বিমানবন্দরের গ্রাউন্ড ট্রান্সপোর্টেশন সেন্টারের (জিটিসি) মধ্যে ভূগর্ভস্থ এই স্টেশনটি তৈরির পরিকল্পনা করা হয়েছে। বিমানবন্দরের জিটিসিতে মেট্রো এবং নমো ভারত ভূগর্ভস্থ স্টেশন ইতিমধ্যেই প্রস্তাবিত। রেলওয়ে এই স্থান থেকে চোলা এবং রুন্ধির সাথে রেল ট্র্যাকের মাধ্যমে নয়ডায় বিমানবন্দরকে সংযুক্ত করার পরিকল্পনা করেছে।

    আরও পড়ুনঃ LPG সঙ্কটের মাঝে যাত্রীদের খাবারের জন্য রেলের ক্যান্টিনকে বড় নির্দেশ IRCTC-র

    মাত্র ২০ মিনিটে যাওয়া যাবে বিমানবন্দরে

    রেল কর্তারা বলছেন যে বুলেট ট্রেন প্রকল্পটি সম্পন্ন হলে, দিল্লির সরাই কালে খান থেকে নয়ডা বিমানবন্দর পর্যন্ত ৭০ কিলোমিটার যাত্রায় প্রায় ২০ মিনিট সময় লাগবে। বেশিরভাগ রুটটি উঁচু করে তৈরি করা হবে। এটি নয়ডা এবং গ্রেটার নয়ডার মধ্যে এক্সপ্রেসওয়ের কেন্দ্রীয় প্রান্তে নির্মিত হওয়ার প্রস্তাব করা হয়েছে। এর পরে, যমুনা এক্সপ্রেসওয়ের মাধ্যমে বিমানবন্দরের সাথে একটি সারিবদ্ধকরণ তৈরি করা হবে।

  • ভবিষ্যতের মুখ কমরেডের বিরুদ্ধে ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ! অস্বস্তিতে SFI

    ভবিষ্যতের মুখ কমরেডের বিরুদ্ধে ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ! অস্বস্তিতে SFI

    প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে বেশ তপ্ত পরিস্থিতি রাজ্য রাজনীতিতে। জনসংযোগ বৃদ্ধি করতে রীতিমত মরিয়া হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলি। এমতাবস্থায় সিপিএমের ছাত্র সংগঠন SFI এর সদস্যের বিরুদ্ধে ফের যৌন হেনস্তার অভিযোগ উঠে এল। জানা গিয়েছে কলকাতার এক SFI ছাত্রী সরাসরি সংগঠনেরই এক ছাত্রনেতার (SFI Leader) বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন। নির্বাচনের আবহে ঘটনাটি প্রকাশ্যে আসায় সংগঠনের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

    একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক ছাত্রনেতার

    অভিযোগকারিণীর দাবি, অভিযুক্ত ছাত্রনেতা দীর্ঘদিন ধরে নাকি তাঁর সঙ্গে সম্পর্কে ছিলেন এবং ভবিষ্যতে একসঙ্গে জীবন কাটানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এখানেই শেষ নয়, তাঁদের মধ্যে নাকি শারীরিক সম্পর্কও তৈরি হয়। কিন্তু পরে অভিযোগকারিণী জানতে পারেন, একই সময়ে ওই ছাত্রনেতা একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন। এরপর আচমকাই সম্পর্ক থেকে সরে গিয়ে ওই ছাত্রনেতা অভিযোগকারিণীকে ‘ইন্টেলেকচুয়ালি নিম্নমানের’ বলে অপমান করেন। জেলা নেতৃত্বের কাছে অভিযোগ জানানো হলেও তাঁকে বলা হয়, “এসব করে কিছু হবে না।” জানা গিয়েছে, গোটা ঘটনার পর অভিযোগকারিণী মানসিকভাবে ভেঙে পড়েছেন।

    বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা

    সূত্র মারফত জানা যাচ্ছে, অভিযুক্ত ওই ছাত্রনেতা কলকাতা জেলার উত্তরের দিকে এক অঞ্চলিক কমিটির সদ্য প্রাক্তন সম্পাদক। তাঁকে নাকি উত্তর ও মধ্য কলকাতার বাম নেতৃত্বের একাংশ নির্বাচনে ভবিষ্যতের মুখ হিসেবে তুলে ধরতে চাইছে। আর এই অবস্থায় যৌন নির্যাতনের মত ভয়ংকর অভিযোগ দলকে অস্বস্তির মধ্যে ফেলেছে। সংগঠনের জেলা সম্পাদক ও সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এদিকে আজ অর্থাৎ ১১ মার্চ থেকে ১৩ মার্চ কলকাতা জেলার এসএফআইয়ের জেলা সম্মেলন হওয়ার কথা। কিন্তু এই অভিযোগ প্রকাশ্যে আসার পর সম্মেলনের ব্যাপারে একাধিক প্রশ্ন উঠছে।

    আরও পড়ুন: DA নিয়ে এবার নয়া পদক্ষেপ রাজ্য সরকারের, ধৈর্যের বাঁধ ভাঙল কর্মীদের

    এর আগেও গত কয়েক বছরে বাম সংগঠনের ভেতরে একাধিকবার যৌন হেনস্থার অভিযোগ সামনে এসেছে। কয়েক মাস আগে আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় দফতরেই এক মহিলা কর্মী প্রকাশ্যে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন। অন্যদিকে দমদম-লেকটাউন এলাকার এক এসএফআই নেতার বিরুদ্ধে এক মহিলা নেত্রী মদ্যপানের প্রস্তাব দেওয়া, ফাঁকা ফ্ল্যাটে ডাকা এবং শারীরিক সম্পর্কের জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে পদ ছাড়তে হয়েছিল। এখন দেখার অভিযুক্ত এই ছাত্র নেতার বিরুদ্ধে দল কী ব্যবস্থা গ্রহণ করে।

  • “আমার জনগণকে রক্ষা করুন মা দুর্গা”,  চলে যাওয়ার আগে রাজ্যবাসীকে খোলা চিঠি বোসের

    “আমার জনগণকে রক্ষা করুন মা দুর্গা”, চলে যাওয়ার আগে রাজ্যবাসীকে খোলা চিঠি বোসের

    প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটের আবহে সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর পদত্যাগ রাজ্য রাজনীতিতে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেছেন, এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক কারণ থাকতে পারে। তবে সব কিছু ভুলে রেখে এবার রাজ্যবাসীর কাছে খোলা চিঠি লিখলেন বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোস। সকলের জন্য মা দুর্গার কাছে করলেন মঙ্গল কামনা।

    খোলা চিঠি আনন্দ বোসের

    রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস একটি খোলা চিঠি লিখেছেন। যেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, “রাজ্যপাল পদে আমার মেয়াদ শেষ হয়ে গিয়েছে ৷ তবুও পশ্চিমবঙ্গে আমার যাত্রা এখনও শেষ হয়নি । আমি আমার দ্বিতীয় বাড়ি-পশ্চিমবঙ্গের সঙ্গে এর অবিচ্ছেদ্য অংশ হিসাবে যুক্ত থাকব।” চিঠিতে আনন্দ বোস পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসা ও আন্তরিকতার কথা উল্লেখ করে বলেন, “আমার প্রিয় বাংলার সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ, শিশুদের উচ্ছ্বাস, যুবকদের দৃঢ় করমর্দন এবং প্রবীণদের স্নেহময় দৃষ্টির স্মৃতি অমূল্য হয়ে থাকবে। আমি আবারও আপনাদের প্রতি আমার সমর্থন এবং বিবেচনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

    রাজ্যের মানুষের আন্তরিকতা নিয়ে আপ্লুত বোস

    চিঠিতে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার একটি অংশও তুলে ধরেছেন প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস যেখানে শ্রমজীবী মানুষের মধ্যেই ঈশ্বরের উপস্থিতির কথা বলা হয়েছে। বাংলার সংস্কৃতি, সাহিত্য ও মানুষের আন্তরিকতার কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, এখানে কাটানো সময় তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। রাজ্যের বিভিন্ন জেলা সফর করে সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলার সুযোগ পেয়েছেন। কখনও সাধারণ মানুষের বাড়িতে বসে খেয়েছেন, কখনও ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটিয়েছেন। আবার নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করার অভিজ্ঞতাও তাঁর কাছে অত্যন্ত মূল্যবান।

    আরও পড়ুন: আট মাসেই মেমারিতে ধসল ১৯ নং জাতীয় সড়কের গার্ডওয়াল, বন্ধ যান চলাচল

    খোলা চিঠির শেষে বিদায়ী রাজ্যপাল পশ্চিমবঙ্গের মানুষের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি জানিয়েছেন, আগামী দিনে বাংলা আরও গৌরবের শিখরে পৌঁছাবে বলে তাঁর বিশ্বাস। একইসঙ্গে তিনি বাংলার মানুষের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে লেখেন, ‘মা দুর্গা আমার জনগণকে রক্ষা করুন।’ প্রসঙ্গত, গতকাল বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষাতের পর মমতা বলেন, ‘‘উনি চলে যাচ্ছেন। তাই ওঁর সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমরা একসঙ্গে অনেক দিন কাজ করেছিলাম। আমার সঙ্গে ওঁর ভাল সম্পর্ক ছিল।’’

  • LPG সঙ্কটের মাঝে যাত্রীদের খাবারের জন্য রেলের ক্যান্টিনকে বড় নির্দেশ IRCTC-র

    LPG সঙ্কটের মাঝে যাত্রীদের খাবারের জন্য রেলের ক্যান্টিনকে বড় নির্দেশ IRCTC-র

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধের কারণে দাম বেড়েছে রান্নার গ্যাসের। দেশের বিভিন্ন প্রান্তে কার্যত দেখা দিয়েছে LPG র সংকট! ঠিক সেই আবহে বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারতীয় রেলের (Indian Railways) নিজস্ব সংস্থা IRCTC। জানা যাচ্ছে, সম্ভাব্য LPG সরবরাহ সংকটের আশঙ্কায় এবার স্টেশন ভিত্তিক ক্যাটারিং পরিষেবায় বিরাট বদল আনছে IRCTC। রেল সূত্রে যা খবর, স্টেশনগুলিতে থাকা স্থায়ী ক্যাটারিং ইউনিট গুলিকে বিকল্প রান্নার পদ্ধতি হিসেবে মাইক্রোওয়েভ ও ইন্ডাকশন ব্যবহার করে খাবার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

    তাহলে কি ট্রেনের প্যান্ট্রি কারেও চালু হবে এই নিয়ম?

    একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় রেলের সহায়ক সংস্থা IRCTC বিভিন্ন ক্যাটারিং ইউনিট গুলিকে রান্নার যে পদ্ধতি অবলম্বনের নির্দেশ দিয়েছে তা কিন্তু শুধুমাত্র স্টেশনের ক্যাটারিং ইউনিটগুলির জন্যেই প্রযোজ্য। অর্থাৎ ট্রেনে চলমান প্যান্ট্রি কারে অথবা অন বোর্ড ক্যাটারিং পরিষেবার ক্ষেত্রে এই নির্দেশ লাগু হবে না। কর্তৃপক্ষের তরফে খুব পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, LPG র সম্ভাব্য সংকটকে মাথায় রেখে আগামীতে যাত্রীদের খাবার সরবরাহের ক্ষেত্রে কোনও ব্যাঘাত না ঘটে সেজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হল।

    ওই নির্দেশিকায় স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, ভারতীয় রেলের অধীনস্থ যেসব স্টেশন গুলিতে খাবার তৈরি বা রান্নার পদ্ধতি সম্পূর্ণভাবে LPG বা রান্নার গ্যাসের উপর নির্ভরশীল সেইসব ক্যাটারিং ইউনিটগুলিকে এবার থেকে মাইক্রোওয়েভ বা ইন্ডাকশনের মাধ্যমে খাবার প্রস্তুত করার উপর জোর দিতে হবে। ইনডাকশন চুলার মতো যন্ত্রগুলিতে রান্না করলে গ্যাসের উপর নির্ভরতা অনেকটাই কমবে। তাতে আগামী দিনে সমস্যায় পড়তে হবে না ক্যাটারিং ইউনিটগুলিকে। সেক্ষেত্রে পরবর্তীতে জরুরি পরিস্থিতিতে খাবার সরবরাহের কাজটাও অনেকটাই সহজ হবে।

     

    আরও এক গুরুত্বপূর্ণ নির্দেশ

    ভারতীয় রেলের সাথে যুক্ত বিভিন্ন ক্যাটারিং ইউনিট বা ক্যান্টিনগুলিকে IRCTC কর্তৃপক্ষ স্পষ্ট নির্দেশ দিয়েছে, এবার থেকে বেশি করে রেডি টু ইট বা রেডিমেড খাবার মজুত রাখতে হবে। একই সাথে প্যাকেটজাত বিভিন্ন খাবার যেমন স্যান্ডউচ, স্ন্যাকসের মতো খাবার গুলি যা দ্রুত সরবরাহ করা যায় এমন খাবার বেশি করে স্টকে রাখতে হবে।

    অবশ্যই পড়ুন: “দেশ বিশ্বকাপ জিতেছে, উনি রাজনীতি করছেন” কীর্তি আজাদকে পাল্টা হরভজনের

    প্রসঙ্গত, রেলের তরফে একেবারে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে আগামীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে অবিলম্বে ইনডাকশন বা মাইক্রোওয়েভের মাধ্যমে খাবার প্রস্তুত করে তা রেলের যাত্রীদের সরবরাহ করতে হবে। LPG সংকট দেখা দিলে যাতে যাত্রীদের খাবার পরিবেশনে কোনও রকম সমস্যা না হয় তা নিশ্চিত করতেই বদ্ধপরিকর রেল।

  • আট মাসেই মেমারিতে ধসল ১৯ নং জাতীয় সড়কের গার্ডওয়াল, বন্ধ যান চলাচল

    আট মাসেই মেমারিতে ধসল ১৯ নং জাতীয় সড়কের গার্ডওয়াল, বন্ধ যান চলাচল

    প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের আবহে সরগরম রাজ্য রাজনীতি, আর এই অবস্থায় ফের উন্নয়নমূলক কাজ নিয়ে প্রশ্নের মুখে পড়ল প্রশাসন। হুড়মুড়িয়ে ধসে পড়ল জাতীয় সড়কের ফ্লাইওভারের দেওয়াল (Highway Guard Wall Collapsed in Bardhaman)। জানা গিয়েছে, বুধবার সকালে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) মেমারি থানার সরডাঙা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের ধারের একটি সুবিশাল সাইড ওয়াল হুড়মুড়িয়ে ধসে পড়ে। বিকট আওয়াজে ছুটে আসে স্থানীয়রা। তড়িঘড়ি বর্ধমানমুখী লেনে যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন।

    ঠিক কী ঘটেছিল?

    রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ বুধবার সকালে হঠাৎই বর্ধমান লেনে ১৯ নং জাতীয় সড়কের সরডাঙ্গা মোড়ে গার্ডওয়াল ধসে জাতীয় সড়কের উপরের একাংশ সম্পূর্ণ ভেঙ্গে পড়ে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সকলে। তবে জাতীয় সড়কের গার্ডওয়ালে ধসের কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ওই লেনের যান চলাচল। যাতায়াতের ক্ষেত্রে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যত তাড়াতাড়ি সম্ভব মেরামতি বন্দোবস্ত করা হবে। ফলস্বরূপ কলকাতা-বর্ধমান লেনে যান চলাচল বন্ধ থাকবে। পর্যটকদের আগাম সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।

    নির্মাণ নিয়ে প্রশ্নের মুখে প্রশাসন

    বুধবার সকালে এই বিপর্যয় ঘটার পরপরই ঘটনাস্থলে পৌঁছন সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ার এবং অন্যান্য কর্মীরা। হোমগার্ড নিখিলেশ দাস ও শেখ বাপ্পা এবং স্থানীয় পুলিশের সহায়তায় ওই অংশে ভিড় নিয়ন্ত্রণ করা হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকাবাসীর দাবি, ১৯ নম্বর জাতীয় সড়কের এই অংশটি নির্মাণ করা হয়েছিল মাস আটেক আগে। তাহলে এত দ্রুত কীভাবে ভেঙ্গে পড়ল সেই নিয়ে উঠছে প্রশ্ন। নির্মাণ সামগ্রির গুণগত মান এবং সরকারি টাকার নয়ছয় নিয়েও অভিযোগ উঠছে।

    আরও পড়ুন: মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে গর্জে উঠলেন প্রধান শিক্ষকরা

    এলাকার বাসিন্দা শেখ মিলন জানান, “এই ঘটনাটি দিনের বেলায় ঘটায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। চালকরা দেখতে পাওয়ায় গাড়ি সামলে নিয়েছেন। কিন্তু রাতে এই ঘটনা ঘটলে বড় কোনো প্রাণহানি ঘটতে পারত। তখন এর দায় কে নিত?” তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত দেওয়ালটি মেরামত করে রাস্তাটিকে আবার যান চলাচলের উপযুক্ত করে তোলা হবে।

  • এই কাজ না করলে মিলবে না LPG সিলিন্ডার! সতর্কতা জারি কেন্দ্রের

    এই কাজ না করলে মিলবে না LPG সিলিন্ডার! সতর্কতা জারি কেন্দ্রের

    সহেলি মিত্র, কলকাতাঃ কলকাতা সহ সমগ্র দেশে রীতিমতো গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) আকাল দেখা দিয়েছে। আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যে দুটো গ্যাস বুকিং-এর ক্ষেত্রে সময়সীমা ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করে দিয়েছে সরকার। এরই মাঝে সরকার নতুন এক নির্দেশিকা জারি করল যা সকলের জেনে রাখা উচিৎ। এমন এক কাজ আছে যা সকলকে শীঘ্রই করে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছে কেন্দ্র। এই কাজ না করলে আর গ্যাস নাও মিলতে পারে। নিশ্চয়ই ভাবছেন কী সেই কাজ? চলুন জেনে নেবেন।

    LPG নিয়ে নতুন নির্দেশিকা কেন্দ্রের

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে দেশে। এহেন পরিস্থিতিতে সরকার e-KYC সম্পর্কে আরও কঠোর অবস্থান গ্রহণ করেছে। এক্স হ্যান্ডেলে পেট্রোলিয়াম মন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে যে এখন থেকে প্রতিটি গ্রাহককে তাদের বায়োমেট্রিক আধার ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়ায় দেরি করলে তাদের গ্যাস ভর্তুকি স্থগিত করা হতে পারে।

    আরও পড়ুনঃ DA নিয়ে এবার নয়া পদক্ষেপ রাজ্য সরকারের, ধৈর্যের বাঁধ ভাঙল কর্মীদের

    স্বস্তি একটাই, আপনাকে কোথাও তাড়াহুড়ো করতে হবে না; আপনি আপনার স্মার্টফোন ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে ঘরে বসেই এটি সম্পন্ন করতে পারবেন। সরকার কেবল স্বচ্ছতা বৃদ্ধির জন্যই নয়, চলমান বিশ্বব্যাপী সংকটের মধ্যে মসৃণ গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্যও এই পদক্ষেপ নিয়েছে।

    e-KYC কেন জরুরি?

    গত ১০ মার্চ, মন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে যে সকল এলপিজি গ্রাহকের জন্য বায়োমেট্রিক প্রমাণীকরণ বাধ্যতামূলক। ই-কেওয়াইসি সম্পন্ন করতে ব্যর্থ হলে ভবিষ্যতে ভর্তুকি নাও মিলতে পারে। আসলে সরকার নিশ্চিত করতে চায় যে গ্যাস সুবিধাগুলি কেবলমাত্র প্রকৃত সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয় এবং কালোবাজারি রোধ করা যায়।

    আরও পড়ুনঃ ৫২৪টি LPG সিলিন্ডার ভর্তি ট্রাক উধাও! গ্যাসের সংকটের মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা ঝাঁসিতে

    কীভাবে e-KYC করবেন?

    ধাপ ১: প্রথমে আপনাকে আপনার গ্যাস কোম্পানির (ইন্ডেন, ভারত গ্যাস বা এইচপি গ্যাস) অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
    ধাপ ২: সেখান থেকে আপনার গ্যাস কোম্পানির মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন।
    ধাপ ৩: গুগল প্লে স্টোর থেকে ‘Aadhaar Face RD’ অ্যাপটি ডাউনলোড করুন। এটি ফেস স্ক্যানিংয়ের জন্য প্রয়োজনীয়।
    ধাপ ৪: গ্যাস কোম্পানির অ্যাপে যান, নির্দেশাবলী অনুসরণ করুন এবং আপনার ফেস স্ক্যান করুন।
    ধাপ ৫: এভাবে আপনার ই-কেওয়াইসি তাৎক্ষণিকভাবে সম্পন্ন হবে।

  • মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে গর্জে উঠলেন প্রধান শিক্ষকরা

    মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে গর্জে উঠলেন প্রধান শিক্ষকরা

    প্রীতি পোদ্দার, কলকাতা: সদ্য মিটেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন পদ্ধতি নিয়ে একাধিক গোলযোগের পর মোটামুটি সুষ্ঠভাবেই মিটেছে এই পরীক্ষা। তবে একাধিক বিষয় নিয়ে স্কুলের শিক্ষক থেকে শুরু করে প্রধান শিক্ষকদের (Headmasters) উপর চাপ যেন বেড়েই চলেছে। আর সেই কাজে সামান্য ভুল হলেই আসছে কারণ দর্শানোর নোটিস এবং আর্থিক জরিমানা। তাই এবার এই ব্যবস্থা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board Of Secondary Education) বিরুদ্ধে গর্জে উঠল প্রধান শিক্ষকদের সংগঠন।

    আর্থিক জরিমানা নিয়ে সংকটে প্রধান শিক্ষকরা

    দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠে আসছে যে, কোথাও রেজিস্ট্রেশনে ছাত্র অথবা ছাত্রীদের নামের বানান ভুল হলে বা কোথাও কোনও সরকারি কাজে খানিক বিলম্ব হলেই মধ্যশিক্ষা পর্ষদ স্কুলগুলিকে কারণ দর্শানোর নোটিস পাঠাচ্ছে। এখানেই শেষ নয়, প্রধান শিক্ষকদের কাছ থেকে জরিমানা স্বরূপ টাকা আদায়ও করা হচ্ছে, আর তাতেই মহা সমস্যায় পড়েছেন সকলে। তাই এবার প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক চন্দন মাইতি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে প্রতিবাদ স্বরূপ ই-মেল জানিয়েছেন।

    ইমেলের জবাব দেয়নি মধ্যশিক্ষা পর্ষদ

    প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, “কারণ দর্শানোর নোটিস তো রয়েছেই, এমনকি কোনও ক্ষেত্রে বিভাগীয় তদন্তের হুমকি দেওয়া হচ্ছে। এ ভাবে প্রধানশিক্ষকদের উপরে শাস্তির খাঁড়া নামিয়ে আনা যায় না। আমাদের অনেক দায়িত্ব পালন করতে হয়।” একই ক্ষোভ প্রকাশ করেন আরেক প্রধানশিক্ষক। তিনি জানিয়েছেন, স্কুলছুটের সংখ্যা কমিয়ে পড়ুয়াদের স্কুলমুখী করতে গিয়ে রেজিস্ট্রেশনে দেরি হয়ে যায়। কিন্তু তা নিয়ে পর্ষদের তরফে চাপ বাড়ে। যদিও এ বিষয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের কোনও বক্তব্য পেশ করেননি।

    আরও পড়ুন: সারদা কাণ্ডের গোপন নথি প্রকাশ্যে আসছে? ১৩ বছর পর বিরাট নির্দেশ হাইকোর্টের

    এর আগে ২৬ হাজার চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়ে অবস্থান নিয়েছিল প্রধান শিক্ষকদের সর্ববৃহৎ সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস। সেই সময় মধ্যশিক্ষা পর্ষদকে চিঠি পাঠিয়ে ছিল। শুধু তাই নয় ওই ২৬ হাজার চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ নিয়েও সরাসরি প্রশ্ন তুলে কাঠগড়ায় তুলেছিল পর্ষদকে। আর এবার শিক্ষকদের সামান্য ভুলের জন্য আর্থিক জরিমানা নিয়ে গর্জে উঠল সংগঠন।

  • “দেশ বিশ্বকাপ জিতেছে, উনি রাজনীতি করছেন” কীর্তি আজাদকে পাল্টা হরভজনের

    “দেশ বিশ্বকাপ জিতেছে, উনি রাজনীতি করছেন” কীর্তি আজাদকে পাল্টা হরভজনের

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর দল ভারতের (India) হাতে উঠেছে এবারের বিশ্বকাপের ট্রফি। দলীয় সাফল্যের পর সেই ট্রফি নিয়ে হনুমান মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব, প্রধান কোচ গৌতম গম্ভীর সহ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ। তা নিয়েই একেবারে বিতর্কিত মন্তব্য করে বসেন 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য তথা তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ। মূলত মন্দির নিয়ে তৃণমূল সাংসদের বিতর্কিত মন্তব্যের পাল্টা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh On Kirti Azad)।

    কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন হরভজন

    গত রবিবার রাতে তৃতীয় বিশ্বকাপ ট্রফি জেতার পর ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকে সাথে করে হনুমান মন্দিরে গিয়েছিলেন ICC চেয়ারম্যান। ভারতীয় দলের এমন ধর্মীয় আচরণকে সামনে রেখেই প্রশ্ন তোলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর বক্তব্য ছিল “ভারতের এই জয় এই ট্রফি সমস্ত ধর্মের মানুষের। তাহলে কেন নির্দিষ্ট একটি ধর্মের মন্দিরে নিয়ে যাওয়া হবে এই ট্রফি? এদিন ভারতীয় তারকা সঞ্জু স্যামসন, মহম্মদ সিরাজদের প্রসঙ্গ এবং দলের সাফল্যতে তাদের অবদানও স্মরণ করিয়েছিলেন কীর্তি। সেই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন সদস্য হরভজন সিং।

    কীর্তি আজাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং জানান, “ভারতীয় দল বিশ্বকাপ জিতেছে। উনি এটা নিয়ে রাজনীতি করছেন। দেখেও খারাপ লাগছে। একটা দল ট্রফি নিয়ে মন্দির, মসজিদ এমনকি গির্জায় যেতেই পারে। কেউ যদি তার ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করেন এবং তা যদি পূরণ হয়, তাতে সমস্যা কোথায়? আমার মনে হয় উনি খেলার থেকে বেশি রাজনীতিকে গুরুত্ব দিচ্ছেন। দল বিশ্বকাপ জিতেছে সেটা সেলিব্রেট করুন। কিন্তু আপনি রাজনীতি নিয়ে ব্যস্ত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ঈশ্বর আলাদা আলাদা হতে পারে তবে তাঁর কাছে পৌঁছনোর পথ একটাই। কারও বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়।”

     

    অবশ্যই পড়ুন: সারদা কাণ্ডের গোপন নথি প্রকাশ্যে আসছে? ১৩ বছর পর বিরাট নির্দেশ হাইকোর্টের

    উল্লেখ্য, প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ বিশ্বকাপজয়ী দলের সদস্য ইশান কিষাণও। সম্প্রতি সাংবাদিকদের তরফে তাঁকে কীর্তি আজাদের বক্তব্যে প্রতিক্রিয়া জানাতে বলা হলে ইশান সাফ জানিয়ে দেন, “দেশ বিশ্বকাপ জিতেছে, কোথায় সেসব নিয়ে প্রশ্ন করবেন তা না কোন কীর্তি আজাদ কী বলেছে সেটা নিয়ে এখন কথা বলতে হবে!” তৃণমূল সাংসদের বক্তব্যে ক্ষোভ উগরে দিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরও।

  • DA নিয়ে এবার নয়া পদক্ষেপ রাজ্য সরকারের, ধৈর্যের বাঁধ ভাঙল কর্মীদের

    DA নিয়ে এবার নয়া পদক্ষেপ রাজ্য সরকারের, ধৈর্যের বাঁধ ভাঙল কর্মীদের

    সহেলি মিত্র, কলকাতাঃ বকেয়া ডিএ (DA) মামলায় খেলা যেন উল্টে গিয়েছে। সরকারি কর্মীদের পর এবার পাল্টা সক্রিয় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ডেডলাইনের মধ্যে সরকার কিছুতেই বকেয়া মহার্ঘ্য ভাতা (Dearness allowance) দিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। এই সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ অবধি বাড়ানোর দাবি জানানো হয়েছে। এই নিয়ে প্রথমে এম-এ পিটিশন, এবার রিভিউ পিটিশন দাখিল করল পশ্চিমবঙ্গ সরকার। আর তা নিয়ে নতুন করে ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ কর্মচারীরা।

    ডিএ মামলায় রাজ্যের পদক্ষেপে ফের খুব্ধ সরকারি কর্মীরা

    কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক তথা ডিএ মামলাকারী মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee) সরকারের পদক্ষেপ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন। নিজের ফেসবুক পেজে গত ৬ মার্চ সরকারের এমএ পিটিশন এবং গত ৯ মার্চে রিভিউ পিটিশনের একটি স্ক্রিনশট তুলে ধরেন। সেইসঙ্গে সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করেন। তিনি লেখেন, ‘DA মামলা রাজ্য সরকার দেশের সর্বোচ্চ আদালতকে কি মনে করছেন?’ অর্থাৎ সরকারের ডিএ নিয়ে এরকম মনোভাব সরকারি কর্মী থেকে শুরু করে পেনশন প্রাপকদের মধ্যে কত ক্ষোভের সৃষ্টি করছে তা যেন নতুন করে ফুটে উঠেছে তাঁর কথায়।

    এই নিয়ে বহু মানুষের প্রতিক্রিয়া সামনে এসেছে। একজন লিখেছেন, ‘এই মূহুর্তে রাজ্যের অর্থসচিব এবং মুখ্যসচিব কে তলব করে এই টালবাহানার নাটক বন্ধ করে ওনাদের বেতন ফ্রিজ করে দেওয়ার জন্য মাননীয় সর্বোচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন।’ অন্য একজন বেশ মজার ছলে লিখেছেন, ‘সুপ্রীম কোর্ট রাজ্য সরকারকে কী মনে করেছে সেটাও তো জানা দরকার! এত আবদার লোক নিজের বৌয়েরও রাখতে পারে না! অপর একজন লিখেছেন, ‘এতদিন বাদে বকেয়া DA দেওয়ার রায় দিলেন বিচারপতিরা কোনো সুদ ছাড়া, এইজন্য এত সাহস পাচ্ছে।’

    আরও পড়ুনঃ ৫২৪টি LPG সিলিন্ডার ভর্তি ট্রাক উধাও! গ্যাসের সংকটের মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা ঝাঁসিতে

    সরকারের এহেন পিটিশন নিয়ে অন্য আরেকজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘করতেই পারে। যতটা সময় এই করে করে কাটানো যায় আর কি! কিন্তু ওপেন কোর্ট হিয়ারিং সবরিমালা কেসে হয়েছিল। কিন্তু সেই ভারডিক্টে কোনো স্টে নেই। আর ডেথ পেনাল্টি র ক্ষেত্রে ওপেন কোর্ট হিয়ারিং হয়। আর কোনো আইনি বাধ্যবাধকতা নেই এর। সুতরাং সম্ভাবনা খুবই ক্ষীণ। তবুও উনি হাল ছাড়বেন না আর কি।’

    কী বলছে সরকার?

    এমনিতেই বকেয়া ডিএ মামলায় নতুন করে আদালতের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিম কোর্টে সরকার জানিয়েছে, এখনই রাজ্যের পক্ষে সকলের বকেয়া মেটানো সম্ভব নয়। যে কারণে আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ সাল অবধি সময় দেওয়ার আবেদন জানানো হয়েছে। এদিকে সরকারের এহেন মন্তব্যে ক্ষোভে ফুঁসছেন সরকারি কর্মী থেকে শুরু করে পেনশন প্রাপকরা। তাঁদের অপেক্ষা আরও কত দীর্ঘ হবে? আদৌ টাকাটা মিলবে তো? এই আশঙ্কায় ভুগছেন সকলে।

  • ম্যানচেস্টার ইউনাইটেডের তরফে বিশেষ সম্মান পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

    ম্যানচেস্টার ইউনাইটেডের তরফে বিশেষ সম্মান পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলের প্রাক্তন সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) এবার বিশেষ সম্মানে সম্মানিত করতে চলেছে তাঁরই প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেড। জানা যাচ্ছে, আগামী 15 মার্চ ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে মাঠে নামবে ম্যানচেস্টার। এই ম্যাচ গড়াবে ওল্ড ট্রাফোর্ডে। শোনা যাচ্ছে, এদিনের ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন সৌরভ। সেখানেই তাঁকে বিশেষ সম্মান দেবে বিশ্বের জনপ্রিয় ফুটবল ক্লাব ম্যানচেস্টার।

    বাবার সাথেই স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেন মেয়ে সানাও

    প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ যে একেবারে ছেলেবেলা থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের চরম ভক্ত সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আগে যখনই ক্রিকেট খেলতে লন্ডনে যেতেন ম্যানচেস্টারের খেলা থাকলে গ্যালারিতে হাজির হয়ে যেতেন ভারতীয় তারকা। ক্রিকেটের পাশাপাশি ফুটবলের প্রতিও যে আলাদাভাবে টান রয়েছে সৌরভের সেকথা কমবেশি সকলেই জানেন। এবার সেই সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন ম্যানচেস্টারের তরফে তাঁকে বিশেষ সম্মান দেওয়া হবে।

    গতকাল অর্থাৎ মঙ্গলবার, ক্যামেরার মুখোমুখি হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, ম্যানচেস্টার ইউনাইটেডের তরফে অনেক আগে থেকেই তাঁকে বলা হচ্ছিল। বিশ্বকাপ চলছিল বলে তিনি সময় পাননি। তবে এবার একটু ফাঁকা হতেই যাচ্ছেন। সৌরভের বক্তব্য, “ওরা আমাকে বিশেষভাবে সম্মানিত করবে বলেছে।”

    বলাই বাহুল্য, বাবা ম্যানচেস্টার ইউনাইটেডের চরম ভক্ত হলেও ফুটবলপ্রেমী সানা কিন্তু চেলসির সমর্থক। এই দলের হয়েই প্রায়শই গলা ফাটাতে দেখা যায় তাঁকে। বেশ কয়েকবার দলটির জার্সি গায়েও ধরা দিয়েছিলেন তিনি। তবে 15 মার্চ ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টারের ম্যাচে বাবা সৌরভের সাথে স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেন তিনিও। যদিও এ নিয়ে কোনও মন্তব্য করেননি, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

    অবশ্যই পড়ুন: ৫২৪টি LPG সিলিন্ডার ভর্তি ট্রাক উধাও! গ্যাসের সংকটের মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা ঝাঁসিতে

    উল্লেখ্য, এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে 51 পয়েন্ট নিয়ে লড়ছে ম্যানচেস্টার। লিগ টেবিলে তাঁদের বর্তমান অবস্থান তৃতীয়। অন্যদিকে সম সংখ্যক পয়েন্ট নিয়ে আসন্ন প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা এই মুহূর্ত চার নম্বরে রয়েছে। এদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা ধরে রেখেছে 67 পয়েন্ট পাওয়া আর্সেনাল। পাশাপাশি ম্যানচেস্টার সিটি 60 পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে।