Blog

  • এই মুহূর্তে ISL-এ কোন দলের অবস্থা কেমন? কত নম্বরে ইস্টবেঙ্গল, মোহনবাগান

    এই মুহূর্তে ISL-এ কোন দলের অবস্থা কেমন? কত নম্বরে ইস্টবেঙ্গল, মোহনবাগান

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাজারো ঝুট ঝামেলা কাটিয়ে চলছে সংক্ষিপ্ততম ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League)। সর্বশেষ ম্যাচে এফসি গোয়া এবং পাঞ্জাব এফসি ড্র করায় পয়েন্ট তালিকায় ব্যাপক বদল এসেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ISL এ পঞ্চম ম্যাচ শেষ হওয়ার পর তালিকায় (ISL Points Table) কোন দল কোথায় রয়েছে। মোহনবাগান, ইস্টবেঙ্গলই বা কততে?

    ISL এ বর্তমানে কে কোথায়?

    দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL এ 5 ম্যাচ শেষের পরই পয়েন্ট তালিকার একেবারে শীর্ষে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তালিকার মগডালে থাকা দলটি পেয়েছে 13 পয়েন্ট। 5 ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে তারা। বাকি একটি ম্যাচ ড্র হয়েছে।

    অন্যদিকে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জামশেদপুর এফসি। এই দলটির পয়েন্ট 12। তৃতীয় স্থানে জায়গা করেছে মুম্বই সিটি এফসি। তাদের পয়েন্ট 11। চতুর্থ স্থানে রয়েছে এফসি গোয়া। এই দলের পয়েন্ট 9। 8 পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। সয় সংখ্যক পয়েন্ট নিয়ে 6 নম্বরে বেঙ্গালুরু। এছাড়াও সপ্তম স্থান ধরে রেখেছে নর্থইস্ট ইউনাইটেড। তাদের পয়েন্ট 6। মাত্র 5 পয়েন্ট নিয়ে যথাক্রমে অষ্টম এবং নবম স্থানে রয়েছে পাঞ্জাব ও ইন্টার কাশি। 10 এ চেন্নাইয়িন এফসি। তাদের বর্তমান পয়েন্ট 4।

    অবশ্যই পড়ুন: বিশ্বকাপে খেলা হচ্ছে না! নেইমার বললেন, “আমার হাতে নেই”

    এখানেই শেষ নয়, পয়েন্ট তালিকার 11 নম্বরে 2 পয়েন্টে ওডিশা এফসি ও 12 নম্বরে কেরালা ব্লাস্টার্স। এই দলের পয়েন্ট মাত্র 1। এছাড়াও 13 নম্বরে এসসি দিল্লি ও 14 নম্বরে মহামেডান। দিল্লি 1 পয়েন্ট পেলেও শহরের ঐতিহ্যবাহী দলটি আজ পর্যন্ত খাতাই খুলতে পারেনি। এদিকে, এবারের ইন্ডিয়ান সুপার লিগে আজ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা বাগানের জেমি ম্যাকলারেন। এ আসরে এখনও পর্যন্ত 7 গোল দিয়ে ফেলেছেন তিনি।

  • EPFO-র পেনশন বাড়াতে সুপারিশ কমিটির, কতটা বৃদ্ধির আশা?

    EPFO-র পেনশন বাড়াতে সুপারিশ কমিটির, কতটা বৃদ্ধির আশা?

    সহেলি মিত্র, কলকাতাঃ এই মুদ্রাস্ফীতির বাজারে জীবনধারণ করা যেন মুশকিল হয়ে পড়ছে। সেখানে আবার বহু মানুষ মাত্র ১০০০ টাকার পেনশন (Pension) পাচ্ছেন। এই টাকা এখনকার সময়ে কিছুই না। একটা ওষুধ কিনতে বা বাজার করতে গিয়ে একদিনেই খরচ হয়ে যায়। এহেন পরিস্থিতিতে EPFO-র কাছে ন্যূনতম পেনশন ৭৫০০ টাকা করার দাবি জানিয়ে আসছেন পেনশন প্রাপকরা। কিন্তু সরকারের তরফে এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এই প্রসঙ্গ ফের একবার সংসদে উঠেছে।

    পেনশন বাড়ানোর সুপারিশ কমিটির

    সম্প্রতি, একটি সংসদীয় কমিটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPF) ব্যবস্থার অধীনে ১,০০০ টাকার ন্যূনতম মাসিক পেনশনকে অত্যন্ত অপর্যাপ্ত এবং অসম্মানজনক বলে অভিহিত করেছে। সেইসঙ্গে এই টাকার পরিমাণ বৃদ্ধির সুপারিশ করেছে। ইপিএফ-এর ন্যূনতম পেনশন অবিলম্বে বৃদ্ধির সুপারিশ করে কমিটি স্পষ্টভাবে বলেছে যে, বর্তমান চাহিদার পরিপ্রেক্ষিতে এটিকে আরও বাস্তবসম্মত ও সম্মানজনক পর্যায়ে উন্নীত করা উচিত।

    পেনশন বাড়াবে সরকার?

    সংসদীয় কমিটির এই সুপারিশ ইপিএফ-এর অধীনে ন্যূনতম মাসিক ৭,৫০০ টাকা পেনশনের জন্য কর্মচারী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবিকে আরও শক্তিশালী করেছে। সূত্রের খবর, নাকি সরকার ইতিমধ্যেই পেনশন বাড়িয়ে ২,৫০০ থেকে ৩,০০০ টাকা করার বিষয়টি বিবেচনা করছে। কমিটির মতে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি সত্ত্বেও ১,০০০ টাকার ন্যূনতম পেনশন দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে বয়স্ক এবং অর্থনৈতিকভাবে দুর্বল সুবিধাভোগীদের আর্থিক অসুবিধার কথা বিবেচনা করে, পেনশনভোগীদের পক্ষ থেকে ন্যূনতম পেনশন বৃদ্ধির জন্য অসংখ্য অনুরোধ করা হয়েছে বিগত কয়েক বছরে। অভিযোগ, সরকার এই বিষয়ে কোনওরকম কর্নপাত করেনি।

    আরও পড়ুনঃ ইতিহাস গড়লেন TTE, বিনা টিকিটে যাত্রীদের ধরে একদিনেই ২.৫৭ লাখ আদায় রেলের

    কমিটির মতে, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই এই প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করছে, যার মধ্যে বিদ্যমান ইপিএফ সদস্যদের জন্য ১.১৬ শতাংশ যোগদান এবং প্রতি মাসে ন্যূনতম ১,০০০ টাকা পেনশন নিশ্চিত করার জন্য বাজেট বরাদ্দ অন্তর্ভুক্ত রয়েছে। ন্যূনতম পেনশন বাড়ানোর জন্য, কমিটি শ্রম মন্ত্রককে বাজেট সহায়তা বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখার সুপারিশ করেছে, যাতে পেনশনভোগীরা আজকের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি যুক্তিসঙ্গত ন্যূনতম পেনশন পেতে পারেন।

  • কলেজ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে অনিয়ম! বিতর্ক উঠতেই চিন্তায় চাকরিপ্রার্থীরা

    কলেজ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে অনিয়ম! বিতর্ক উঠতেই চিন্তায় চাকরিপ্রার্থীরা

    প্রীতি পোদ্দার, কলকাতা: নিয়োগ দুর্নীতি নিতে এখনও চর্চার শিখরে রয়েছে স্কুল সার্ভিস কমিশন। রাতারাতি চাকরিহারা হয়ে পড়েছিল প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। এখন পুনরায় পরীক্ষা দিতে হচ্ছে তাঁদের। স্বাভাবিকভাবেই রেশ কাটেনি সেই আতঙ্কের। এবার কলেজ নিয়োগেও দেখা যাচ্ছে অস্বচ্ছতা। গত ফেব্রুয়ারিতে কলেজ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি (College Teacher Recruitment Notification) জারি করেছে কমিশন। আর সেখানে স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগ করছেন আবেদনকারীদের একাংশ। অভিযোগ UGC র অনেক নিয়ম নাকি মানা হয়নি।

    কলেজে শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা

    জানা গিয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি সরকারপোষিত কলেজগুলির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলি UGC নিয়ম মানছে না। প্রথমত, কত শূন্যপদে নিয়োগ হবে তার কোনও তালিকা দেওয়া হয়নি। এক একটি শূন্যপদের জন্য কতজন আবেদনকারীকে ডাকা হবে, কেন নিয়োগ সে সব বিষয়ে কোনও উল্লেখ নেই। আর তাতেই চিন্তা বাড়ছে আবেদনকারী প্রার্থীদের। তাঁদের একাংশের অভিযোগ অন্তত তিনটি ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠতে পারে ভবিষ্যতে।

    মানা হচ্ছে না একাধিক নিয়ম

    ইউজিসি-র নিয়ম অনুযায়ী কলেজে নিয়োগের জন্য বয়সের কোনও ঊর্ধ্বসীমা থাকে না। কিন্তু কলেজ সার্ভিস কমিশন বয়ঃসীমা ৪০ হিসেবে উল্লেখ করেছে। অথচ, যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা নেট বা সেট দেওয়ার ক্ষেত্রে কোনও বয়ঃসীমা নেই। এখানেই শেষ নয়, নিয়োগের বিজ্ঞপ্তিতে আবেদনকারীর ‘অ্যাকাডেমিক স্কোর ডিভিশন’-এর উল্লেখ করা নেই। এদিকে UGC-র নিয়ম অনুযায়ী, এই ভাগের উল্লেখ থাকা একান্ত প্রয়োজন। এইরূপ একের পর এক ত্রুটি থাকায় প্রার্থীদের মাঝপথে চাকরি চলে যাওয়ার আতঙ্ক তৈরি হয়েছে। তাই সেই ভয় নিয়ে তাঁরা ই-মেল করে কমিশনের চেয়ারম্যানের কাছে নিয়োগের ব্যাখ্যা চেয়েছেন।

    আরও পড়ুন: ভোটের আবহে বাড়ছে উদ্বেগ, বীরভূমে উদ্ধার অসংখ্য বিস্ফোরক, আতঙ্ক নলহাটিতে

    শেষ আপডেট অনুযায়ী, নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক প্রার্থী জানান, কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে ই-মেল করে তাঁরা বিষয়গুলি জানিয়েছেন। কিন্তু কোনও জবাব আসেনি। যদিও কমিশনের তরফে এ সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। সূত্রের খবর নাম প্রকাশ্যে অনিচ্ছুক কমিশনের এক কর্তা জানিয়েছেন, “যা হয়েছে তা ইউজিসি-র বিধি অনুযায়ী হয়েছে। এর আগেও শূন্যপদ প্রকাশ না করেই বিজ্ঞপ্তি জারি হয়েছে। এ ক্ষেত্রে সকল আবেদনকারীকে ইন্টারভিউয়ে ডাকা হয়।” আসলে ২০১৬ সালের প্যানেল বাতিল হয়ে যাওয়ায় সকলেই বেশ আতঙ্কিত তাই এবার সেই ছায়া যাতে কলেজ নিয়োগের ক্ষেত্রে না পরে তাই এই ই-মেল।

  • বিমানের ৬০ শতাংশ আসন পছন্দ করতে পারবেন একেবারে ফ্রিতে, নয়া নিয়ম DGCA-র

    বিমানের ৬০ শতাংশ আসন পছন্দ করতে পারবেন একেবারে ফ্রিতে, নয়া নিয়ম DGCA-র

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিমান যাত্রীদের জন্য চরম সুখবর (Airplane Free Seats)। এবার থেকে বিমানের অন্তত 60 শতাংশ সিট বা আসন অতিরিক্ত কোনও খরচ ছাড়াই পছন্দ করতে পারবেন যাত্রীরা। সেই মর্মেই, নির্দেশিকা জারি করেছে দেশের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক (Ministry of Civil Aviation)। জানানো হয়েছে, এবার থেকে বিমানে পছন্দসই আসন গ্রহণের ক্ষেত্রে ফ্লাইটের টিকটের খরচের বাইরে অতিরিক্ত কোনও চার্জ দিতে হবে না যাত্রীদের। এক কথায়, বিমানে কোন সিটে ভ্রমণ করবেন সেটাও নিখরচায় বেছে নিতে পারবেন আপনি।

    নির্দেশিকায় ঠিক কী জানিয়েছে বিমান মন্ত্রক?

    সাধারণত এতদিন বিমানে আসন পছন্দ করার ক্ষেত্রে যাত্রীদের থেকে অতিরিক্ত টাকা নিত বিভিন্ন বিমান সংস্থাগুলি। টিকিট কাটার পরেও সিট পছন্দ করার জন্য আলাদা করে চার্জ করা হতো যাত্রীদের। তবে অসামরিক বিমান মন্ত্রক নির্দেশিকা জারি করে খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, এই কাজ আর করা যাবে না। অর্থাৎ অন্তত 60 শতাংশ আসন যাত্রীদের জন্য বিনামূল্যে ছেড়ে রাখতে হবে।

    শুধু তাই নয়, ওই নির্দেশিকায় বিমান মন্ত্রক এও জানিয়েছে , একই PNR নম্বরে যদি কেউ টিকিট কেটে থাকেন সেক্ষেত্রে যাত্রীদের আসন পাশাপাশি দিতে হবে। অর্থাৎ একই পরিবারের দুজন সদস্য কিংবা আত্মীয় অথবা বন্ধুদের সিট পাশাপাশি রাখতে হবে বলেই নির্দেশিকা জারি করেছে অসামরিক বিমান মন্ত্রক। এতদিন পাশাপাশি সিট পাওয়ার জন্য অতিরিক্ত খরচ গুনতে হতে যাত্রীদের। অনেকেই সেই অর্থ দিতে না পারায় আত্মীয় স্বজন বা পরিজনের থেকে দূরের সিট পেতেন।

     

    অবশ্যই পড়ুন: বিশ্বকাপে খেলা হচ্ছে না! নেইমার বললেন, “আমার হাতে নেই”

    এছাড়াও যাত্রীদের প্রয়োজনীয় গান-বাজনা কিংবা খেলাধুলার সরঞ্জাম নিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি বিমানে যাওয়ার সময় পোষ্যদের নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বিমান সংস্থাগুলির মতামত কী সেটাও জানতে চাওয়া হয়েছে। এখানেই শেষ নয়, বিমান ছাড়তে দেরি হলে কিংবা কোনও কারণে ফ্লাইট ক্যান্সেল হলে তার কারণ যাত্রীদের জানাতে হবে বিমান সংস্থার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং এয়ারপোর্ট কাউন্টার থেকে। পাশাপাশি বিমান সংস্থাগুলিকে এ-ও বলা হয়েছে, যাত্রীদের ভাষা বোঝার ক্ষেত্রে সমস্যা হলে তারও সমাধান করতে হবে তাদের। গুরুত্ব দিতে হবে আঞ্চলিক ভাষার উপর। কেন্দ্র বলছে, বিমানে যাতায়াতের ক্ষেত্রে যাতে যাত্রীদের আগামী দিনে কোনও রকম সমস্যা না হয় সেদিকেই নজর রেখে এমন নির্দেশিকা জারি করা হল।

  • ইতিহাস গড়লেন TTE, বিনা টিকিটে যাত্রীদের ধরে একদিনেই ২.৫৭ লাখ আদায় রেলের

    ইতিহাস গড়লেন TTE, বিনা টিকিটে যাত্রীদের ধরে একদিনেই ২.৫৭ লাখ আদায় রেলের

    সহেলি মিত্র, কলকাতাঃ বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ (Without Ticket) করা দণ্ডনীয় অপরাধ। দেশের এমন কোনও রেল স্টেশন হয়তো বাকি নেই যেখানে বাংলা, ইংরেজি, হিন্দি বা অন্যান্য আঞ্চলিক ভাষায় এই ঘোষণা করা হয়নি রেলের (Indian Railways) তরফে। তারপরেও এমন বহু মানুষ আছেন যারা কিনা রেলের এই বার্তা কানে তোলেন না। সেই স্বভাবসিদ্ধ বিনা টিকিটেই ভ্রমণ করবেন। অনেকে আছেন এতে সাফল্যও পান তো কপাল খারাপ থাকলে টিকিট পরিক্ষকের হাতে ধরা পরেন। এরই মাঝে জরিমানা হিসেবে ভুসাওয়াল রেলওয়ে বিভাগ নয়া নজির গড়ল।

    একদিনে ২.৫৭ লাখ টাকা আদায় করল রেল

    মধ্য রেলওয়ে জোনের ভুসাওয়াল রেলওয়ে বিভাগের টিকিট পরীক্ষকরা সম্প্রতি ৭৮টি এরকম কেস হাতে পেয়েছেন। সকলেই বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করছিলেন বলে খবর। টিটিই-রা নাকি এক দিনে ২.৫৭ লাখ টাকা আদায় করেছেন যাত্রীদের কাছে থেকে। শুনে আকাশ থেকে পড়লেন তো? কিন্তু এটাই সত্যি।

    আরও পড়ুনঃ সোনা, রুপোর দামে ফের মহা পরিবর্তন! বাড়ল না কমল? আজকের রেট

    জানা গিয়েছে, শ্রী চি.পি. বাধে নামের এক টিটিই গত ১৫ মার্চ, ২০২৬-এ একটি আকস্মিক অভিযান চালান। আর এই অভিযান চলাকালীন বিনা টিকিটে ভ্রমণ করছেন বা অবৈধভাবে সিট দখল করে বসে আছেন, এরকম অনেককে পাকড়াও করে তাঁদের কাছ থেকে জরিমানা আদায় করেছেন। আর এই ঘটনা রেলের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা তা বলাই বাহুল্য। ডিআরএম ভুসাওয়াল এই তথ্য সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন। একদিনে ২.৫৭ লাখ টাকা আদায় করা কিন্তু মুখের কথা নয়। হিসেব করলে দেখা যাবে, প্রতি ব্যক্তির কাছ থেকে ওই টিটিই ৩২৯৪ টাকা আদায় করেছেন।

    কী বলছেন সাধারণ মানুষ?

    এদিকে এক্স হ্যান্ডেলে আবার অনেকে এমন কিছু ট্রেনের তালিকা মানুষ তুলে ধরেছেন যেখানে রেল যদি অভিযান চালায় তাহলে ১ কোটি টাকা অবধি জরিমানা হিসেবে তুলতে পারে। যেমন ট্রেন নম্বর ১২৩৫৯/১২৩৬০ গরীব রথ, ১৩০৩১/২২ মিথিলা এক্সপ্রেস, ১৫০৪৮/৪৭ সমস্তিপুর-মানাসী-সহস্রার মধ্যে হানা দেওয়ার কথা বলা হয়েছে। এই ট্রেনগুলিতে নাকি অনেকে বিনা টিকিটে কিংবা অবৈধভাবে ভ্রমণ করেন। তাই দিল্লি থেকে রেলের টিম পাঠিয়ে অভিযান চালানো হয় তাহলে মাসে ১ কোটি টাকা আদায় করতে পারবে রেল।

     

  • ভোটের আবহে বাড়ছে উদ্বেগ, বীরভূমে উদ্ধার অসংখ্য বিস্ফোরক, আতঙ্ক নলহাটিতে

    ভোটের আবহে বাড়ছে উদ্বেগ, বীরভূমে উদ্ধার অসংখ্য বিস্ফোরক, আতঙ্ক নলহাটিতে

    প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনকে (West Bengal Election 2026) লক্ষ্য করে মঙ্গলবার বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রীতিমত এক চাপা উত্তেজনা তৈরি হয়েছে জেলায় জেলায়। এই অবস্থায় মঙ্গলবার রাতেই বীরভূমে (Birbhum) ট্রাক্টর বোঝাই বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। স্থানীয়দের অভিযোগ ভোটের দিন ঘোষণা হতে না হতেই এলাকায় বিস্ফোরক উদ্ধার হচ্ছে তাহলে আগামী দিন কী অপেক্ষা করছে। ঘটনায় তদন্তে নেমেছে নলহাটি (Nalhati) থানার পুলিশ।

    ঠিক কী ঘটেছিল?

    রিপোর্ট মোতাবেক, বীরভূমের নলহাটিতে একটি ট্রাক্টর থেকে প্রায় ১০ হাজার জিলেটিন স্টিক ও ৩৬০টি ডিটোনেটর উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। অভিযোগ, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতেই অনেকগুলো বাক্স বোঝাই ট্রাক্টর দেখে স্থানীয়দের মনে সন্দেহ তৈরি হয়েছিল। আর সেই সন্দেহ থেকেই আচমকা ট্রাক্টর আটকায় বাসিন্দারা এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। এরপরই পুলিশ এসে এই বাক্স খুলতেই দেখে বিস্ফোরক, এক এক করে সবকটাই উদ্ধার করা হয়। আর এই অবস্থায় সুযোগ বুঝে পালিয়েছেন ট্রাক্টর চালক, খোঁজ চলছে তাঁর। এছাড়াও কোথা থেকে এই বিস্ফোরক আনা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সবটাই তদন্ত করে দেখা হচ্ছে।

    টিকিট না পাওয়ায় ক্ষোভ বিধায়কদের

    নির্বাচনের দিন ঘোষণা হতেই রাজ্য জুড়ে এক চাপা উত্তেজনা তৈরি হয়েছে। এক এক করে সমস্ত রাজনৈতিক দল প্রকাশ্যে আনছে প্রার্থীদের তালিকা। গত সোমবার বিজেপি প্রথম দফায় ১৯২ আসনে এবং গতকাল তৃণমূল ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। প্রার্থীদের নাম ঘোষণার সময়ই জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বিভিন্ন জেলায় দেখা গেল প্রার্থী নিয়ে বিক্ষোভ। দলের টিকিট না মেলায় দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন চুঁচুড়ার তিনবারের বিধায়ক অসিত মজুমদার। দল ছাড়তে চলেছেন তিনি। এছাড়াও হাওড়া শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি, জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্ত, মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র, রত্না দে নাগ, পরেশ পাল-সহ ৭৩ জন বর্তমান বিধায়ক টিকিট পায়নি।

    আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের ‘বাজি’ পবিত্র কর, চিনে নিন নন্দীগ্রামের প্রার্থীকে

    প্রসঙ্গত, তৃণমূলের বর্তমান বিধায়কদের মধ্যে যে অনেকেই টিকিট পাবেন না সেই বিষয়ে আগেই আভাস দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাই হল। কালীঘাট সূত্রে বলা হচ্ছে, স্থানীয় স্তরে প্রতিষ্ঠান বিরোধিতা মোকাবিলার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। অর্থাৎ ওই সকল এলাকায় বর্তমান বিধায়ককে ফের প্রার্থী করলে হেরে যেতে পারত। তা ঠেকাতেই প্রার্থী বদল করা হয়েছে। শুধু বর্তমান বিধায়কদের টিকিট না দেওয়া নয়, কিছু বর্তমান বিধায়কের আসন বদলও হয়েছে।

  • বিশ্বকাপে খেলা হচ্ছে না! নেইমার বললেন, “আমার হাতে নেই”

    বিশ্বকাপে খেলা হচ্ছে না! নেইমার বললেন, “আমার হাতে নেই”

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: বল পায়ে মাঠে সময় কাটানোর তুলনায় চোট পেয়ে মাঠের বাইরেই বেশি থাকতে হয় ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে (Neymar)। সাম্প্রতিককালেও চোটজনিত সমস্যার কারণে জাতীয় দলে (Brazil) নিয়মিত ছিলেন না তিনি। তবে বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা আছে ব্রাজিলিয়ান তারকার। কিন্তু তা হলেও সেই স্বপ্ন কার্যত শেষ হওয়ার পথে! কেননা, ব্রাজিলের প্রাথমিক দলে ডাক পাননি ফুটবলের রাজপুত্র নেইমার। ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রীতিম্যাচ দিয়েই বিশ্বকাপে নামবে ব্রাজিল। ফলে এই দলে না থাকা মানে বিশ্বকাপ থেকে বাদ পড়া। সেটাই কি হতে চলেছে নেইমারের ক্ষেত্রে? ব্রাজিলিয়ান ফুটবলার অবশ্য এখনই হাল ছাড়তে নারাজ। বছর 34 এর ফুটবলের আশা, বিশ্বকাপে খেলতে পারবেন তিনি।

    সহজে হাল ছাড়ছেন না নেইমার

    বহু অপেক্ষিত ফুটবল বিশ্বকাপের আগে আগামী 27 মার্চ ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামবে ব্রাজিল। এরপর পহেলা এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতিম্যাচ রয়েছে এই দলের। কিন্তু সেই দুই ম্যাচের দলে জায়গা পেলেন না নেইমার। এদিকে ওই দুই ম্যাচের জন্য ব্রাজিলের দলে জায়গা পেয়েছেন 19 বছরের এন্ডরিক। তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন নেইমারের মতো একজন প্লেয়ারকে বাদ দেওয়া হল?

    বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচের দলে নেইমারের না থাকা নিয়ে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির স্পষ্ট দাবি, তিনি নেইমারকে ডাকেননি তার অন্যতম কারণ নেইমার এখনও 100 শতাংশ ফিট নন। দলের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার মতো জায়গায় নেই এই ব্রাজিলিয়ান। মূলত সে কারণেই তাঁর উপর ভরসা রাখতে পারছেন না কোচ। বদলে যাঁরা দলের জন্য নিজেদের নিংড়ে দিতে পারবেন এই মুহূর্তে তাঁরাই খেলবেন প্রীতি ম্যাচগুলিতে।

    তাহলে কি বিশ্বকাপ থেকে বাদ পড়ছেন নেইমার? এমন প্রশ্নের উত্তরে অবশ্য ব্রাজিলের কোচ জানিয়েছেন, “সে যদি 100 শতাংশ ফিট থাকে এবং দলের জন্য সবটা দিতে পারে তবে অবশ্যই বিশ্বকাপের দলে ডাক পাবে।” তবে কোচ আশা যোগালেও সমস্ত বাধা কাটিয়ে ব্রাজিলের জার্সি গায়ে ফের বিশ্বকাপে নেমে পড়া নেইমারের জন্য যথেষ্ট কঠিন কাজ হবে। এর অন্যতম কারণ, আজ প্রায় আড়াই বছর হতে চলল ব্রাজিলের হলুদ জার্সি গায়ে তোলেননি তিনি। মাঝে মাঠে নামলেও ফের চোট গ্রাস করে তাঁকে।

    অবশ্যই পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের ‘বাজি’ পবিত্র কর, চিনে নিন নন্দীগ্রামের প্রার্থীকে

    তবে এসবের মধ্যে দিয়েও আশা বাঁচিয়ে রাখছেন নেইমার। ব্রাজিলিয়ান ফুটবলারের স্পষ্ট বক্তব্য, “আমি যথেষ্ট হতাশ। কিন্তু তাতে লক্ষ্য থেকে সরে আসছি না। যতটা পরিশ্রম করতে হয় করব। নিয়মিত অনুশীলন করে যাব। আমাকে লক্ষ্যে পৌঁছতেই হবে। এখনও চূড়ান্ত পর্যায়ে নির্বাচন বাকি আছে। আমি এত সহজে হাল ছেড়ে দিচ্ছি না। বিশ্বকাপে খেলার স্বপ্ন অবশ্যই দেখি। কিন্তু সেটা তো আমার হাতে নেই।”

  • শিয়ালদা লাইনে একাধিক স্পেশাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের, দেখুন সময়সূচি

    শিয়ালদা লাইনে একাধিক স্পেশাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের, দেখুন সময়সূচি

    সহেলি মিত্র, কলকাতাঃ গরমের ছুটি পড়তে বেশিদিন সময়ে নেই। আর গরমের ছুটি মানেই কোথাও না কোথাও ঘুরতে যাওয়া। এদিকে ট্রেনে ভিড় যেম কমতেই চাইছে না। এহেন পরিস্থিতিতে শিয়ালদা ডিভিশনে (Sealdah) বেশ কিছু স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল (Eastern Railway)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। যাত্রীদের উন্নততর সুবিধা প্রদান করতে এবং ওয়েটিং লিস্টের সমস্যা কমাতে মূলত রেলের এহেন সিদ্ধান্ত। আগামী ১৯, ২০ এবং ২২ মার্চ বিশেষ ট্রেন চালাবে রেল। নিশ্চয়ই ভাবছেন কোন রুটে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

    শিয়ালদা-লালগোলা রুটে একাধিক ট্রেনের ঘোষণা রেলের

    আর অপেক্ষা না করে জানিয়ে রাখি, শিয়ালদা,লালগোলা, রাণাঘাট রুটে বিশেষ ট্রেনগুলি চলবে আগামী তিনদিন। চলতি সপ্তাহেই রয়েছে ঈদ। আর এই সময়ে অনেকেই আছেন বাড়ি ফিরবেন। অনেকে আবার ফিরতেও শুরু করে দিয়েছেন। ট্রেনে রীতিমতো পা রাখার জায়গা নেই। সমস্যা বাড়ছে যাত্রীদের। তবে চিন্তা নেই। সবকিছু মাথায় রেখে আগামী ৩ দিন ৬টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। চলুন জেনে নেবেন ট্রেনের সময়সূচী সম্পর্কে।

    এক নজরে ট্রেনের সময়সূচী

    রেলের তরফে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার শিয়ালদা-লালগোলা স্পেশাল সকাল ১১:৫৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। এরপর লালগোলায় পৌঁছাবে বিকেল ৪ টে ৫৫ মিনিটে। এছাড়া লালগোলা-রানাঘাট স্পেশাল লোকাল বিকেল ৫:৪৫ মিনিটে লালগোলা থেকে ছাড়বে। এরপর সেটি রাত ৯:০২ মিনিটে রানাঘাটে পৌঁছাবে। এরপর শুক্রবার শিয়ালদা-লালগোলা স্পেশাল লোকাল শিয়ালদা থেকে ছাড়বে দুপুর ৩:২০ মিনিটে। এরপর সেটি লালগোলায় রাত ৮:২০ মিনিটে পৌঁছাবে।

    আরও পড়ুনঃ নবান্নর DA বিজ্ঞপ্তি নিয়ে ক্ষোভ, এরা আদৌ পাবেন মহার্ঘ ভাতা? ফের আন্দোলনের হুঁশিয়ারি

    এছাড়াও সেদিনই আবার লালগোলা-শিয়ালদা স্পেশাল লোকাল ট্রেনটি ভোর ৪:৫০ মিনিটে লালগোলা থেকে ছাড়বে। সেটি শিয়ালদায় ঢুকবে সকাল ৯:৫৫ মিনিটে। রবিবার ছুটির দিন রানাঘাট-লালগোলা স্পেশাল লোকাল সকাল ৯:৫০ মিনিটে রানাঘাট স্টেশন থেকে ছাড়বে। এরপর সেটি বেলা ১২:৫০ মিনিটে লালগোলায় ঢুকবে। লালগোলা-শিয়ালদা স্পেশাল লোকাল ট্রেন দুপুর ২:১৫ মিনিটে লালগোলা থেকে ছাড়বে। সেটি সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে।

  • শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের ‘বাজি’ পবিত্র কর, চিনে নিন নন্দীগ্রামের প্রার্থীকে

    শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের ‘বাজি’ পবিত্র কর, চিনে নিন নন্দীগ্রামের প্রার্থীকে

    প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) দিন ঘোষণা হতেই রাজ্য রাজনীতিতে এক তুমুল উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে। ভোটের আবহে ঘোষণা হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির প্রার্থীদের তালিকা। বিজেপির তরফে জানানো হয়েছে নন্দীগ্রাম (Nandigram) এবং ভবানীপুর থেকে এবার লড়াই করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরপরেই জল্পনা বাড়ে কে তৃণমূলের প্রার্থী হবে এই যুদ্ধে। গতকালই প্রকাশ্যে আসে তালিকা। জানা যায় ভবানীপুরে লড়াই করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং নন্দীগ্রাম থেকে লড়াই করবেন পবিত্র কর (Pabitra Kar)।

    কে এই পবিত্র কর?

    নন্দীগ্রাম-২ ব্লকের বয়ালের বাসিন্দা হলেন তৃণমূলের নয়া প্রার্থী তথা দাপুটে নেতা পবিত্র কর। শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ। তাঁর মাছের পারিবারিক ব্যবসা রয়েছে। প্রথম দিকে পবিত্র কর তৃণমূলেই ছিলেন। সেই সময় নন্দীগ্রাম-২ ব্লকের বয়াল-১ গ্রাম পঞ্চায়েতে একাধিক বার প্রধান ও উপপ্রধানের দায়িত্ব সামলে ছিলেন। কোনোরকম প্রচার ছাড়াই নিজের মত করে এলাকার কাজ করে গিয়েছেন। বলা হয়, বিজেপির মধ্যে যারা কড়া হিন্দুত্ববাদী নেতা রয়েছেন, তাঁদের মধ্যে এই পবিত্র কর একজন। বর্তমানে বয়াল ১ গ্রাম পঞ্চায়েতের তাঁর স্ত্রী শিউলি কর প্রধান। তবে ২০২০ সালে পবিত্র কর তৃণমূল ছেড়ে দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন। আর তার পরেই তৃণমূল ছেড়ে শুভেন্দু অধিকারীও যোগ দেন বিজেপিতে।

    পুনরায় তৃণমূলে যোগ পবিত্রর

    ২০২১ সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই সংখ্যা জাহির করে প্রায়ই নিজের কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারেও শুভেন্দু দাবি করেছেন যে ২০২১-এ তাঁর কাছে নন্দীগ্রামে যেভাবে হারতে হয়েছিল মমতাকে, ভবানীপুরে তার পুনরাবৃত্তি হবে। তাই স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন জাগছে কে হবে। যদিও জল্পনা আগেই উঠেছিল পবিত্র করের। কারণ গত ডিসেম্বর থেকে এই পবিত্রর দলবদল নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এমনকি আইপ্যাকের সঙ্গে পবিত্রর গোপন বৈঠকে বোঝা গেছিল এবার দলবদলের পালা তাঁর। আর সেটাই বাস্তবের রূপ নিল।

    আরও পড়ুন: নবান্নর DA বিজ্ঞপ্তি নিয়ে ক্ষোভ, এরা আদৌ পাবেন মহার্ঘ ভাতা? ফের আন্দোলনের হুঁশিয়ারি

    গতকাল, মঙ্গলবার, তৃণমূলের বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার আগেই সকালবেলায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন পবিত্র কর। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তুলে নিয়েছিলেন দলীয় পতাকা। এরপর বিকেলেই নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় তাঁর নাম। একসময় যে কিনা শুভেন্দুর ঘনিষ্ঠ ছিলেন সেই এখন শুভেন্দুর প্রতিপক্ষ হয়ে ভোট ময়দানে নামবেন। এ বার দেখার পালা নিজের ঘুঁটি কী ভাবে সাজান পবিত্র। তবে তৃণমূল ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছে, এ বার নন্দীগ্রামে খেলা হবে, বিরাট খেলা হবে, বইবে সবুজ ঝড়।

  • সোনা, রুপোর দামে ফের মহা পরিবর্তন! বাড়ল না কমল? আজকের রেট

    সোনা, রুপোর দামে ফের মহা পরিবর্তন! বাড়ল না কমল? আজকের রেট

    সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা, রুপোর দাম নিয়ে আবারও খারাপ খবর। আজ ফের অনেকটাই বাড়ল হলুদ ধাতুর বাজার দর (Gold Price)। অন্যদিকে রুপো নিয়েও সমানে দুঃসংবাদ। কারণ, সাদা ধাতুর দামও অনেকটাই বেড়েছে। ফলে মধ্যবিত্ত ক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষের উপর যে আবারো চাপ পড়ল তা বলার অপেক্ষা রাখে না। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

    ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

    ➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৯,৬০০ টাকায় (+৯৫০)।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৪,৯১০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৫,০৬০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৪,৯৬০ টাকায়।

    ২৪ ক্যারেট পাকা সোনার দাম

    ➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৭,৪০০ টাকায় (+১০০০)।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৮,০৯০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৮,২৪০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৮,১৪০ টাকায়।

    ১৮ ক্যারেট সোনার দাম

    ➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৮,৫৭০ টাকায়।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৮,৫৭০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৮,৭২০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৫,৬২০ টাকায়।

    আরও পড়ুন: চাঁদেই বসবে সোলার প্যানেল! পৃথিবীকে আজীবন বিদ্যুৎ দিতে জাপানের মহা পরিকল্পনা

    আজ রুপোর বাজার দর | Silver Price Today |

    ➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৫৬,১৫০ টাকায় (+৬৩৫০)।

    ➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৮০,১০০ টাকায়।

    ➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৭৫,১০০ টাকায়।

    বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।