Tag: Nitish Kumar

  • রাজ্যসভায় নীতীশ কুমার, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে? উঠে এল ৫ নাম

    রাজ্যসভায় নীতীশ কুমার, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে? উঠে এল ৫ নাম

    প্রীতি পোদ্দার, কলকাতা: জল্পনার অবসান, এবার বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে রাজ্যসভার আসন্ন নির্বাচনে প্রার্থী হতে চলেছেন JDU সভাপতি নীতীশ কুমার (Nitish Kumar)। সব মিলিয়ে বিহারের (Bihar) রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দেওয়া হয়েছে, কারণ এবার বিহারে প্রথমবারের মতো বিজেপির নিজস্ব মুখ্যমন্ত্রী হতে চলেছে। ইতিমধ্যেই নীতিন সংসদের উচ্চকক্ষে (Rajya Sabha Election) মনোনয়নের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখন প্রশ্ন, কে হতে চলেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী।

    রাজ্যসভার প্রার্থী হবেন নীতিন!

    বিহারের ইতিহাসে নীতীশ কুমার অন্যতম এক প্রভাবশালী নেতা। তিনি ১০ বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিহারে এবং প্রায় ২০ বছর ধরে রাজ্যের ক্ষমতার কেন্দ্রে রয়েছেন। তাঁর এই দীর্ঘ রাজনৈতিক যাত্রা তাঁকে বিহারের রাজনীতির এক অনন্য চরিত্রে পরিণত করেছে। এই অবস্থায় নীতিশকে নিয়ে কয়েক দিন ধরেই এক জল্পনা শুরু হয়েছে বিহারের রাজনীতিতে। শোনা যাচ্ছে, বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে রাজ্যসভার আসন্ন নির্বাচনে প্রার্থী হতে পারেন JDU সভাপতি নীতীশ কুমার। তবে অনেকেই এই কথা মানতে চাননি। আর এবার আসল রহস্য ফাঁস করলেন খোঁদ নীতীশ কুমার। স্বীকার করলেন রাজ্যসভার প্রার্থী হওয়ার কথা।

    সমাজমাধ্যমে পোস্ট নীতিশের

    আজ, বৃহস্পতিবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তাঁর এক্স হ্যান্ডেলে রাজ্যসভার প্রার্থী হওয়া নিয়ে একটি পোস্ট করলেন। সেখানে তিনি জানিয়েছেন, “দুই দশকেরও বেশি সময় ধরে, আপনারা আমার উপর আস্থা রেখেছেন এবং সেই শক্তির মাধ্যমেই আমি সম্পূর্ণ নিষ্ঠার সাথে বিহার এবং আপনাদের সকলের সেবা করেছি। তাই বহুবার এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। তবে আমার সংসদীয় কর্মজীবন শুরু করার পর থেকেই বিহার আইনসভার উভয় কক্ষ এবং সংসদের উভয় কক্ষের সদস্য হওয়ার ইচ্ছা ছিল। তাই আমি রাজ্যসভার নির্বাচনে সদস্য হতে চাইছি।” তুমুল ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। জানা গিয়েছে আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে পাটনায় মনোনয়ন জমা দিয়েছেন নীতিশ। আর এই অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কে হবে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী।

    আরও পড়ুন: প্রথমবার বিধানসভায় কোয়েল মল্লিক, প্রার্থী হিসেবে জমা দিলেন মনোনয়নপত্র

    মুখ্যমন্ত্রীর তালিকায় উঠে আসছে ৫ নাম

    নীতীশ কুমার যদি জাতীয় রাজনীতিতে চলে যান, তা হলে বিহারে মুখ্যমন্ত্রীর পদে কে বসবেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে একাধিক জল্পনা। আশা করা যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোট NDA-র ক্ষমতা ভাগাভাগির ফর্মুলা মেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় কোনও গুরুত্বপূর্ণ মন্ত্রী হতে পারেন তিনি। সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসাবে বিজেপির যে নেতাদের নাম উঠে আসছে তাঁরা হলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী সম্রাট চৌধরি, নিত্যানন্দ রাই, দিলীপ জয়সওয়াল, বিজয় সিনহা এবং সঞ্জীব চৌরাসিয়া। তবে আশঙ্কা করা হচ্ছে সমঝোতার শর্ত মেনে নীতীশ-পুত্র নিশান্ত বিহারের উপমুখ্যমন্ত্রী হতে পারেন। তবে এই নিয়ে এখনো কিছু স্পষ্ট ঘোষণা হয়নি।

  • পদত্যাগ করতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার! JDU-র সাথে জোট ভাঙবে BJP?

    পদত্যাগ করতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার! JDU-র সাথে জোট ভাঙবে BJP?

    সৌভিক মুখার্জী, কলকাতা: বিহারের রাজনীতি নিয়ে এবার নতুন করে বিতর্কের সূত্রপাত। খুব শীঘ্রই পদত্যাগ করে রাজ্যসভায় যেতে পারেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)। এমনটাই চলছে জল্পনা। যদি সেই সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে তাঁর ছেলে নিশান্ত কুমারকেই রাজ্যের উপমুখ্যমন্ত্রী করা হতে পারে এমনটাও সম্ভাবনা থাকছে। কিন্তু এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু জেডিইউ-র অন্দরে এ নিয়ে তৎপরতা শুরু হয়েছে বলেই খবর।

    রাজ্যসভা নাকি উপমুখ্যমন্ত্রী?

    বলে রাখি, এর আগে শোনা গিয়েছিল, নিশান্ত কুমারকে সরাসরি রাজ্যসভায় পাঠানো হতে পারে। কিন্তু জনতা দল ইউনাইটেডের তরফ থেকে তাঁর মনোনয়ন সংক্রান্ত আনুষ্ঠানিকভাবে কোনও নথি এখনও পর্যন্ত প্রস্তুত হয়নি বলেই খবর। এদিকে নীতিশ কুমার যদি মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন, সেক্ষেত্রে বিজেপি কি নিজেদের কোনও মুখকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রস্তাব করবে নাকি জেডিইউ-র সঙ্গেই জোট বেঁধে থাকবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্টতা নেই।

    ইন্ডিয়া টিভির একটি প্রতিবেদন অনুযায়ী, জেডিইউ-র বর্ষীয়ান নেতা তথা বিহার সরকারের মন্ত্রী শ্রবণ কুমার জানিয়েছিলেন যে, নিশান্ত কুমারের রাজনীতিতে প্রবেশ প্রায় নিশ্চিত। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরেই রাজ্যের তরুণ প্রজন্ম নিশান্তকে সক্রিয় রাজনীতিতে চাইছে। আর খুব শীঘ্রই দল এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে। তাঁর এই মন্তব্যের পর জল্পনা যে আরও বেড়েছে তাও বলার অপেক্ষা রাখে না।

    আরও পড়ুন: এক ডলার ৯২ টাকারও বেশি! মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে রেকর্ড পতন ভারতীয় মুদ্রায়

    এনডিএ জোটের শক্তিশালী অবস্থান

    বলে রাখি, বিহার বিধানসভা নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক জোট অর্থাৎ এনডিএ এবার দাপুটে জয় পেয়েছিল। কার্যত দিশেহারা হয়ে গিয়েছিল তেজস্বী যাদবের দল সহ ইন্ডিয়া জোট। প্রচারে নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী হিসেবে সামনে রাখা হয়। আর সেই কৌশল সফল হয়। এনডিএ জোটের প্রধান দল ভারতীয় জনতা পার্টি এককভাবে ৮৯টি আসন জিতে রাজ্যের বৃহত্তম দল হিসেবে উঠে আসে। আর তাদের ঘনিষ্ঠ সহযোগী জনতা দল ইউনাইটেড পেয়েছিল ৮৫টি আসন। এমনকি জোটের অন্যান্য দল লোক জনশক্তি পার্টি পেয়েছিল ১৯টি আসন, হিন্দুস্তানি আওয়ামী মোর্চা পেয়েছিল ৫টি আসন এবং রাষ্ট্রীয় লোক মোর্চা পেয়েছিল ৪টি আসন। তাই এনডিএ জোটের ভিত যে মজবুত তা বলার অপেক্ষা রাখে না। তবে নীতিশ কুমারের পদত্যাগের বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সবটাই সময়ের উপর নির্ভর করবে।