Tag: Badrinath

  • ভাগবত কথা শুনতে খরচ ১ লাখ, পুজো দিলে ৫১ হাজার! বদ্রিনাথ-কেদারনাথে যাওয়ার আগে দেখুন

    ভাগবত কথা শুনতে খরচ ১ লাখ, পুজো দিলে ৫১ হাজার! বদ্রিনাথ-কেদারনাথে যাওয়ার আগে দেখুন

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: হিন্দু ধর্মের পবিত্র গঙ্গোত্রী, যমুনেত্রী, কেদারনাথ (Kedarnath) এবং বদ্রিনাথ অর্থাৎ চারধাম যাত্রার (Char Dham Yatra) রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সরকারের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী 19 এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হবে চারধাম যাত্রা। প্রথম দিন খুলবে গঙ্গোত্রী এবং যমুনেত্রী মন্দিরের দরজা। এরপর 22 এপ্রিল কেদারনাথ মন্দির এবং 23 তারিখ বদ্রিনাথের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। তার আগে উত্তরাখন্ড সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, চারধাম যাত্রায় অংশ নিতে গেলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। সেই নির্দেশিকার পর এবার কেদারনাথ ও বদ্রিনাথ ধামে ভক্তদের পুজো-আরতির জন্য নির্ধারিত ফি বাড়িয়ে দিল মন্দির কর্তৃপক্ষ।

    বদ্রিনাথ ও কেদারনাথ ধামে পুজো করতে হলে গুনতে হবে মোটা টাকা

    চারধাম যাত্রা চলাকালীন প্রত্যেকটি ধামে অর্থাৎ মন্দিরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে পূজার্চনা। এছাড়াও রয়েছে অভিষেক, ভোগ, অখন্ড জ্যোতি সহ অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান। আর চার ধামের এই বিশেষ পুজো গুলিতে অংশ নিতে হলে ভক্তদের আগে থেকে বুকিং করাতে হয়। এজন্য জমা দিতে হয় নির্ধারিত ফি। এবার সেই খরচ অনেকটাই বাড়িয়ে দিল চারধাম মন্দির কমিটি। কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মূলত গোটা সিস্টেমের উন্নতি এবং তীর্থযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই বাড়ানো হয়েছে পুজোর ফি।

    মন্দির কমিটির তরফে নির্ধারিত ফি কাঠামো অনুযায়ী, এ বছর চারধাম যাত্রায় বদ্রীনাথ ধামের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বা পুজো যেমন, শ্রীমৎ ভগবত কথা, বেদ গীতা পাঠ, মহাভিষেক, অভিষেক এবং মন্দিরের আরতির জন্য এবার থেকে অতিরিক্ত অর্থ গুনতে হবে ভক্তদের। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, বদ্রিনাথ ধামে ভগবত কথা শোনার জন্য সর্বোচ্চ ফি 51 হাজার টাকা থেকে বাড়িয়ে 1 লাখ টাকা করা হয়েছে। অন্যদিকে বেদ ও গীতা পাঠের শুনতে ফি দিতে হবে 3100 টাকা। আগে যা ছিল আড়াই হাজার।

    এখানেই শেষ নয়, বদ্রিনাথ ধামে ঈশ্বরের কপূর আরতি করতে হলে 3000 টাকা খরচ করতে হবে ভক্তদের। আগে এই টিকিটের মূল্য ছিল 1951 টাকা। তবে সিলভার আরতি করতে হলে গুনতে হবে 5,100 টাকা। এছাড়াও অভিষেকের জন্য এখন থেকে খরচ হবে 5,300 টাকা। অখন্ড জ্যোতির ফি 6000। তবে যদি কেউ সোনার আরতী করতে যান তার জন্য গুনতে হবে 6,100 টাকা। এর পাশাপাশি মন্দিরের ক্ষীর ভোগ, মহা ভোগ সহ অন্যান্য ভোগের খরচও বেড়েছে।

    অবশ্যই পড়ুন: ফের বেড়ে গেল অটোর LPG-র দাম, ভাড়া নিয়ে আশঙ্কায় সাধারণ মানুষ

    এদিকে কেদারনাথ ধামে রুদ্রভিষেক, মহাভিষেক, রুদ্রভিশেকা, শিব সহস্রনাম এবং দিনব্যাপী উপাসনার মতো ছোটখাটো আচার অনুষ্ঠানের অঙ্গ হতেও অতিরিক্ত অর্থ খরচ করতে হবে ভক্তদের। যদি কেউ কেদারনাথ এ গোটা দিনব্যাপী পূজা করতে চান তবে তার খরচ হবে 51 হাজার টাকা। এর আগে পূজোর সর্বোচ্চ ফি ছিল 28 হাজার 600। এছাড়াও অখন্ড জ্যোতি, কর্পূর আরতি, দৈনিক পুজোর ক্ষেত্রেও গুনতে হবে অতিরিক্ত খরচ। বিশেষ করে শিব সহস্র নামের জন্য দিতে হবে আড়াই হাজার টাকা। রুদ্রভিষেক করতে গেলে এখন থেকে সাড়ে সাত হাজার টাকা গুনতে হবে। তবে মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সাধারণ ভক্তরা আগের মতোই দর্শন করতে পারবেন বিনামূল্যে।

  • ট্রেনেই পৌঁছতে পারবেন কেদারনাথ, বদ্রিনাথ! শীঘ্রই চারধাম যাত্রীদের সুখবর দিতে পারে রেল

    ট্রেনেই পৌঁছতে পারবেন কেদারনাথ, বদ্রিনাথ! শীঘ্রই চারধাম যাত্রীদের সুখবর দিতে পারে রেল

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চারধাম (Char Dham Rail Project) যাত্রা 2026 এর অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আগামী 17 এপ্রিল থেকে শুরু হবে অফলাইন রেজিস্ট্রেশনের কাজ। উত্তরাখণ্ড সরকারের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, চারধাম যাত্রায় অংশ নিতে হলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এদিকে কেদারনাথ, বদ্রিনাথ, গঙ্গোত্রী এবং যমুনেত্রী অর্থাৎ এই চারটি ধামে পৌঁছতে যাতে দর্শনার্থীদের সমস্যা না হয় সেজন্যই পাহাড়ের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে রেলপথ। ভারতীয় রেলের (Indian Railways) সর্বশেষ তথ্য অনুযায়ী, চারধাম যাত্রীদের কষ্ট লাঘব করতে দ্রুত গতিতে চলছে রেল প্রকল্পের কাজ।

    কতদূর রেল প্রকল্পের কাজ?

    রেলমন্ত্রকের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, চারধাম যাত্রায় অংশ নিতে যাওয়া পুণ্যার্থীদের ভীরকে সামাল দিতে পাহাড়ের দুর্গম পরিবেশে 327 কিলোমিটার দীর্ঘ রেল পথ তৈরির কাজ শুরু করা হয়েছিল। জানা যায়, উত্তরাখণ্ডের দেরাদুন এবং কর্ণপ্রয়াগ হয়ে গঙ্গোত্রী, যমুনেত্রী, বদ্রিনাথ এবং কেদারনাথের মধ্যে থেকে চলবে ট্রেন। সেই মর্মেই জোর কদমে চলছিল কাজ। এরই মাঝে রেল বিকাশ নিগম লিমিটেড জানিয়েছে, ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ পর্যন্ত 125 কিলোমিটার দীর্ঘ রেলপথের কাজ একপ্রকার শেষ।

    আরও পড়ুনঃ ‘আরও এক দফায় লড়াই, এবার জিতবেন …’ DA মামলা নিয়ে ভবিষ্যদ্বাণী

    এদিকে রেলের বিভিন্ন টানেলগুলির কাজও সম্পন্ন হয়েছে। রেল সূত্রে খবর, 38টি অত্যাধুনিক টানেলের মধ্যে ইতিমধ্যেই 28টি টানেলের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। ভারতের দীর্ঘতম রেল টানেল T8 এর কাজও শেষ হয়েছে ইতিমধ্যেই। রেল সূত্রে যা খবর, এই বিশেষ রেল প্রকল্পের মোট বাজেট 26 হাজার 841 কোটি টাকা। এরমধ্যে প্রায় 60 থেকে 76 শতাংশ অর্থ খরচ হয়ে গিয়েছে। বর্তমানে কয়েকটি রেল ব্রিজ, কাটিং এবং স্টেশন নির্মাণের কাজ চলছে।

    রেল সূত্রে খবর, শ্রীনগর গরহওয়াল, গোচর এবং কালেশ্বরের এলাকাগুলিকে সংযোগকারী মোটর টানেলগুলির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বলাই বাহুল্য, ভারতীয় রেলের এই বিশেষ প্রকল্পের অধীনে ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ পর্যন্ত 125 কিলোমিটার দীর্ঘ রেল লাইনের 105 কিলোমিটার লাইন 16টি টানেলের মধ্যে দিয়ে যাবে। শোনা যাচ্ছে, এইসব টানেল ছাড়াও 12টি নিষ্কাশন টানেল ও কিছু ক্রস পাস প্যাসেজও তৈরি করা হচ্ছে।

    অবশ্যই পড়ুন: প্রতিমাসে অ্যাকাউন্টে ঢুকবে ৭০০০ টাকা! মহিলাদের ক্ষমতায়নে বড় প্ল্যান LIC-র

    ভারতীয় রেলের কয়েকজন আধিকারিক জানিয়েছেন, সব ঠিক থাকলে খুব শীঘ্রই ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ লাইনে আংশিকভাবে ট্রেন চলাচল শুরু হয়ে যেতে পারে। তবে গোটা অংশে ট্রেন চলাচল শুরু হতে 2027 এর ডিসেম্বর অথবা 2028 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। রেল আধিকারিকদের দাবি, পাহাড়ের বুক চিরে তৈরি রেল প্রকল্পটির কাজ শেষ হয়ে গেলে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে উঁচুতে অবস্থিত কেদারনাথ, বদ্রিনাথ মন্দিরগুলি অর্থাৎ চারধাম দর্শন অনেকটাই সহজ হবে তীর্থযাত্রীদের পক্ষে।

  • শুরু হল চারধাম যাত্রা ২০২৬-র অনলাইন রেজিস্ট্রেশন, কোথা থেকে করবেন? দেখে নিন

    শুরু হল চারধাম যাত্রা ২০২৬-র অনলাইন রেজিস্ট্রেশন, কোথা থেকে করবেন? দেখে নিন

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: চারধাম যাত্রায় (Char Dham Yatra 2026) যাবেন? এপ্রিলের আগেই ভক্তদের সুখবর দিল উত্তরাখণ্ড সরকার। এবছর আগামী 22 এপ্রিল খুলছে কেদারনাথ (Kedarnath) ধাম। তার আগে গঙ্গোত্রী ও যমুনেত্রী মন্দিরের দরজা খুলবে 19 এপ্রিল। এছাড়াও বদ্রিনাথ মন্দির ভক্তদের জন্য আগামী 23 এপ্রিল থেকে খুলে যাবে। তার আগেই আজ অর্থাৎ 6 মার্চ, শুক্রবার থেকেই চারধাম যাত্রার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করা যাচ্ছে। শুক্রবার সকাল সাতটা থেকেই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। বলাই বাহুল্য, চারধাম যাত্রায় অংশ নেওয়ার আগে ভক্তদের রেজিস্ট্রেশন করার বিষয়টি বাধ্যতামূলক করেছে পুষ্কর সিং ধামী সরকার।

    চারধামের সময়সূচী

    আগেই জানিয়ে দেওয়া হয়েছে এবছর 19 এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন খুলে যাচ্ছে গঙ্গোত্রী এবং যমুনেত্রী মন্দিরের দরজা। এইদিন থেকেই পশ্চিম হিমালয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে তীর্থযাত্রা। অন্যদিকে কেদারনাথ মন্দিরের দরজা খুলছে 22 এপ্রিল। সরকারি ঘোষণা অনুযায়ী এদিন সকাল 8টায় বৃশ লগ্নে খুলবে মন্দিরের দরজা। এছাড়াও জানা গিয়েছে এ বছর কেদারনাথ মন্দিরের প্রধান পুরোহিত থাকছেন টি গঙ্গাধর লিং। মন্দিরের যাবতীয় পুজো পার্বণের দায়িত্ব থাকবে তাঁর কাঁধেই।

    অন্যদিকে বদ্রিনাথ মন্দির খুলবে আগামী 23 এপ্রিল। এদিন ভোর 6টা বেজে 15 মিনিট নাগাদ ব্রহ্ম মুহূর্তে খোলা হবে এই মন্দিরের দরজা। তার আগে 7 এপ্রিল থেকে শুরু হয়ে যাবে বার্ষিক গদুঘর যাত্রা। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কেদারনাথের দরজা খুলতেই হাজার হাজার ভক্ত সেখানে পাড়ি দিতে পারবেন। তবে তার আগে রেজিস্ট্রেশন করে নেওয়া বাধ্যতামূলক।

     

    আধার কার্ডের মাধ্যমে করা যাচ্ছে রেজিস্ট্রেশন

    উত্তরাখণ্ড সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে চারধাম যাত্রা 2026 এ অংশ নিতে হলে আগে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে সরকারি পোর্টালে। শুক্রবার থেকে শুরু হওয়া অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে চারধাম যাত্রায় নিজের নাম জুড়তে উত্তরাখণ্ড সরকারের অফিসিয়াল পোর্টাল Registrationandtouristercare.uk.gov.in এ গিয়ে আধার কার্ডের মাধ্যমে ভক্তরা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তবে বিদেশি ভক্তদের জন্য ইমেইল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন এর সুবিধা থাকছে।
    এছাড়াও টুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড মোবাইল অ্যাপ থেকেও রেজিস্ট্রেশন করা যাচ্ছে। একই সাথে, 8394833833 এই নম্বরে হোয়াটসঅ্যাপে Yatra লিখে পাঠালে সমস্ত তথ্য পেয়ে যাবেন তীর্থ যাত্রীরা। এভাবেও রেজিস্ট্রেশন করা যাবে।

    অবশ্যই পড়ুন: সেমিফাইনালে ১০ বছর পুরনো রেকর্ড একসাথে ভাঙল ভারত এবং ইংল্যান্ড

    কিন্তু যাঁরা অনলাইনে আবেদন করতে পারবেন না তাঁদের আগামী 17 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিন থেকেই শুরু হচ্ছে চারধাম যাত্রার অফলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চারধাম যাত্রা শুরুর দুদিন আগেই ঋষিকেশ নিবন্ধন কেন্দ্র, ঋষিকুল গ্রাউন্ড, হরিদ্দার এবং বিকাশ নগর দেহরাদুন নিবন্ধন কেন্দ্র সহ অন্যান্য ট্রানজিট ক্যাম্প বা কাউন্টার থেকে চারধাম যাত্রার জন্য রেজিস্ট্রেশন করাতে পারবেন ভক্তরা। এছাড়াও উত্তরাখণ্ড সরকারের তরফে চারধাম যাত্রা সম্পর্কিত ভক্তদের যেকোনও প্রকার সমস্যা সমাধানের জন্য একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। চারধাম যাত্রা সম্পর্কিত যে কোনও ধরনের প্রশ্নের উত্তর পেতে বা তথ্য জানতে 0135-1364 এই নম্বরে কল করতে হবে।