Tag: East Bengal FC

  • ইস্টবেঙ্গলে কোচ অস্কারের ডানা ছাঁটার কাজ শুরু?

    ইস্টবেঙ্গলে কোচ অস্কারের ডানা ছাঁটার কাজ শুরু?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরুটা জয় দিয়ে করলেও হঠাৎ মাঝ পথে হারিয়ে গিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। চলতি ইন্ডিয়ান সুপার লিগে যেখানে একের পর এক ম্যাচ জিতে ক্ষমতা প্রদর্শন করছে মোহনবাগান সুপার জায়ান্ট, সেই পর্বে দাঁড়িয়ে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে শহরের ঐতিহ্যবাহী দল লাল হলুদ। আর তার দায় গিয়ে পড়েছে সরাসরি প্রধান কোচ অস্কার ব্রুজোর (Oscar Bruzon) কাঁধে। এর আগে বেশ কয়েকবার স্প্যানিশ কোচকে গো ব্যাক স্লোগান দিয়েছেন ভক্তরা। দাবি উঠেছে তাঁকে পদ থেকে অপসারণের। এ নিয়ে যদিও লাল হলুদ কর্তা জানিয়েছিলেন, অস্কারকে ছেড়ে দেওয়া তাঁদের হাতে নেই। তবে এবার শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গলে ধীরে ধীরে গুরুত্ব কমছে এই বিদেশি কোচের।

    ডানা ছাটা হচ্ছে অস্কারের!

    যে দলটা এবারের সংক্ষিপ্ততম ISL এর শুরুর দিকে প্রতিপক্ষকে একেবারে নাজেহাল করে ছেড়েছিল তারাই কিনা এই মুহূর্তে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে পড়ে রয়েছে। ভাবলেও কেমন লজ্জা করে ইস্টবেঙ্গল সমর্থকদের! আসলে ISL এ পয়েন্ট তালিকার আট অথবা নয় এক কথায় তলানিতে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল। তাই নতুন সিজনের আগে একের পর এক বিদেশি ফুটবলারকে সই করিয়ে নতুন করে নিজেদের মেলে ধরার স্বপ্ন দেখেছিল শহরের এই ঐতিহ্যবাহী দলটি। সেই স্বপ্নের পথে পা বাড়িয়েও কেমন যেন পিছিয়ে আসতে হচ্ছে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটিকে।

    এদিকে বুধবার সাড়ে চারটে থেকে অনুশীলন শুরু করার কথা ছিল ইস্টবেঙ্গল ফুটবলারদের। তবে মিগুয়েলরা মাঠে নামলেন পাঁচটায়। সূত্রের খবর, অনুশীলন শুরু হওয়ার আগে থাংবোই সিংটোর সাথে কয়েক দফা মিটিং হয় তাঁদের। এরপর অবশ্য দলকে হাতে পান অস্কার। কিন্তু তারপরেও দেখা গেল প্রধান কোচের সাথে মিটিংয়ে বসলেন প্লেয়াররা। এই দৃশ্য দেখে অনেকেই ধরে নিয়েছেন ইস্টবেঙ্গলে ডানা ছাটার কাজ চলছে অস্কারের। কারণ এর আগে বহুবার ফুটবলারদের নিয়ে নানান বৈঠকের পরই প্রধান কোচেদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এবারেও কি তেমনটা হবে? প্রশ্নটা আপাতত তোলাই থাক।

    অবশ্যই পড়ুন: তাঁর জোরেই প্রথম IPL জয়, সেই তারকাকেই বড় দায়িত্ব দিল KKR

    প্রসঙ্গত, আগামী সোমবার এই মুহূর্তে পয়েন্ট তালিকার তলানিতে থাকা দল মহামেডান স্পোটিংয়ের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। এবারের প্রতিযোগিতায় আজ পর্যন্ত খাতা খুলতে না পারলেও এই প্রতিবেশী দলটির প্লেয়ারদের একেবারেই হালকাভাবে নিচ্ছেন না ইস্টবেঙ্গল কোচ অস্কার। লাল হলুদ সূত্রে খবর, দায়িত্ব হারানোর ভয়কে সরিয়ে রেখে এই মুহূর্তে পরবর্তী ম্যাচের উপর নজর দিয়েছেন স্প্যানিশ কোচ অস্কার।

  • এই মুহূর্তে ISL-এ কোন দলের অবস্থা কেমন? কত নম্বরে ইস্টবেঙ্গল, মোহনবাগান

    এই মুহূর্তে ISL-এ কোন দলের অবস্থা কেমন? কত নম্বরে ইস্টবেঙ্গল, মোহনবাগান

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাজারো ঝুট ঝামেলা কাটিয়ে চলছে সংক্ষিপ্ততম ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League)। সর্বশেষ ম্যাচে এফসি গোয়া এবং পাঞ্জাব এফসি ড্র করায় পয়েন্ট তালিকায় ব্যাপক বদল এসেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ISL এ পঞ্চম ম্যাচ শেষ হওয়ার পর তালিকায় (ISL Points Table) কোন দল কোথায় রয়েছে। মোহনবাগান, ইস্টবেঙ্গলই বা কততে?

    ISL এ বর্তমানে কে কোথায়?

    দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL এ 5 ম্যাচ শেষের পরই পয়েন্ট তালিকার একেবারে শীর্ষে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তালিকার মগডালে থাকা দলটি পেয়েছে 13 পয়েন্ট। 5 ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে তারা। বাকি একটি ম্যাচ ড্র হয়েছে।

    অন্যদিকে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জামশেদপুর এফসি। এই দলটির পয়েন্ট 12। তৃতীয় স্থানে জায়গা করেছে মুম্বই সিটি এফসি। তাদের পয়েন্ট 11। চতুর্থ স্থানে রয়েছে এফসি গোয়া। এই দলের পয়েন্ট 9। 8 পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। সয় সংখ্যক পয়েন্ট নিয়ে 6 নম্বরে বেঙ্গালুরু। এছাড়াও সপ্তম স্থান ধরে রেখেছে নর্থইস্ট ইউনাইটেড। তাদের পয়েন্ট 6। মাত্র 5 পয়েন্ট নিয়ে যথাক্রমে অষ্টম এবং নবম স্থানে রয়েছে পাঞ্জাব ও ইন্টার কাশি। 10 এ চেন্নাইয়িন এফসি। তাদের বর্তমান পয়েন্ট 4।

    অবশ্যই পড়ুন: বিশ্বকাপে খেলা হচ্ছে না! নেইমার বললেন, “আমার হাতে নেই”

    এখানেই শেষ নয়, পয়েন্ট তালিকার 11 নম্বরে 2 পয়েন্টে ওডিশা এফসি ও 12 নম্বরে কেরালা ব্লাস্টার্স। এই দলের পয়েন্ট মাত্র 1। এছাড়াও 13 নম্বরে এসসি দিল্লি ও 14 নম্বরে মহামেডান। দিল্লি 1 পয়েন্ট পেলেও শহরের ঐতিহ্যবাহী দলটি আজ পর্যন্ত খাতাই খুলতে পারেনি। এদিকে, এবারের ইন্ডিয়ান সুপার লিগে আজ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা বাগানের জেমি ম্যাকলারেন। এ আসরে এখনও পর্যন্ত 7 গোল দিয়ে ফেলেছেন তিনি।

  • ৪ মে ভোটের ফল ঘোষণা, কলকাতায় হচ্ছে না ইস্ট-মোহনের ISL ডার্বি? বড় খবর

    ৪ মে ভোটের ফল ঘোষণা, কলকাতায় হচ্ছে না ইস্ট-মোহনের ISL ডার্বি? বড় খবর

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের কলকাতা ডার্বি ঘিরে তৈরি হল সমস্যা (ISL Kolkata Derby)। গতকাল অর্থাৎ রবিবার দুপুরেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ রাজ্যে দু দফায় 23 ও 29 এপ্রিল চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া। এরপর 4 মে ফল ঘোষণা। ঠিক তার আগের দিন ইন্ডিয়ান সুপার লিগে কলকাতা ডার্বি। শোনা যাচ্ছে, ভোটের ফল ঘোষণার 24-48 ঘণ্টার মধ্যে যুবভারতীর ম্যাচে বোধহয় নিরাপত্তা দিতে পারবে না কলকাতা পুলিশ। আর এই নিরাপত্তার অভাবেই এবার অনিশ্চয়তার মধ্যে ISL ডার্বি।

    ডার্বির ভবিষ্যৎ কী?

    সূত্রের যা খবর, ভোটের ফলাফল ঘোষণার আগের দিন অর্থাৎ 3 মে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। মূলত সে কারণেই এবার হয়তো শহরে বহু অপেক্ষিত ডার্বি নিয়ে দ্বিতীয় চিন্তা করতে পারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এবছর ইন্ডিয়ান সুপার লিগের সূচি তৈরি করেছেন ক্লাব গুলির প্রতিনিধিরা। সেক্ষেত্রে তাঁরাই পুনরায় নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন বলেই আশা করছেন অনেকে। সে কথাই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন AIFF সভাপতি কল্যাণ চৌবেও।

    সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি এও জানিয়েছেন, বাংলায় দুই দফা নির্বাচনের মধ্যে কলকাতায় আরও বেশ কয়েকটি ISL ম্যাচ পড়ছে। ফলে সেগুলি নিয়েও সমস্যা তৈরি হতে পারে। এদিকে শোনা যাচ্ছে, ভোটের ফলাফল ঘোষণার আগের দিন অনুষ্ঠিত হতে যাওয়া কলকাতা ডার্বি নিয়ে এই মুহূর্তে দুটি বিকল্প রয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে। এক, ডার্বি অন্য কোনও রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া। অথবা ডার্বির দিন পরিবর্তন করে কলকাতাতেই আয়োজন করা।

    অবশ্যই পড়ুন: দার্জিলিং-এর আকাশে ওটা কী! রহস্যময় আলো ঘিরে পাহাড়ে শোরগোল

    বলাই বাহুল্য, ইন্ডিয়ান সুপার লিগের সূচি অনুযায়ী কলকাতা ডার্বির দিনেই কিশোর ভারতীতে ম্যাচ হওয়ার কথা মহামেডান এবং মুম্বাইয়ের। পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার অভাবে সেই ম্যাচ নিয়েও তৈরি হয়েছে সংশয়। সূত্রের যা খবর, ফলাফল ঘোষণার আগের দিন এই দুই ম্যাচে কলকাতা পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে কিনা তা জানতে চাওয়া হবে রাজ্যের পুলিশ কমিশনারের কাছে। সেখান থেকে সবুজ সংকেত না পেলে তবেই বিকল্প চিন্তা করবে AIFF ও ক্লাবগুলির প্রতিনিধিরা।

  • “জঘন্য ফুটবল খেলছে ইস্টবেঙ্গল!” কোচের পদ হারাবেন অস্কার?

    “জঘন্য ফুটবল খেলছে ইস্টবেঙ্গল!” কোচের পদ হারাবেন অস্কার?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা জয় দিয়ে করলেও মাঝপথে এসে কার্যত হড়কে গেল ইস্টবেঙ্গল (East Bengal FC)। প্রথম দুই ম্যাচের পর কেমন যেন বলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন ইস্টবেঙ্গল ফুটবলারেরা। গতকাল পয়েন্ট তালিকার 13 নম্বরে থাকা দল কেরালার বিরুদ্ধে সাফল্য খুঁজতে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। তবে ম্যাচে প্রথম গোল করে জেতার স্বপ্ন দেখলেও শেষ মুহূর্তে পাল্টা গোল করে লাল হলুদকে আটকে দিল দক্ষিণী দল। একের পর এক ম্যাচে ইস্টবেঙ্গলের এমন ব্যর্থতা কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে ভক্তদের। তাতেই এবার প্রধান কোচ অস্কার ব্রুজোকে (Oscar Bruzon) নিয়ে গো ব্যাক স্লোগান তুললেন তাঁরা।

    লাল হলুদের ব্যর্থতায় কোচের পদ হারাবেন অস্কার?

    শনিবার ম্যাচের প্রথম 9 মিনিটে বক্সের ভেতরেই ফাউল করা হয় ইস্টবেঙ্গল ফুটবলার এডমুন্ডকে। তারপরই সুযোগ পেয়ে তার সদ্ব্যবহার করে লাল হলুদ। পেনাল্টি পেতেই প্রথম গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল বাহিনী। যদিও সেই গোল শোধ দিতে উঠেপড়ে লেগেছিল কেরালা। মাঝে অবশ্য বহুবার সুযোগ পেয়েছে প্রথম গোল করার। তবে শেষ পর্যন্ত সাফল্যটা এসেছে 90+2 মিনিটে অর্থাৎ অতিরিক্ত সময়ের খেলায়। শেষ মুহূর্তে গোল করে কেরালা সমতায় ফিরলে ড্র হয়ে যায় ম্যাচ। আর তারপরই ইস্টবেঙ্গলের ব্যর্থতায় একেবারে মাথায় হাত পড়ে সমর্থকদের। যে দলটা চলতি টুর্নামেন্টের শুরু থেকে দাপিয়ে খেলে আসছিল তারা হঠাৎ করে কোথায় হারিয়ে যাচ্ছে জানতে চাইছেন সিংহভাগই?

    এদিকে পয়েন্ট তালিকায় পিছিয়ে থাকা কেরালার বিরুদ্ধে জয় খুঁজতে না পারায় ব্যর্থতার দায় গিয়ে পড়েছে, প্রধান কোচ অস্কারের উপর। লাল হলুদের হেড স্যারকে নিয়ে গতকাল সমালোচনার বন্যা বইয়ে দিয়েছিলেন ভক্তরা। তাছাড়াও স্টেডিয়ামে উঠেছিল অস্কার গো ব্যাক স্লোগান। ক্যামেরার লেন্স থেকে ধরা পড়েছে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের কাছে ভক্তরা জানতে চাইছেন কেন ভাল ফল করতে পারছে না দল? অনেকেরই দাবি, একেবারে জঘন্য ফুটবল খেলছে ইস্টবেঙ্গল। শুধু তাই নয়, এদিন লাল হলুদ কর্তার কাছে অস্কারকে পদ থেকে সরানোর দাবি জানান তাঁরা।

    অবশ্যই পড়ুন: এরা পাবেন না গ্যাস সিলিন্ডার! নয়া বিধি নিষেধ আরোপ কেন্দ্রের

    ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা অবশ্য একেবারে স্পষ্ট করে জানিয়েছিলেন, “অস্কারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া আমাদের হাতে নেই। ম্যানেজমেন্ট এবং কোম্পানি তো দলের ভাল চেয়েই ফুটবলার এবং কোচ নিয়োগ করেছে।” লাল হলুদ কর্তার তরফে এমন বক্তব্যের পরেও ইস্টবেঙ্গল সমর্থকরা, বারবার প্রশ্ন করছিলেন প্লেয়াররা তো খারাপ খেলেনি তাহলে কোথায় হারল ইস্টবেঙ্গল? দেবব্রত সরকার অবশ্য নিজেও স্বীকার করেছেন যে লাল হলুদের ছেলেরা যথেষ্ট চেষ্টা করেছে। আর এসবের পর দলের এমন অসফলতার জন্য অস্কার ব্রুজোকে দায়ী করে দ্রুত তাঁর পদত্যাগ চাইছেন সকলে। এখন দেখার শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলে অস্কারের মেয়াদ ঠিক কতদিন হয়!