Tag: Mamata Banerjee

  • ৫টি পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য নয়া উন্নয়ন পর্ষদ গঠনের ঘোষণা নবান্নের

    ৫টি পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য নয়া উন্নয়ন পর্ষদ গঠনের ঘোষণা নবান্নের

    প্রীতি পোদ্দার, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) নিয়ে বেশ তর্ক বিতর্ক হয়েই চলেছে, এখনও কাটেনি SIR এর জট। কিছুদিন আগে ধর্মতলায় SIR এর প্রতিবাদে রীতিমত পাঁচ দিনের জন্য ধরনা মঞ্চে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে বিরোধীরা কম কটাক্ষ করেনি। আর এবার বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা গিয়েছে, দলিত, আদিবাসী তথা পিছিয়ে থাকা সম্প্রদায়ের উন্নতির জন্য সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গঠন করতে চলেছে রাজ্য সরকার।

    বড় ঘোষণা মমতার

    আজ অর্থাৎ শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানিয়েছেন, “ আমি আনন্দের সাথে ঘোষণা করছি মুন্ডা(এসটি), কোরা (এসটি), ডোম (এসসি), কুম্ভকার (ওবিসি), সদগোপদের (ওবিসি) জন্য শীঘ্রই পাঁচটি নতুন উন্নয়ন পর্ষদ গঠন করতে চলেছে আমাদের সরকার। এই সম্প্রদায়গুলি বাংলার প্রাণবন্ত কাঠামোর অবিচ্ছেদ্য অংশ। তাঁদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন। এই বোর্ডগুলি উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও চাকরি নিশ্চিত করার পাশাপাশি তাঁদের অনন্য ভাষা ও ঐতিহ্য রক্ষা করবে।

    পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য পাঁচটি বোর্ড গঠন

    সূত্রের খবর, এই নয়া নির্মিত পাঁচটি বোর্ডের মূল লক্ষ্য হবে সংশ্লিষ্ট সম্প্রদায়গুলির নিজস্ব ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতিকে রক্ষা করা। পাশাপাশি, তাদের শিক্ষা, উন্নত স্বাস্থ্য পরিষেবা এবং কর্মসংস্থানের সুযোগ সুনিশ্চিত করা। এর ফলে একদিকে যেমন তাদের প্রথাগত অধিকার সুরক্ষিত থাকবে ঠিক তেমনই আবার আর্থ-সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশে বেশ খুশি পিছিয়ে পড়া সম্প্রদায়গুলি। যদিও রাজনৈতিক মহলের মতে রাজ্য সরকারের এই পদক্ষেপগুলো আসলে সবই ভোট পাওয়ার টোপ। আর এক্ষেত্রে তাই টার্গেট করা হয়েছে ST, SC, OBC সম্প্রদায়কে।

    আরও পড়ুন: ব্যবসায়ীদের স্বার্থে বড় ঘোষণা মমতার

    প্রসঙ্গত, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ব্যবসায়ীদের স্বার্থে ‘ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড’ গঠন করেছে। যেখানে সরকার এবং ব্যবসায়ী মহলের মধ্যে সমন্বয় যেমন বাড়বে ঠিক তেমনই বাজার, পাইকারি ব্যবসা, খুচরো বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের অভিযোগ ও সমস্যার বিষয় সংক্রান্ত সমস্যা দূর হবে।

  • ব্যবসায়ীদের স্বার্থে বড় ঘোষণা মমতার

    ব্যবসায়ীদের স্বার্থে বড় ঘোষণা মমতার

    প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) কবে হবে তা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এদিকে রাজ্য রাজনীতিতে নির্বাচন নিয়ে এক চাপা উত্তেজনা তৈরি হয়েছে। সকলেই ভোটপ্রচারের অনুষ্ঠানে মেতে উঠেছে। আর এই অবস্থায় পশ্চিমবঙ্গের ব্যবসায়ী মহলের দীর্ঘ দিনের দাবিকে মান্যতা দিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার (Government Of West Bengal)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে সরকার এবং ব্যবসায়ী মহলের মধ্যে সমন্বয় বাড়াতে গঠন করা হল ‘ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড’।

    ব্যবসায়ীদের উদ্দেশ্যে পোস্ট মমতার

    বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যের ব্যবসায়ীদের উদ্দেশে একটি পোস্ট করেন। সেখানে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড (WBTWB)-এর গঠন ও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই প্রতিশ্রুতিটি আমি ২০২৫ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত রাজ্য ব্যবসায়ী সম্মেলন এবং বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভে দিয়েছিলাম। আমরা যা প্রতিশ্রুতি দিই, তা পূরণ করি। দীর্ঘদিন ধরে রাজ্যের ব্যবসায়ী মহলের এই দাবি ছিল। তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন।’’ জানা গিয়েছে, ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ডটি ব্যবসায়ী সংগঠন এবং রাজ্য সরকারের মধ্যে নিয়মিত সংলাপ ও সমন্বয়ের একটি ‘প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করবে।

    ব্যবসায়ীদের স্বার্থসিদ্ধি করতে এই উদ্যোগ

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই বোর্ডের চেয়ারপার্সন হবেন কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। বাজার, পাইকারি ব্যবসা, খুচরো বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের অভিযোগ ও সমস্যার বিষয়ে সরকারকে অবহিত করা এবং তার সমাধানে উদ্যোগী হবে এই বোর্ড। নিজের পোস্টে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন যে, ‘আমাদের ব্যবসায়ীরা বাংলার অর্থনীতির মেরুদণ্ড। আমরা তাঁদের পাশে থেকে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং একসঙ্গে কাজ করে রাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে চাই।’

    আরও পড়ুন: পুলিশের উপরেও চলবে নজরদারি? ভোটে নিরাপত্তা জোরদার করতে বড় পদক্ষেপ কমিশনের

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ নিয়ে অর্থনৈতিক মহলের একাংশ জানিয়েছে যে, এই বোর্ড গঠনের মাধ্যমে ব্যবসায়ী মহলের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় হতে পারে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বিভিন্ন প্রশাসনিক সমস্যা, লাইসেন্স, কর বা বাজার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার একটি নির্দিষ্ট মঞ্চ তৈরি হবে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, বিধানসভা নির্বাচনে শিল্পমহল ও ব‍্যবসায়ী সমাজের সমর্থন নিজের দিকে টানতেই মমতা এমন পদক্ষেপ করেছেন। এখন দেখার ব্যবসায়ীদের বাস্তব সমস্যার সমাধানে এটি কতটা কার্যকর ভূমিকা নিতে পারে।

  • কাল থেকেই অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথী, ক্ষেতমজুরের টাকা, জানালেন মুখ্যমন্ত্রী!

    কাল থেকেই অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথী, ক্ষেতমজুরের টাকা, জানালেন মুখ্যমন্ত্রী!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: যুবসাথীর (Banglar Yuva Sathi) টাকা আর কবে অ্যাকাউন্টে ঢুকবে? গত শনিবার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ঘোষণার পর এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্যের একটা বড় অংশের আবেদনকারীর মুখে মুখে। মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও এখনও কেন ঢুকছে না মাসিক ভাতা? প্রশ্ন তুলছেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা। ঠিক সেই আবহে, বৃহস্পতিবার নবান্নের বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যুবসাথীর টাকা আবেদনকারীদের অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছনোর দিনক্ষণ। ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প নিয়েও মিলল সুখবর।

    কবে ঢুকতে চলেছে যুবসাথী ও ভূমিহীন ক্ষেতমজুরের টাকা?

    বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র মারফত খবর, বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পরই নাকি মুখ্যমন্ত্রীর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভোট প্রক্রিয়ার মাঝেও যেন উন্নয়নের কাজ বাধাপ্রাপ্ত না হয় সেদিকেই নজর রয়েছে রাজ্য সরকারের। তাই আগামীকাল অর্থাৎ শুক্রবারের মধ্যেই আবেদনকারীদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে যুবসাথী প্রকল্পের টাকা।

    এখানেই শেষ নয়, ওই সূত্র দাবি করছে, বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক শেষে রাজ্য সরকারের নতুন প্রকল্প ভূমিহীন ক্ষেতমজুর নিয়ে বিশেষ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে জানানো হয়, বেকার ভাতার পাশাপাশি শুক্রবারের মধ্যে ভূমিহীন ক্ষেতমজুরের টাকাও নিজেদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন যোগ্য আবেদনকারীরা। মুখ্যমন্ত্রী এমন ঘোষনার পর মাসিক ভাতা নিয়ে কিছুটা হলেও স্বস্তি মিলবে আবেদনকারী, সে কথা বলাই যায়।

    অবশ্যই পড়ুন: সাবধান KKR থেকে MI! IPL এ CSK-কে একাই ম্যাচ জেতাতে পারেন এই প্লেয়ার

    উল্লেখ্য, সম্প্রতি সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশনে রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর সেই বাজেট পেশ করার সাথে সাথে নতুন দুই প্রকল্প যুবসাথী এবং ভূমিহীন খেতমজুরের প্রস্তাব রাখেন তিনি। আর তারপরই সাংবাদিক সম্মেলন করে এই বিশেষ প্রকল্প সম্পর্কে আমজনতাকে অবগত করেন মমতা।

  • পশ্চিম এশিয়ার সংঘাত, মমতার বিরুদ্ধে FIR…! আজকের সেরা ১০ খবর (১২ মার্চ)

    পশ্চিম এশিয়ার সংঘাত, মমতার বিরুদ্ধে FIR…! আজকের সেরা ১০ খবর (১২ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১২ মার্চ, বৃহস্পতিবার। পশ্চিম এশিয়ার সংঘাত, মমতার বিরুদ্ধে FIR, একগাদা স্পেশাল ট্রেন,, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) বাংলার উপর ঋণের বোঝা, হাড়হিম করা রিপোর্ট

    নীতি আয়োগের ২০২৬ সালের আর্থিক স্বাস্থ্যের রিপোর্টে এবার বড় রাজ্যগুলির মধ্যে পেছনের সারিতে রয়েছে পশ্চিমবঙ্গ। হ্যাঁ, ১৮টি রাজ্যের তালিকায় বাংলা শেষের দিকে থেকে তৃতীয় স্থানে রয়েছে। আর সঙ্গে রয়েছে কেরল, অন্ধ্রপ্রদেশ এবং পাঞ্জাব। রিপোর্টে বলা হয়েছে, রাজ্যের ঋণের বোঝা এবং সুদের চাপ দিনের পর দিন বাড়ছে। কিন্তু সামাজিক এবং অর্থনৈতিক খাতে মূলধনী ব্যয় এবং রাজস্ব আরও কিছুটা বেড়েছে। আর নীতি আয়োগের মতে, পরিকাঠামো উন্নয়ন এবং আয় বাড়ানোর দিকে এবার আরও নজরদারি দিতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) ব্রিগেডে মোদীর সভা উপলক্ষ্যে ১৬ জোড়া স্পেশাল ট্রেন

    কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ১৪ মার্চ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মেগা র‍্যালিকে কেন্দ্র করে এবার বিরাট প্রস্তুতি নিচ্ছে বিজেপি। সভায় যোগ দিতে উত্তরবঙ্গ থেকে কর্মীদের আনার জন্য ১৬ জোড়া স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আর এই সভাতে পরিবর্তন সংকল্প যাত্রা সমাপ্তি হবে বলে জানানো হয়েছে। মোদী প্রথমে হাসিমারা হয়ে অসমের কোকরাঝাড় সফরে যাবেন। পরে কলকাতায় এসে সভায় যোগদান করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর

    বিশ্ব হিন্দু পরিষদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর এর দাবি জানিয়েছে। ধর্মতলায় এসআইআর বিরোধী ধরনা মঞ্চে তাঁর এক মন্তব্যকে উস্কানিমূলক বলে অভিযোগ তুলে বীরভূমের রামপুরহাট পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আর পুলিশ সরাসরি না নেওয়ার কারণে সংগঠনের পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে অভিযোগ পাঠানো হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের দাবি, ওই মন্তব্য সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে। এমনকি পুলিশ ব্যবস্থা না হলে বিষয়টি আদালতে নিয়ে যাওয়ার হুঁশিয়ার দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) সাঁতরাগাছি থেকে চালু নতুন স্পেশাল ট্রেন

    যাত্রীদের সুবিধার জন্য ভারতীয় রেল এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে নতুন স্পেশাল ট্রেনের ঘোষণা করল। সাঁতরাগাছি স্টেশন থেকে তিরুবনন্তপুরম উত্তর এবং অন্যান্য রুটে বিশেষ ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে ০৬০৮১ তিরুবনন্তপুরম উত্তর–সাঁতরাগাছি ও ০৬০৮২ সাঁতরাগাছি–তিরুবনন্তপুরম উত্তর এক্সপ্রেস ট্রেনগুলো নির্দিষ্ট দিনে চলবে। পাশাপাশি ০৬৫৭১ যশবন্তপুর–কাটিহার ও ০৬৫৭২ কাটিহার–যশবন্তপুর স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে। আর এতে যাত্রীদের ভোগান্তি অনেকটাই দূর হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) একপাশে টোলমুক্ত হল ডানকুনি টোল প্লাজা

    ডানকুনি টোল প্লাজাতে এবার বিরাট সিদ্ধান্ত নেওয়া হল। আপাতত বর্ধমানগামী গাড়ির জন্য টোল মুকুব করে দেওয়া হয়েছে। কিন্তু কলকাতাগামী গাড়ির ক্ষেত্রে আগের মতোই টোল দিতে হবে। প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ছাড় অনির্দিষ্টকালের জন্যই কার্যকর থাকবে। কিন্তু কতদিন চলবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মূলত মেমারি এলাকায় ন্যাশনাল হাইওয়ে ১৯ এর পাশে গার্ডোয়াল ধসে পড়া, আর রাস্তার একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে ওই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) পূর্ব রেলে ১৮টি অসংরক্ষিত স্পেশাল ট্রেন

    যাত্রীদের সুবিধার জন্য পূর্ব রেল ১৮টি অসংরক্ষিত স্পেশাল ট্রেনের ঘোষণা করল। এই ট্রেনগুলি হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে বিভিন্ন রুটে চলবে। বরাকর, আসানসোল, দুর্গাপুর, সিউড়ি, মালদা টাউন, নিউ ফারাক্কা, কাটোয়া, পলাশী, কাকদ্বীপ, বসিরহাট, রানাঘাট, বনগাঁ, ক্যানিং, গেদে, লালগোলা এবং শান্তিপুর রুটে এই ট্রেনগুলি চালানো হবে বলে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানানো হয়েছে। ১৩ ও ১৪ মার্চ থেকে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী এই ট্রেনগুলি চলবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মহামিছিলের ডাক মমতার

    রান্নার গ্যাসের দাম বৃদ্ধি আর সংকটের প্রতিবাদে এবার পথে নামার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রকে দায়ী করে জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও গ্যাস সরবরাহ এবং বুকিং নিয়ম নিয়ে মানুষকে ভোগান্তিতে ফেলা হচ্ছে। প্রতিবাদে আগামী ১৬ মার্চ বিকেল চারটের সময় কলেজ স্কোয়ার থেকে ডোরিং ক্রসিং পর্যন্ত মহামিছিলে যোগদান করবেন তিনি। আর এতে তৃণমূল নেতৃত্ব অংশ নেবে। মুখ্যমন্ত্রী প্রশাসনকে গ্যাসের যোগান নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন। আর ডিলারদের রাজ্যের বাইরে গ্যাস না পাঠানোর পরামর্শ দিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) মার্কিন তেলবাহী জাহাজে ইরানের হামলা, মৃত্যু এক ভারতীয়র

    পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে এবার ইরাকের উপকূলে একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে, মার্কিন মালিকানাধীন ট্যাঙ্কার সাফেসি বিষ্ণুকে লক্ষ্য করে দ্রুতগামী নৌকা থেকে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। বিস্ফোরণে জাহাজে আগুন ধরে যায়। আর উদ্ধার অভিযানে ২৭ জন ক্রু সদস্যকে বাঁচানো গেলেও একজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে বলেই রিপোর্টে দাবি করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পারস্য উপকূল অঞ্চলের এই ধরনের হামলা বাড়লে বিশ্ব জ্বালানি পরিবহনে বিরাট প্রভাব পড়তে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) হরমুজ দিয়ে ভারতীয় জাহাজ প্রবেশের অনুমতি দিল ইরান

    পশ্চিমের এশিয়ার সংঘাতের মধ্যে আসলো ভারতের জন্য স্বস্তির খবর। জয়শঙ্কর এবং আব্বাস আরাঘচির কূটনৈতিক আলোচনার পর ইরান ভারতীয় পতাকাবাহী তেলবাহী জাহাজকে এবার হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিল। ইতিমধ্যেই পুষ্পক এবং পরিমলসহ কয়েকটি জাহাজ নিরাপদ পথে পাড়ি দিয়েছে এবং একটি জাহাজ মুম্বাই বন্দরে নিরাপদে পৌঁছেছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথ চালু হওয়ার কারণে ভারতের জ্বালানি সরবরাহে এবার স্বস্তি ফিরল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) কেতুগ্রামে কালী মন্দিরে দুঃসাহসিক চুরি

    পূর্ব বর্ধমানের কেতুগ্রামে অবস্থিত অট্টহাস সংলগ্ন রানার রটন্তী কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। দুষ্কৃতীরা তালা ভেঙে মন্দিরে ঢুকে দেবীর সোনার চেন, রুপোর মুকুট আর অলংকার লুট করে নিয়ে গিয়েছে এবং প্রণামির বাক্স ভেঙে টাকা নিয়ে পালিয়েছে। পরিচয় গোপন রাখার জন্য সিসিটিভি ক্যামেরায় কাদা লাগিয়ে দেওয়া হয়েছিল। আর পরদিন সকালবেলা মন্দির কর্মীরা এই বিষয়টি জানতে পারেন। পুলিশ ক্যাম্প এবং নিরাপত্তা থাকা সত্ত্বেও এরকম চুরির ঘটনা ঘটায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

  • না মানলে এই মাস থেকেই বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার, নিয়মে বদল আনল পশ্চিমবঙ্গ সরকার

    না মানলে এই মাস থেকেই বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার, নিয়মে বদল আনল পশ্চিমবঙ্গ সরকার

    সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। তবে এই প্রকল্পে এবার আসছে বিরাট পরিবর্তন। রাজ্য প্রশাসনের তরফ থেকে এই প্রকল্পে একাধিক নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। সরকারি সূত্রে খবর, এই নিয়মগুলি না মানলে চলতি মাস থেকে উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। রাজ্যের বিপুল সংখ্যক মহিলার আর্থিক সহায়তার জন্য এই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখার জন্যই বড়সড় পদক্ষেপ নিচ্ছে প্রশাসন।

    প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল এই লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি মাসে আর্থিক সাহায্য দেওয়া হয়। সম্প্রতি অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পের ভাতাও বাড়ানো হয়েছে। বর্তমানে সাধারণ শ্রেণির মহিলারা পাচ্ছে ১৫০০ টাকা এবং এসসি/এসটি শ্রেণীর মহিলারা পাচ্ছে ১৭০০ টাকা করে, যে টাকা সরাসরি উপোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।

    লক্ষ্মীর ভাণ্ডারে আসছে নতুন নিয়ম

    সরকারি সূত্র মারফৎ খবর, বেশ কিছু ক্ষেত্রে নথিপত্রের ভুল বা অনিয়মের অভিযোগ সামনে আসছে। কেউ কেউ নিয়ম বহির্ভূতভাবে প্রকল্পের সুবিধা নিচ্ছেন। সেই পরিস্থিতিতে প্রকৃত উপভোক্তাদের সুবিধা দেওয়ার জন্য অ্যাকাউন্ট চিহ্নিত করতে প্রশাসন এখন নতুন করে যাচাই প্রক্রিয়া শুরু করেছে। জানা যাচ্ছে, নতুন নিয়ম অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্ত থাকা বাধ্যতামূলক। যে সমস্ত উপভোক্তার অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করানো নেই, তাদের ভাতা পাঠানো বন্ধ হয়ে যেতে পারে। তাই দ্রুত ব্যাঙ্কে গিয়ে আধার লিঙ্ক করে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।

    এদিকে আরও একটু গুরুত্বপূর্ণ পরিবর্তন হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নিয়ম। এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা শুধুমাত্র উপভোক্তাদের নিজের নামে থাকা একক অ্যাকাউন্টের ক্ষেত্রে ঢুকবে। যৌথ অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে না। তাই প্রয়োজনে নিজের নামে আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নেওয়ারই পরামর্শ দিয়েছে রাজ্যের প্রশাসন।

    আরও পড়ুন: ঘূর্ণাবর্তের জেরে বাড়ছে দুর্যোগ! শুক্রেও ঝড়-বৃষ্টির আভাস, আগামীকালের আবহাওয়া

    এছাড়াও এই প্রকল্পে আবেদন করার জন্য বয়সের নির্দিষ্ট সীমা রয়েছে। আবেদনকারীর বয়স হতে হবে অবশ্যই ২৫ বছর থেকে ৬০ বছরের মধ্যে। কিন্তু বয়স ৬০ বছর পেরিয়ে গেলে তিনি আর এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন না। সেক্ষেত্রে তাঁকে বার্ধক্য ভাতা সুবিধা দেওয়া হবে। তাই যদি বয়সজনিত কারচুপি করা হয়, তাহলে এই প্রকল্পের ভাতা আর মিলবে না। প্রশাসনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আবেদনপত্রে ভুল তথ্য দিলে বা নথিপত্রে অসঙ্গতি থাকলে অ্যাকাউন্ট বাতিল হয়ে যেতে পারে। বিশেষ করে যদি আবেদনকারী বা তাঁর পরিবারের কেউ স্থায়ী সরকারি চাকরি করেন বা সরকারি পেনশন পান, সেক্ষেত্রে এই প্রকল্পের আওতায় ভাতা পাওয়া যাবে না।

  • LPG দাম বৃদ্ধি এবং সংকটে পথে নামছেন মমতা! দিলেন মহামিছিলের ডাক

    LPG দাম বৃদ্ধি এবং সংকটে পথে নামছেন মমতা! দিলেন মহামিছিলের ডাক

    প্রীতি পোদ্দার, কলকাতা: মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে জ্বালানি সংকটে ভুগছে গোটা দেশ। উদ্বেগ তৈরি হয়েছে গৃহস্তের হেঁশেলে। রাতারাতি গ্যাসের দাম বৃদ্ধিতে (LPG Cylinder Price Hike) রীতিমত দিশেহারা সকলে। এদিকে পরিকল্পনা ছাড়া, আলোচনা ছাড়া আচমকা গ্যাসের দাম বৃদ্ধি করায় কেন্দ্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, গ্যাস বুকিং-এর সময়সীমা বাড়ানো নিয়েও তৈরি হয়েছে অসন্তোষ। তাই এসবের প্রতিবাদে আগামী ১৬ মার্চ সোমবার, পথে মহামিছিলের ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    জ্বালানি সংকটে কেন্দ্রকে দায়ী করলেন মমতা

    ভোটমুখী পশ্চিমবঙ্গে চলমান SIR নিয়ে একাধিক বিতর্ক হয়েই চলেছে, আর এসবের মাঝেই বিতর্কের তালিকায় জুড়ল রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। এই সঙ্কটের মোকাবিলায় রাজ্যের তরফে কী ব্যবস্থা নেওয়া যায় তার জন্য বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, যুদ্ধ শুরু হয়েছে বেশ কিছুদিন আগে কিন্তু তারপরও কেন্দ্র সরকার কোনও ব্যবস্থা নেয়নি। তাই এই সব কিছুর জন্য কেন্দ্রীয় সরকারকে সম্পূর্ণভাবে দায়ী করছেন মমতা। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ২৫ দিনের নতুন নিয়ম চালু করেছে কেন্দ্র। আর সেই সিদ্ধান্তে সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ আরও বেড়েছে। তাই এই সবকিছুর প্রতিবাদে সোমবার মিছিলের ডাক দেওয়া হয়েছে।

    রাজপথে মহামিছিলের ডাক মমতার

    জানা গিয়েছে, আগামী সোমবার, ১৬ মার্চ, বিকেল ৪টের সময় মিছিল শুরু হবে কলেজ স্কোয়ার থেকে যা শেষ হবে ডরিনা ক্রসিংয়ে। মিছিলের নেতৃত্বে থাকবেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এছাড়াও উপস্থিত থাকবেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। মুখ্যমন্ত্রী জানান, “পেট্রলিয়াম মন্ত্রকের কাছে আমাদের দাবি, SIR-এর নাম কাটার দিকে না তাকিয়ে, মানুষের অধিকার না কেড়ে গ্যাসের সমস্যা মেটান। গ্যাসের জোগান যেন বন্ধ না হয়। অটো, মিড ডে মিল, বাড়ির রান্নার গ্যাস, ছোটখাটো রেস্তরাঁর সমস্যা মেটাতে হবে। আগে মানুষের কথা ভাবা দরকার। আমরা চাই, দ্রুত কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করুক।“

    আরও পড়ুন: দক্ষিণ-পূর্ব রেলে ফের বড় চমক! সাঁতরাগাছি থেকে চালু নতুন স্পেশাল ট্রেন

    প্রসঙ্গত, আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসবেন। রান্নার গ্যাস নিয়ে যে আচমকা সমস্যা তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান করতে ডিলারদের রাজ্যের মজুত গ্যাস বাইরে না পাঠানোর পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়াও ডিএম এসপিদের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। হাসপাতাল, মিড ডে মিল-এ যাতে খুব তাড়াতাড়ি গ্যাস মেলে তার জন্য ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা হয়েছে বলে জানান মমতা। এখন দেখার কবে এই জ্বালানি সংকট দূর হবে।

  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের বিশ্ব হিন্দু পরিষদের!

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের বিশ্ব হিন্দু পরিষদের!

    প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটের আবহে রীতিমত উত্তপ্ত রাজ্য রাজনীতি। যেহেতু হাতে সময় খুব কম তাই এখন থেকেই জনসংযোগ বৃদ্ধির পাশাপাশি কর্মসূচি করে চলেছে শাসকদল থেকে বিরোধীরা। আর এই অবস্থায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে FIR দায়ের করা হল বিশ্ব হিন্দু পরিষদের (Vishva Hindu Parishad) তরফে। জানা গিয়েছে পুলিশ সরাসরি FIR নিতে অস্বীকার করায় ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানানো হয়েছে বলে দাবি পরিষদের।

    ধরনা মঞ্চে বিতর্কিত মন্তব্য মমতার

    গত শনিবার থেকে রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনী অর্থাৎ SIR এর প্রতিবাদে কলকাতার ধর্মতলায় পাঁচদিন ব্যাপী ধরনা কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে ছিলেন একাধিক তৃণমূল নেতৃত্ব। সেখান থেকেই জনসমক্ষে বক্তব্য রাখার সময় তিনি বলেন, “আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি… এক সেকেন্ড লাগবে একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে এক সেকেন্ডে দেবে একদম ১২ টা বাজিয়ে দেবে।” ক্রমেই ভাইরাল হয়ে যায় এই মন্তব্য। অনেকেই একে ‘ঘৃণ্য’, ‘বিভ্রান্তিকর’ এবং ‘সাম্প্রদায়িক উসকানিমূলক’ বলেছেন। তাই এবার মমতার বিরুদ্ধে গর্জে উঠলেন বিশ্ব হিন্দু পরিষদ।

    FIR দায়ের বিশ্ব হিন্দু পরিষদের

    রিপোর্ট মোতাবেক, ধর্মতলার ধরনা মঞ্চ থেকে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে এবার আইনি লড়াইয়ের পথে হাঁটল বিশ্ব হিন্দু পরিষদ। গত মঙ্গলবার সন্ধ্যায় বীরভূমের রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ক্ষেত্রের সম্পাদক অমিয় কুমার সরকার। তবে পুলিশ সরাসরি FIR নিতে অস্বীকার করেছিল তাই ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানানো হয়। অমিয় কুমার সরকার জানান, রাজ্যের একজন সন্মানীয় ব্যক্তি হয়েও এই ধরনের মন্তব্য রাজ্যে দাঙ্গা পরিস্থিতি তৈরি করতে পারে। আর এই খবর ছড়িয়ে পড়তেই তুমুল উত্তেজনা।

    আরও পড়ুন: নবান্নের দিকে জানলা ব্যালকনি রাখা যাবে না! পুলিশের শর্তে বড় ধাক্কা দিল হাইকোর্ট

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথমে FIR না নেওয়ায় বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক অমিয় কুমার সরকার ক্ষোভ প্রকাশ করেন। তিনি সাংবাদিকদের বলেন, “পুলিশ আমাদের FIR নিতে চায়নি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে বর্তমানে প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। আমরা ই-মেইলে অভিযোগ জানিয়েছি। প্রতিটি জেলায় এবার এফআইআর করা হবে। পুলিশ পদক্ষেপ না করলে আমরা এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হব এবং মুখ্যমন্ত্রীকেও আদালতে টেনে নিয়ে যাব। দেখি কে আটকায়।” এদিকে বিশ্ব হিন্দু পরিষদের এই পদক্ষেপে তুমুল প্রশংসা করছে বিরোধীরা।

  • LPG সিলিন্ডার মজুত রাখলে বাজেয়াপ্ত করবে রাজ্য সরকার! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

    LPG সিলিন্ডার মজুত রাখলে বাজেয়াপ্ত করবে রাজ্য সরকার! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধের হাওয়া গায়ে লেগেছে বাংলারও। কেন্দ্রীয় সরকার আশ্বস্ত করলেও এক ধাক্কায় 60 টাকা বেড়েছে রান্নার গ্যাসের (LPG) দাম। তাতে পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। এদিকে জ্বালানি সমস্যার কারণে অটোতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। এমতাবস্থায়, ভবিষ্যতে সমস্যা এড়াতে আগেভাগে কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যাঁরা এই কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে নিজেদের মজুত বাড়াচ্ছেন, প্রয়োজন হলে সরকার তাদের কাছ থেকে সেই মজুত বাজেয়াপ্ত করবে।

    কেন্দ্রকে দুষে বড় সিদ্ধান্ত রাজ্যের

    গত 27 ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে ভয়াবহ হামলা চালায় আমেরিকা এবং ইজরায়েল। পরবর্তীতে দুই শক্তিধর দেশের হামলায় মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির। যেই ঘটনায় প্রত্যাঘাত করে পশ্চিম এশিয়ার দেশটি। বেঁধে যায় যুদ্ধ। অনেকেই ভেবে নিয়েছিলেন এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। সময় যত গড়াচ্ছে সেদিকেই যাচ্ছে পরিস্থিতি। এদিকে যুদ্ধের আবহে কেন্দ্রীয় সরকার দেশবাসীকে আশ্বস্ত করেছিল খুব কঠিন পরিস্থিতি তৈরি না হলে দেশে বাড়বে না গ্যাসের দাম। তবে হয়েছে উল্টোটা।

    দেশজুড়ে এক ধাক্কায় গৃহস্থালির রান্নার গ্যাসের দাম 60 টাকা বাড়ায় ক্ষুব্ধ বিরোধীরা। ইতিমধ্যেই একযোগে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছে তৃণমূল নেতৃত্ব। এবার জ্বালানি সংকট তৈরির নেপথ্যে ফের নরেন্দ্র মোদির সরকারকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট অভিযোগ, সঞ্চয়ের খতিয়ান না দেখে কেন LPG বুকিং এ কড়াকড়ি বিজ্ঞপ্তি জারি করা হল? এই পদক্ষেপ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলেই মনে করেন মুখ্যমন্ত্রী।

    অবশ্যই পড়ুন: LPG সঙ্কটের মাঝে যাত্রীদের খাবারের জন্য রেলের ক্যান্টিনকে বড় নির্দেশ IRCTC-র

    এদিকে, কঠিন পরিস্থিতিতে রাজ্যে যাতে গ্যাসের জন্য হাহাকার দেখা না দেয় সেজন্যই এবার কঠিন পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। পরিস্থিতি খতিয়ে দেখে ইতিমধ্যেই জেলাশাসক থেকে শুরু করে পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে খুব শীঘ্রই প্রশাসনিক বৈঠকে বসবেন তিনি। সেখানেই কীভাবে কঠিন সময়ে সাধারণ মানুষকে বাঁচানো যায় তা নিয়ে ই হবে আলোচনা। তবে সেই বৈঠক শুরুর আগেই এরই মধ্যেই জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন খারাপ সময়ে গ্যাসের কালোবাজারি রুখতে অবৈধভাবে LPG সিলিন্ডার মজুত করে রাখছে এমন খবর পেলে তৎক্ষণাৎ তা বাজেয়াপ্ত করা হতে পারে বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ বক্তব্য, কালোবাজারি সহ্য করবে না সরকার।

  • Failed হতে শুরু করল যুবসাথীর পেমেন্ট! SMS ঢুকলেও মিলছে না টাকা

    Failed হতে শুরু করল যুবসাথীর পেমেন্ট! SMS ঢুকলেও মিলছে না টাকা

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: যুবসাথী প্রকল্পের (Yuva Sathi Payment Failed) টাকা কবে মিলবে তা নিয়ে চিন্তিত রাজ্যের (Government Of West Bengal) একটা বড় অংশের আবেদনকারী। এর আগে গত শনিবার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, 7 মার্চ অর্থাৎ শনিবার থেকেই প্রত্যেক আবেদনকারীর অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে যুবসাথী প্রকল্পের টাকা। সেই মতোই 8 তারিখের মধ্যে একাংশের আবেদনকারীর ফোন টাকা ক্লেম হওয়ার মেসেজ ঢুকলেও বাংলার একটা বড় অংশের আবেদনকারী এখনও রাজ্য সরকারের এই বিশেষ প্রকল্পের টাকা পাননি। ফলে তাঁরা উগরে দিচ্ছিলেন ক্ষোভ। এরই মাঝে এবার Failed হতে শুরু করল যুবসাথী প্রকল্পের পেমেন্ট।

    মেসেজ ঢুকলেও মিলছে না যুবসাথীর টাকা!

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর থেকে ধীরে ধীরে রাজ্যের সকল আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয় বলেই সূত্রের খবর। শুরুর দিকে না হলেও গতকাল অর্থাৎ সোমবার থেকে বহু আবেদনকারী নিজেদের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা পেয়ে গিয়েছেন। তবে অনেকের অভিযোগ, তাঁদের Whatsapp এবং মেসেজে যুবসাথী প্রকল্প সংক্রান্ত বার্তা সরকারের তরফে পাঠানো হলেও ক্রেডিট হয়নি টাকা।

    এরই মাঝে মঙ্গলবার বহু আবেদনকারীর ফোনে পেমেন্ট Failed হওয়ার মেসেজ এসেছে। স্মার্টফোনে আসা ওই বার্তায় বলা হচ্ছে আবেদনকারীর অ্যাকাউন্টের উদ্দেশ্যে 1500 টাকা পাঠানো হলেও পেমেন্ট ফেলড হয়েছে। এর জন্য যত দ্রুত সম্ভব নিকটবর্তী সরকারি অফিস অথবা সংশ্লিষ্ট ব্যাঙ্কের ব্রাঞ্চে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। আর এমন মেসেজ পেতেই একেবারে ঘাবড়ে গিয়েছেন একটা বড় অংশের আবেদনকারী। এ নিয়ে বিশেষজ্ঞদের বক্তব্য, সাধারণত আবেদনপত্রে ব্যাঙ্ক ডিটেইলস ভুল দেওয়া হলে এই ধরনের মেসেজ আসে। এছাড়াও অনেক সময় যে ট্রেজারি থেকে টাকা পাঠানো হচ্ছে সেখানে আবেদনকারীর ব্যাঙ্কিং তথ্য ভুল নোট করা হলেও অ্যাকাউন্টে ক্রেডিট হয় না টাকা।

    অবশ্যই পড়ুন: আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস পেল নয়া স্টপেজ, কোন স্টেশনে দাঁড়াবে জানাল রেল

    এখন কী করণীয়?

    একাধিক সূত্র মারফত খবর, ইতিমধ্যেই বাংলার একাধিক জেলার আবেদনকারীরা নিজেদের অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের প্রদত্ত অর্থ পেয়ে গিয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই ভিডিও বার্তায় বেকার ভাতা দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন। কিন্তু হঠাৎ করে ফোনে Failed মেসেজ আসা শুরু হওয়ায় আদৌ টাকা ঢুকবে কিনা তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন অনেকেই। যদিও সকলের ফোনে এমন মেসেজ যায়নি। এ নিয়ে কয়েকজন সরকারি আধিকারিকের দাবি, ফোনে যদি সত্যিই এমন ধরনের মেসেজ এসে থাকে সেক্ষেত্রে দ্রুত ব্যাঙ্ক কর্তৃপক্ষ অথবা BDO অফিসে যোগাযোগ করা ভাল।

  • ‘ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব’ বকেয়া DA কাণ্ডে বড় ঘোষণা, ঘুরে যাবে খেলা? জল্পনা তুঙ্গে

    ‘ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব’ বকেয়া DA কাণ্ডে বড় ঘোষণা, ঘুরে যাবে খেলা? জল্পনা তুঙ্গে

    প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনের আবহে বিভিন্ন ইস্যু নিয়ে একের পর এক বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। SIR নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তুলে ধরছেন একের পর এক অভিযোগ। আর এই অবস্থায় গর্জে উঠল সরকারি কর্মীরা। DA না দিয়ে যুবসাথীর টাকা ঘোষণা করায় কাটমানির প্রসঙ্গ তুললেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ভোটে মমতাকে (Mamata Banerjee) দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিলেন।

    কাটমানির প্রসঙ্গ তুললেন ভাস্কর

    কনফেডারেশন এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ রাজ্য সরকারের যুবসাথী প্রকল্প নিয়ে ক্ষুব্ধতা প্রকাশ করেন। গত ৭ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার ধরনা মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন যে ১ এপ্রিল থেকে নয়, যুবসাথীর টাকা ৭ মার্চ থেকে দেওয়া হবে। আর সেই ঘোষণা নিয়ে বিরোধী পক্ষ থেকে উঠে আসে একাধিক কটাক্ষ। কীসের জন্য এই তাড়াহুড়ো তাই নিয়ে ওঠে প্রশ্ন, এবার সেই নিয়ে এক সাক্ষাৎকার পর্বে ভাস্কর ঘোষ কাটমানির প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “ অনেকেই জানেন না যে রাজ্যের উচ্চপদস্থ আমলাকারীদের মধ্যে কতজনকে যুবসাথী দেওয়া হচ্ছে, এমনকি RTI করেও সেই তথ্য মিলবে না, কারণ এই সরকার যদি ৭০ লক্ষ বেকারদের মাসে ১৫০০ করে দেয় তাহলে রেকর্ডে এন্ট্রি হবে ১ কোটি উপোভোক্তাদের দেওয়া হচ্ছে। বাকি ৩০ লক্ষকে ভুতুড়ে সাজিয়ে টাকা পার্টি ফান্ডে ঢোকাবে। এইভাবেই চলবে কাটমানি।”

    DA নিয়ে খোঁচা সরকারকে

    গত শুক্রবার, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness allowance) মামলার রায় কার্যকর করার সময়সীমা বাড়ানোর জন্য নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন জমা দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। জানানো হয়েছিল, ডিএ বকেয়া পরিশোধ সংক্রান্ত নির্দেশ বাস্তবায়নে একাধিক প্রশাসনিক, প্রযুক্তিগত এবং আর্থিক জটিলতার মুখে পড়তে হচ্ছে। সেই কারণেই অন্তত ২৫ শতাংশ বকেয়া ডিএ এবং প্রথম কিস্তির অর্থ ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে দেওয়ার অনুমতি দেওয়া হোক। যদিও এখনও এই বিষয়ে সুপ্রিম কোর্টের তরফে কিছুই জানানো হয়নি। এই নিয়েও ভাস্কর ঘোষ বলেন, “এটি আসলে সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করে সময় নষ্ট করা ছাড়া কিছুই নয়। তাঁরা নিজেরাই জানেন আজ নয়ত কাল DA মেটাতে হবে সকলকে। আমরাও আপনাকে ভোটের ময়দানে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। ”

    আরও পড়ুন: রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা, দেখুন সূচি

    সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “মমতা সরকারকে বুঝিয়ে দেব কর্মচারীদের প্রতি যদি এরূপ দৃষ্টিভঙ্গি তিনি চালিয়ে যান তাহলে মে মাসের পরে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি হবে না। রাজ্যবাসী তখন বুঝবে সরকার আসলে সরকারি কর্মীরা চালায় কোন কালীঘাটের লোকজন এই সরকার চালায় না। ” প্রসঙ্গত, আগামী ১৩ মার্চ রাজ্য জুড়ে সরকারি অফিস অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মচারী সংগঠনের নেতারা। যদিও যে কোনও ধর্মঘটের ক্ষেত্রে বরাবর কড়া অবস্থান নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার সেই সরকার আদৌ কর্মীদের সঙ্গে সংঘাতে যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।