প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্রের শুরু থেকে রাজ্য জুড়ে বৃষ্টি দুর্যোগ লেগেই রয়েছে। সঙ্গে আবার কালবৈশাখীর দাপটও রয়েছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত এর জেরে উত্তরবঙ্গের (North Bengal) পার্বত্য এলাকায় বৃষ্টি হয়েই চলেছে। যদিও এইমুহুর্তে দক্ষিণবঙ্গে (South Bengal) থেমেছে বৃষ্টি। আশঙ্কা করা হচ্ছে আগামী তিন দিনে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। যদিও শুক্রবার থেকে রবিবার আরও এক দফায় ঝড়বৃষ্টির (Weather Tomorrow) স্পেল চলবে।
ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ক্রমাগত ঢুকেই চলেছে। সেই কারণেই উত্তর থেকে দক্ষিণে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহবিদেরা। আর এই বৃষ্টি ঝড়ের জেরে গত কয়েক দিন সাগরও বেশ উত্তাল। যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টি কমায় আপাতত তার দাপটও কমেছে। মৎস্যজীবীদের উপর এই মুহূর্তে আর কোনও নিষেধাজ্ঞা নেই। কিন্তু সপ্তাহান্তে ফের দুর্যোগ নেমে আসতে চলেছে দক্ষিণে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর৷ একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ এবং মনোরম পরিবেশ দেখা যাবে। তবে কোথাও কোথাও আবার আংশিক মেঘলা আকাশ থাকবে। জানা গিয়েছে, আগামীকাল বজ্রগর্ভ মেঘ থেকে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। অন্যদিকে সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে দক্ষিণের জেলাগুলিতে।
আরও পড়ুন: কুণাল ঘোষের আসনে প্রতীক উর রহমান, প্রাক্তন বাম নেতাকে বড় দায়িত্ব দিল তৃণমূল
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
বৃষ্টি দুর্যোগের অশনি সংকেত এখনও কাটেনি উত্তরবঙ্গে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বৃষ্টি বাড়বে। এছাড়াও আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বৃষ্টির পাশপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে। কোথাও কোথাও আবার শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে আগামী শুক্রবার থেকে নতুন করে দুর্যোগের সম্ভাবনা তৈরি হতে চলেছে। বাড়তে পারে দুর্যোগ, তাই এখনই তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।









