Category: খেলা

  • IPL-র আগেই মদ্যপান ছেড়ে দিলেন এই ভারতীয় ক্রিকেটার!

    IPL-র আগেই মদ্যপান ছেড়ে দিলেন এই ভারতীয় ক্রিকেটার!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলে ডাক পান না বহুদিন হল। তাই প্রতিযোগিতামূলক ক্রিকেটেও খুব একটা দেখা যায় না ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal)। সম্প্রতি দাম্পত্য জীবনের অশান্তি নিয়ে আলোচনায় ছিলেন তিনি। সেই সব পর্ব মিটিয়ে অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পা রাখছেন এই খেলোয়াড়। এবছর তিনি লড়বেন পাঞ্জাব কিংসের হয়ে। আর তার আগেই এক বড় কাজ করে ফেলেছেন ভারতীয় তারকা। জানা যাচ্ছে, IPL 2026 সিজেন শুরুর আগেই মদ্যপান পুরোপুরি ছেড়ে দিয়েছেন এই খেলোয়াড়।

    মদ্যপান ছেড়ে দিলেন ভারতীয় তারকা?

    একটা সময় বিরাট কোহলিদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠ কাঁপিয়েছেন চাহাল। সেই দলেরই প্রাক্তন সতীর্থ তথা দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডিভিলিয়ার্সের সাথে কথা বলার সময় খেলোয়াড়ের ইউটিউব চ্যানেলে চাহাল জানিয়েছেন, “এই মুহূর্তে আমার বয়স 35। আগের তুলনায় আমি মাঠে এখন অনেক বেশি সক্রিয় থাকতে চাই। নিজেকে মেলে ধরতে চাই। দলের জন্য নিজের সেরাটা দিতে চাই। নিজেকে আরও ফিট করে তুলতে চাই। আমি তো পুরোপুরি মদ্যপান ছেড়ে দিয়েছি এখন। কম করে এক থেকে দেড় বছর হয়ে গেল আমি ওই সব ছুঁয়েও দেখি না। নিজের দেড়শো শতাংশ দিতে আমি মরিয়া।”

    বলাই বাহুল্য, ভারতীয় ক্রিকেট মহলে সে অর্থে আলোচনায় না থাকলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কিন্তু চাহালই। তাই নিজেকে আবার নতুন করে পুরনো ছন্দে দেখতে চাইছেন এই ক্রিকেটার। 2026 সিজনে বল হাতে এমন কিছু ঘটাতে চাইছেন যা দেখে তরুণ ক্রিকেটাররা অনুপ্রাণিত হয়। বলে, তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। এক কথায় IPL এ নিজের সেরা জায়গাটা ধরে রাখতে চান চাহাল।

    অবশ্যই পড়ুন: ভারতের সবথেকে সস্তার শহর কলকাতা, খরচ কত? দেখুন রিপোর্ট

    উল্লেখ্য, সদ্য ভারতীয় স্পিনার কুলদীপ যাদবের বিয়েতে গিয়েছিলেন চাহাল। সেখানে একেবারে খোশ মেজাজে দেখা গিয়েছিল তাঁকে। কমবেশি সকলেই জানেন, একটা সময় জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে বলে বলে উইকেট তুলতেন এই দুই বন্ধু। তবে সময়ের সাথে সাথে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন চাহাল। কিন্তু এখনও ভারতীয় দলে বর্তমান বন্ধু কুলদীপ। তিনি এবার খেলবেন দিল্লির হয়ে।

  • ইস্টবেঙ্গলে কোচ অস্কারের ডানা ছাঁটার কাজ শুরু?

    ইস্টবেঙ্গলে কোচ অস্কারের ডানা ছাঁটার কাজ শুরু?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরুটা জয় দিয়ে করলেও হঠাৎ মাঝ পথে হারিয়ে গিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। চলতি ইন্ডিয়ান সুপার লিগে যেখানে একের পর এক ম্যাচ জিতে ক্ষমতা প্রদর্শন করছে মোহনবাগান সুপার জায়ান্ট, সেই পর্বে দাঁড়িয়ে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে শহরের ঐতিহ্যবাহী দল লাল হলুদ। আর তার দায় গিয়ে পড়েছে সরাসরি প্রধান কোচ অস্কার ব্রুজোর (Oscar Bruzon) কাঁধে। এর আগে বেশ কয়েকবার স্প্যানিশ কোচকে গো ব্যাক স্লোগান দিয়েছেন ভক্তরা। দাবি উঠেছে তাঁকে পদ থেকে অপসারণের। এ নিয়ে যদিও লাল হলুদ কর্তা জানিয়েছিলেন, অস্কারকে ছেড়ে দেওয়া তাঁদের হাতে নেই। তবে এবার শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গলে ধীরে ধীরে গুরুত্ব কমছে এই বিদেশি কোচের।

    ডানা ছাটা হচ্ছে অস্কারের!

    যে দলটা এবারের সংক্ষিপ্ততম ISL এর শুরুর দিকে প্রতিপক্ষকে একেবারে নাজেহাল করে ছেড়েছিল তারাই কিনা এই মুহূর্তে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে পড়ে রয়েছে। ভাবলেও কেমন লজ্জা করে ইস্টবেঙ্গল সমর্থকদের! আসলে ISL এ পয়েন্ট তালিকার আট অথবা নয় এক কথায় তলানিতে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল। তাই নতুন সিজনের আগে একের পর এক বিদেশি ফুটবলারকে সই করিয়ে নতুন করে নিজেদের মেলে ধরার স্বপ্ন দেখেছিল শহরের এই ঐতিহ্যবাহী দলটি। সেই স্বপ্নের পথে পা বাড়িয়েও কেমন যেন পিছিয়ে আসতে হচ্ছে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটিকে।

    এদিকে বুধবার সাড়ে চারটে থেকে অনুশীলন শুরু করার কথা ছিল ইস্টবেঙ্গল ফুটবলারদের। তবে মিগুয়েলরা মাঠে নামলেন পাঁচটায়। সূত্রের খবর, অনুশীলন শুরু হওয়ার আগে থাংবোই সিংটোর সাথে কয়েক দফা মিটিং হয় তাঁদের। এরপর অবশ্য দলকে হাতে পান অস্কার। কিন্তু তারপরেও দেখা গেল প্রধান কোচের সাথে মিটিংয়ে বসলেন প্লেয়াররা। এই দৃশ্য দেখে অনেকেই ধরে নিয়েছেন ইস্টবেঙ্গলে ডানা ছাটার কাজ চলছে অস্কারের। কারণ এর আগে বহুবার ফুটবলারদের নিয়ে নানান বৈঠকের পরই প্রধান কোচেদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এবারেও কি তেমনটা হবে? প্রশ্নটা আপাতত তোলাই থাক।

    অবশ্যই পড়ুন: তাঁর জোরেই প্রথম IPL জয়, সেই তারকাকেই বড় দায়িত্ব দিল KKR

    প্রসঙ্গত, আগামী সোমবার এই মুহূর্তে পয়েন্ট তালিকার তলানিতে থাকা দল মহামেডান স্পোটিংয়ের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। এবারের প্রতিযোগিতায় আজ পর্যন্ত খাতা খুলতে না পারলেও এই প্রতিবেশী দলটির প্লেয়ারদের একেবারেই হালকাভাবে নিচ্ছেন না ইস্টবেঙ্গল কোচ অস্কার। লাল হলুদ সূত্রে খবর, দায়িত্ব হারানোর ভয়কে সরিয়ে রেখে এই মুহূর্তে পরবর্তী ম্যাচের উপর নজর দিয়েছেন স্প্যানিশ কোচ অস্কার।

  • তাঁর জোরেই প্রথম IPL জয়, সেই তারকাকেই বড় দায়িত্ব দিল KKR

    তাঁর জোরেই প্রথম IPL জয়, সেই তারকাকেই বড় দায়িত্ব দিল KKR

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: KKR (Kolkata Knight Riders) আর পাঁচটা দলের মতো নয়। এমন কথা বরাবরই বলে আসছেন নাইট ভক্তরা। যদিও এমন বক্তব্যের স্বপক্ষে একাধিক প্রমাণ মিলেছে। আসলে চুক্তির বাইরেও প্লেয়ারদের সবরকম ভাবে সাহায্য করে শাহরুখ খানের এই দল। প্রাক্তন প্লেয়ারদের খোঁজ খবর রাখে KKR। তাই তো প্লেয়াররাও অল্প টাকাতেই এই দলের সাথে জুড়ে থাকেন। এমনকি প্রাক্তন ক্রিকেটাররাও কলকাতা নাইট রাইডার্সের যেকোনও রকম সমস্যায় ছুটে আসেন। এবারও তেমনটাই হয়েছে। IPL শুরু হওয়ার ঠিক আগেই কলকাতায় বিশেষ দায়িত্ব পেলেন নাইট রাইডার্স দলের প্রথম IPL জয়ের মহানায়ক মনবিন্দর বিসলা।

    KKR এ বিশেষ দায়িত্ব পেলেন বিসলা

    চন্দ্রকান্ত পন্ডিতের জামানা শেষ হতেই ভারতীয় তারকা অভিষেক নায়ারকে প্রধান কোচের আসনটা দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবছর সেই আসনের মর্যাদা রাখতেই নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন গৌতম গম্ভীরদের বন্ধু। এবার তিনি নাইট শিবিরের বাকিদের সাথে পরিচয় করিয়ে দিলেন কলকাতার প্রথম যুদ্ধ জয়ের নায়ক বিসলাকে। বলে রাখি, অজিঙ্কা রাহানেদের দলে হেড অফ স্কাউট হিসেবে নিয়োগ করা হয়েছে তাঁকে।

    সহজ ভাষায় বলতে গেলে, মনবিন্দর বিসলার কাজ হবে দেশ-বিদেশের বিভিন্ন ক্রিকেট প্রতিবাদের অন্বেষণ করে আনা। এবছর একের পর এক ক্রিকেটারকে তুলে এনেছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্স তো স্কাউটিং এ একেবারে পটু। এবার কলকাতা নাইট রাইডার্স চাইছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ এবং দাপুটে ক্রিকেটারদের নিয়ে আসতে। আর সেই দায়িত্বই এবার দেওয়া হয়েছে প্রথম IPL জয়ের অন্যতম কান্ডারী বিসলাকে। এখন দেখার কতটা শক্ত হাতে সেই দায়িত্ব পালন করতে পারেন তিনি।

    অবশ্যই পড়ুন: স্বপ্না বর্মণের জীবনে শোকের ছায়া, বাবাকে হারিয়ে ভেঙে পড়লেন তৃণমূলের প্রার্থী

    উল্লেখ্য, আগামী 28 মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কলকাতার ম্যাচ রয়েছে ঠিক তার পরের দিন অর্থাৎ 29 তারিখ। সেই মতোই, বুধবার থেকে অনুশীলন শুরু করে দিয়েছে নাইটরা। ইডেনে অনুশীলনের আগে শেন ওয়াটসনদের মতো তারকাদের সাথে দলের ছেলেদের পরিচয় করিয়ে দিয়েছেন প্রধান কোচ অভিষেক নায়ার। সেই ভিডিওও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।

  • অধিনায়ক সূর্য বা শুভমন নয়, টিম ইন্ডিয়ার এই দুই প্লেয়ারের বেতন বাড়াবে BCCI!

    অধিনায়ক সূর্য বা শুভমন নয়, টিম ইন্ডিয়ার এই দুই প্লেয়ারের বেতন বাড়াবে BCCI!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে সফল হয়েছে ভারত (India)। দলের সেই সফলতার নেপথ্যে রয়েছেন একাধিক উজ্জ্বল মুখ। তবে সেই তালিকায় সবচেয়ে এগিয়ে জসপ্রীত বুমরাহ এবং অক্ষর প্যাটেল। নকআউট পর্বে এই দুই প্লেয়ারের জোরেই কামাল দেখিয়েছে টিম ইন্ডিয়া। সেমিফাইনাল থেকে ফাইনালে ওঠার সময় হোক কিংবা মহামঞ্চে, সব ক্ষেত্রেই এই দুই প্লেয়ার ভারতের জন্য ত্রাতা হয়ে উঠেছিলেন। এবার শোনা যাচ্ছে, তাঁদের বেতনই বাড়াতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI Salary Hike)।

    বেতন বাড়ছে দুই ভারতীয় তারকার?

    ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির A+ ক্যাটাগরিতে ছিলেন জসপ্রীত বুমরাহ। যদিও এ মরসুমের জন্য সেই ক্যাটাগরিটাই তুলে দিয়েছে BCCI। বদলে ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির সর্বোচ্চ ক্যাটাগরি হয়েছে A। সেখানেই রয়েছেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ পেসার বুমরাহ সহ রবীন্দ্র জাদেজা এবং শুভমন গিল। আগে সাধারণত এই বিভাগের প্লেয়াররা 5 কোটি টাকা বেতন পেতেন। তবে সেই বেতন বুমরাহকে দেওয়ার ক্ষেত্রে তৈরি হয়েছে সমস্যা।

    ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র বলছে, আগে যেহেতু জসপ্রীত 7 কোটি টাকা বেতন পেতেন তাই নতুন করে তাঁর বেতনে কাটছাঁট করতে চাইছে না বোর্ড। শুধু তাই নয়, টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের বেতন বরং আরও বাড়িয়ে দিতে চাইছে ভারতে ক্রিকেটের নিয়ামক সংস্থাটি। বোর্ড চিন্তা ভাবনা করছে কীভাবে বুমরাহকে ক্ষতিপূরণ দেওয়া যায় সে বিষয়ে। মূলত সে কারণেই আশা করা যাচ্ছে, এবার হয়তো বেতন বাড়লেও বাড়তে পারে টিম ইন্ডিয়ার এই গুরুত্বপূর্ণ বোলারের।

    অবশ্যই পড়ুন: উড়ে উড়ে একদিনেই পৌঁছে যাবে আপনার পার্সেল! পরিষেবা শুরু ইন্ডিয়া পোস্টের

    এখানেই শেষ নয়, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির C ক্যাটাগরিতে থাকা অক্ষর প্যাটেলের বেতনও নাকি বাড়াতে পারে বোর্ড। আগের চুক্তি অনুযায়ী এই বিভাগে থাকা প্লেয়াররা বেতন হিসেবে 1 কোটি টাকা পেতেন। তবে টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক তথা অক্ষরের মতো একজন গুরুত্বপূর্ণ প্লেয়ারের এই বিভাগে থাকাটা একেবারেই মানানসই নয় বলেই মনে করছে বোর্ড। ফলে সূত্রের দাবি যদি সত্যি হয় সে ক্ষেত্রে, তাঁকে উপরের ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হতে পারে। এর ফলে বাড়তে পারে অক্ষরের বেতন।

  • ব্যাট-বল দুদিকেই পারদর্শী, KKR-র সহ অধিনায়ক হচ্ছেন সেই প্লেয়ার!

    ব্যাট-বল দুদিকেই পারদর্শী, KKR-র সহ অধিনায়ক হচ্ছেন সেই প্লেয়ার!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাজারো জল্পনার অবসান ঘটিয়ে এবারেও অজিঙ্কা রাহানের উপর ভরসা রেখেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তাঁকেই অধিনায়কের দায়িত্বে বহাল রেখেছে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে, ভারতের এই অভিজ্ঞ তারকার কাছে আরও একবার সুযোগ রয়েছে KKR-কে ফাইনালে (Indian Premier League) তোলার। তবে অধিনায়কের নাম ঘোষণা করলেও তাঁর ডেপুটি অর্থাৎ সহ-অধিনায়ক কে হবেন তা জানায়নি KKR। তবে বেশ কয়েকটি সূত্র দাবি করছে, এ বছর কলকাতার সহ অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেন এক দাপুটে অলরাউন্ডার।

    এই ব্যক্তি হতে পারেন KKR এর সহ অধিনায়ক

    গত বছর, ভেঙ্কটেশ আইয়ার ছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের সহ অধিনায়ক। তবে ব্যাট হাতে নিজেকে কোনও ভাবেই প্রমাণ করতে পারেননি তিনি। বল হাতে তো সুযোগই পাননি এই খেলোয়াড়। এক কথায় ব্যর্থতা নিয়েই 2026 এর আগে KKR ছাড়তে হয়েছে তাঁকে। তবে ভেঙ্কটেশ চলে গেলেও মোটা টাকা হাতে রেখে একের পর এক পছন্দসই ক্রিকেটারকে ধরে নিয়েছে KKR ফ্রাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংসের সাথে লড়াই করে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে কলকাতা।

    মাঝে শোনা যাচ্ছিল, এ বছর হয়তো তাঁকেই সহ অধিনায়ক করা হতে পারে। তবে একাধিক বিশ্বস্ত সূত্রের দাবি, এবারের মতো কলকাতার সহ অধিনায়কের দায়িত্বটা পেতে পারেন বহু পুরনো সঙ্গী তথা ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারিন। ব্যাট এবং বল উভয় ক্ষেত্রে পারদর্শী ওয়েস্ট ইন্ডিজ দলের এই প্রাক্তন ক্রিকেটার এর আগে বেশ কয়েকটি ম্যাচে KKR কে নেতৃত্ব দিয়েছেন। তাছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যথেষ্ট ভাল ছন্দে দেখা যায় নারীনকে। নাইট ম্যানেজমেন্ট কর্তাদেরও তাঁর উপর ভরসা রয়েছে। মূলত সে কারণেই অনেকেই মনে করছেন, এবছর KKR এ সহ অধিনায়ক হিসেবে রাহানেকে সহায়তা করবেন নারিন।

    অবশ্যই পড়ুন: ‘অন্য কোনও মুখ্যমন্ত্রী …’ মমতার ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

    উল্লেখ্য, IPL 2026 শুরুর আগে একের পর এক ধাক্কা খেয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমে বোর্ডের সিদ্ধান্তে বাদ দিতে হয়েছে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই চোটের পর অস্ত্রোপচার এবং শেষে গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। বিশ্বকাপ চলাকালীন চোট পেয়েছেন 18 কোটির পেসার মাথিশা পাথিরানাও। সবমিলিয়ে, IPL শুরুর আগে যথেষ্ট চাপে কলকাতা।

  • T20 বিশ্বকাপ শেষ হতেই ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, কবে ম্যাচ?

    T20 বিশ্বকাপ শেষ হতেই ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, কবে ম্যাচ?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতেই ফের মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান (India Vs Pakistan)। না এখনই নয়, পাঁচ মাস পর ফের একে অপরের মুখ দেখবে এশিয়ার এই দুই চির প্রতিদ্বন্দ্বী। তবে ক্রিকেটের ময়দানে নয় বরং হকি বিশ্বকাপে (Men’s FIH Hockey World Cup) একে অপরের বিরুদ্ধে খেলবে এই দুই দেশ। আসলে হকি বিশ্বকাপের একই গ্রুপে পড়েছে ভারত এবং পাকিস্তান দল। তাই নতুন করে আবারও মুখদর্শন হবে দু দেশের প্লেয়ারদের।

    কবে থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ?

    এবছর মহিলা এবং পুরুষ উভয় দলেরই হকি বিশ্বকাপ রয়েছে। আগামী 14 থেকে 30 আগস্ট পর্যন্ত চলবে সেই বিশ্বকাপ। জানা যাচ্ছে, এই হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে। মহিলা এবং পুরুষ উভয়-বিভাগেই অংশগ্রহণ করবে ভারত। এই প্রতিযোগিতার পুরুষদের বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান একই গ্রুপে জায়গা পেয়েছে।

    বলাই বাহুল্য, ভারত এবং পাকিস্তানের গ্রুপে জায়গা করেছে ইংল্যান্ড এবং ওয়েলেস। অন্যদিকে মহিলাদের বিশ্বকাপে চিন, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সাথে একই গ্রুপে রয়েছে ভারত। দুঃখের বিষয় এবছর পাকিস্তানের মহিলা দল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। তাই তাঁদের প্রশ্নই উঠছে না। বলে রাখি, গ্রুপ বিভাজন হয়ে গেলেও হকি বিশ্বকাপের চূড়ান্ত সূচি এখনও প্রকাশ্যে আসেনি। আশা করা হচ্ছে খুব শীঘ্রই প্রকাশ করা হবে সেই সূচি।

    অবশ্যই পড়ুন: উড়ে উড়ে একদিনেই পৌঁছে যাবে আপনার পার্সেল! পরিষেবা শুরু ইন্ডিয়া পোস্টের

    প্রসঙ্গত, চূড়ান্ত সূচি প্রকাশ করা হলেই জানা যাবে ভারত এবং পাকিস্তানের ম্যাচের তারিখ। তবে আপাতত জানিয়ে রাখি, ভারত এবং পাকিস্তান এই মুহূর্তে পুল ডি তে রয়েছে। অন্যদিকে মহিলা হকি বিশ্বকাপেও পুল ডিতেই জায়গা পেয়েছে ভারতীয় দল। জানিয়ে রাখা প্রয়োজন, হকি বিশ্বকাপ বেলজিয়াম এবং নেদারল্যান্ডস দুই দেশে অনুষ্ঠিত হলেও ভারতের মহিলা এবং পুরুষ উভয় দলই নেদারল্যান্ডসেই তাদের সব ম্যাচ খেলবে।

  • এই মুহূর্তে ISL-এ কোন দলের অবস্থা কেমন? কত নম্বরে ইস্টবেঙ্গল, মোহনবাগান

    এই মুহূর্তে ISL-এ কোন দলের অবস্থা কেমন? কত নম্বরে ইস্টবেঙ্গল, মোহনবাগান

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাজারো ঝুট ঝামেলা কাটিয়ে চলছে সংক্ষিপ্ততম ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League)। সর্বশেষ ম্যাচে এফসি গোয়া এবং পাঞ্জাব এফসি ড্র করায় পয়েন্ট তালিকায় ব্যাপক বদল এসেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ISL এ পঞ্চম ম্যাচ শেষ হওয়ার পর তালিকায় (ISL Points Table) কোন দল কোথায় রয়েছে। মোহনবাগান, ইস্টবেঙ্গলই বা কততে?

    ISL এ বর্তমানে কে কোথায়?

    দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL এ 5 ম্যাচ শেষের পরই পয়েন্ট তালিকার একেবারে শীর্ষে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তালিকার মগডালে থাকা দলটি পেয়েছে 13 পয়েন্ট। 5 ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে তারা। বাকি একটি ম্যাচ ড্র হয়েছে।

    অন্যদিকে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জামশেদপুর এফসি। এই দলটির পয়েন্ট 12। তৃতীয় স্থানে জায়গা করেছে মুম্বই সিটি এফসি। তাদের পয়েন্ট 11। চতুর্থ স্থানে রয়েছে এফসি গোয়া। এই দলের পয়েন্ট 9। 8 পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। সয় সংখ্যক পয়েন্ট নিয়ে 6 নম্বরে বেঙ্গালুরু। এছাড়াও সপ্তম স্থান ধরে রেখেছে নর্থইস্ট ইউনাইটেড। তাদের পয়েন্ট 6। মাত্র 5 পয়েন্ট নিয়ে যথাক্রমে অষ্টম এবং নবম স্থানে রয়েছে পাঞ্জাব ও ইন্টার কাশি। 10 এ চেন্নাইয়িন এফসি। তাদের বর্তমান পয়েন্ট 4।

    অবশ্যই পড়ুন: বিশ্বকাপে খেলা হচ্ছে না! নেইমার বললেন, “আমার হাতে নেই”

    এখানেই শেষ নয়, পয়েন্ট তালিকার 11 নম্বরে 2 পয়েন্টে ওডিশা এফসি ও 12 নম্বরে কেরালা ব্লাস্টার্স। এই দলের পয়েন্ট মাত্র 1। এছাড়াও 13 নম্বরে এসসি দিল্লি ও 14 নম্বরে মহামেডান। দিল্লি 1 পয়েন্ট পেলেও শহরের ঐতিহ্যবাহী দলটি আজ পর্যন্ত খাতাই খুলতে পারেনি। এদিকে, এবারের ইন্ডিয়ান সুপার লিগে আজ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা বাগানের জেমি ম্যাকলারেন। এ আসরে এখনও পর্যন্ত 7 গোল দিয়ে ফেলেছেন তিনি।

  • বিশ্বকাপে খেলা হচ্ছে না! নেইমার বললেন, “আমার হাতে নেই”

    বিশ্বকাপে খেলা হচ্ছে না! নেইমার বললেন, “আমার হাতে নেই”

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: বল পায়ে মাঠে সময় কাটানোর তুলনায় চোট পেয়ে মাঠের বাইরেই বেশি থাকতে হয় ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে (Neymar)। সাম্প্রতিককালেও চোটজনিত সমস্যার কারণে জাতীয় দলে (Brazil) নিয়মিত ছিলেন না তিনি। তবে বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা আছে ব্রাজিলিয়ান তারকার। কিন্তু তা হলেও সেই স্বপ্ন কার্যত শেষ হওয়ার পথে! কেননা, ব্রাজিলের প্রাথমিক দলে ডাক পাননি ফুটবলের রাজপুত্র নেইমার। ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রীতিম্যাচ দিয়েই বিশ্বকাপে নামবে ব্রাজিল। ফলে এই দলে না থাকা মানে বিশ্বকাপ থেকে বাদ পড়া। সেটাই কি হতে চলেছে নেইমারের ক্ষেত্রে? ব্রাজিলিয়ান ফুটবলার অবশ্য এখনই হাল ছাড়তে নারাজ। বছর 34 এর ফুটবলের আশা, বিশ্বকাপে খেলতে পারবেন তিনি।

    সহজে হাল ছাড়ছেন না নেইমার

    বহু অপেক্ষিত ফুটবল বিশ্বকাপের আগে আগামী 27 মার্চ ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামবে ব্রাজিল। এরপর পহেলা এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতিম্যাচ রয়েছে এই দলের। কিন্তু সেই দুই ম্যাচের দলে জায়গা পেলেন না নেইমার। এদিকে ওই দুই ম্যাচের জন্য ব্রাজিলের দলে জায়গা পেয়েছেন 19 বছরের এন্ডরিক। তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন নেইমারের মতো একজন প্লেয়ারকে বাদ দেওয়া হল?

    বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচের দলে নেইমারের না থাকা নিয়ে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির স্পষ্ট দাবি, তিনি নেইমারকে ডাকেননি তার অন্যতম কারণ নেইমার এখনও 100 শতাংশ ফিট নন। দলের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার মতো জায়গায় নেই এই ব্রাজিলিয়ান। মূলত সে কারণেই তাঁর উপর ভরসা রাখতে পারছেন না কোচ। বদলে যাঁরা দলের জন্য নিজেদের নিংড়ে দিতে পারবেন এই মুহূর্তে তাঁরাই খেলবেন প্রীতি ম্যাচগুলিতে।

    তাহলে কি বিশ্বকাপ থেকে বাদ পড়ছেন নেইমার? এমন প্রশ্নের উত্তরে অবশ্য ব্রাজিলের কোচ জানিয়েছেন, “সে যদি 100 শতাংশ ফিট থাকে এবং দলের জন্য সবটা দিতে পারে তবে অবশ্যই বিশ্বকাপের দলে ডাক পাবে।” তবে কোচ আশা যোগালেও সমস্ত বাধা কাটিয়ে ব্রাজিলের জার্সি গায়ে ফের বিশ্বকাপে নেমে পড়া নেইমারের জন্য যথেষ্ট কঠিন কাজ হবে। এর অন্যতম কারণ, আজ প্রায় আড়াই বছর হতে চলল ব্রাজিলের হলুদ জার্সি গায়ে তোলেননি তিনি। মাঝে মাঠে নামলেও ফের চোট গ্রাস করে তাঁকে।

    অবশ্যই পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের ‘বাজি’ পবিত্র কর, চিনে নিন নন্দীগ্রামের প্রার্থীকে

    তবে এসবের মধ্যে দিয়েও আশা বাঁচিয়ে রাখছেন নেইমার। ব্রাজিলিয়ান ফুটবলারের স্পষ্ট বক্তব্য, “আমি যথেষ্ট হতাশ। কিন্তু তাতে লক্ষ্য থেকে সরে আসছি না। যতটা পরিশ্রম করতে হয় করব। নিয়মিত অনুশীলন করে যাব। আমাকে লক্ষ্যে পৌঁছতেই হবে। এখনও চূড়ান্ত পর্যায়ে নির্বাচন বাকি আছে। আমি এত সহজে হাল ছেড়ে দিচ্ছি না। বিশ্বকাপে খেলার স্বপ্ন অবশ্যই দেখি। কিন্তু সেটা তো আমার হাতে নেই।”

  • গম্ভীরের পর টিম ইন্ডিয়ার প্রধান কোচ হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি? বড় খবর

    গম্ভীরের পর টিম ইন্ডিয়ার প্রধান কোচ হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি? বড় খবর

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2026 এর টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে ভারত (Indian Cricket Team)। এই সাফল্যটা এসেছে প্রধান কোচ গৌতম গম্ভীরের হাত ধরেই। এ নিয়ে গম্ভীরের কোচিংয়ে শেষ দুই বছরে তিন তিনটি খেতাব জিতেছে ভারত। ICC চ্যাম্পিয়নস ট্রফি থেকে শুরু করে এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন ওয়ানডে বিশ্বকাপটাও জেতাই লক্ষ্য গৌতম বাবুর। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে 2027 সাল পর্যন্ত চুক্তি রয়েছে গম্ভীরের। এদিকে 2028 এ গ্রীষ্মকালীন অলিম্পিক। কাজেই গম্ভীরের চুক্তির মেয়াদ বাড়তে পারে। তবে শেষ পর্যন্ত গম্ভীর ভারতীয় দলের কোচের পদ ছাড়লে কে হবেন পরবর্তী কোচ? উঠে আসছে খোদ মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নাম।

    টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হচ্ছেন মাহি?

    ভারতীয় দলের কোচ হিসেবে মহেন্দ্র সিং ধোনিকেই দেখতে চাইছেন বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর। সেটাই কলকাতায় এসে এক স্পোর্টস ওয়েবসাইটের কনক্লেভে বুঝিয়ে দিয়েছেন গৌতম গম্ভীর। ওই ইভেন্টে হাজির হয়ে গৌতম গম্ভীর বলেছিলেন, কোচের ভূমিকায় তিনি পরবর্তীতে মহেন্দ্র সিং ধোনিকেই দেখতে চান।

    বলাই বাহুল্য, ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই Instagram এ ভারতীয় দলের একটি ছবি পোস্ট করে ধোনি লিখেছিলেন, “আহমেদাবাদে তৈরি হল ইতিহাস। দল, সাপোর্ট স্টাফ এবং বিশ্বব্যাপী ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেক ভক্তকে আমার অনেক অভিনন্দন। সকলকে খেলতে দেখে খুব ভাল লাগছে। কোচ সাহেব আপনার মুখে হাসিটা দারুণ মানায়। হাসির সাথে সাথে তীব্রতার এক ঘাতক মিশ্রণ ধরা পড়েছে। খুব ভাল লাগছে। বন্ধুরা উপভোগ করুন।” মাহির সেই পোস্টে কমেন্ট করেছিলেন ভারতীয় দলের প্রধান কোচ গম্ভীরও।

     

    অবশ্যই পড়ুন: আজ পর্যন্ত গড়ায়নি ট্রেনের চাকা, দেশের সেই রাজ্যেই রেলপথ তৈরিতে মিলল বিরাট সাফল্য

    সম্প্রতি সেই ইনস্টা পোস্টের প্রসঙ্গ তুলে গৌতম গম্ভীরকে বলতে শোনা গিয়েছিল, “ধোনি বিশ্বকাপের ফাইনাল দেখতে এসেছিল। এটা দেখে ভাল লেগেছে। সে আমায় হাসতে বলেছে। এটাও ভাল লাগে। আশা করছি একদিন ধোনি আমার জায়গায় থাকবে এবং আমি ওর জায়গায়। সেদিন আমিও ওর মতো কিছু লিখতে পারবো।। আর ধোনি তখন ডাগআউট থেকে হাসবে।” কোচের এই এক বক্তব্যের পরই অনেকেই ধরে নিয়েছেন, টিম ইন্ডিয়ার পরবর্তী প্রধান কোচ হবেন মাহি। যদিও এ নিয়ে কোনও ইঙ্গিত ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে মেলেনি।

  • অধিনায়ক কে হবে ঘোষণা করে দিল KKR, নাম জানলে চমকে যাবেন

    অধিনায়ক কে হবে ঘোষণা করে দিল KKR, নাম জানলে চমকে যাবেন

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: কে হবেন KKR (Kolkata Knight Riders) এর অধিনায়ক? আদৌ কি অজিঙ্কা রাহানেকে নেতার পদে বসিয়ে রাখবে নাইট ম্যানেজমেন্ট? নাকি অন্য কেউ বসবে KKR এর সিংহাসনে? এমন একাধিক প্রশ্নের অবসান ঘটল মঙ্গলবারই। রাক ঢাক না রেখে অধিনায়কের নাম ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স। এবছরেও KKR কে নেতৃত্ব দিচ্ছেন খোদ অজিঙ্কা রাহানে। হ্যাঁ, নতুন করে আবার (Indian Premier League) ভারতের অভিজ্ঞ ক্রিকেটারের উপর ভরসা রেখেছে শাহরুখ খানের ম্যানেজমেন্ট।

    রাহানেতেই কেন ভরসা KKR এর?

    গতবছর, পয়েন্ট তালিকার 8 নম্বরে থেকে যাত্রা শেষ করতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। এর নেপথ্যে একাধিক কারণ খুঁজে নিয়েছিল KKR। তাছাড়াও প্রথম প্রথম অধিনায়ক হিসেবে দলের সাথে সেভাবে মানিয়ে নিতে পারছিলেন না রাহানেও। তবে ব্যাট হাতে কলকাতার অন্যান্য প্লেয়ারের থেকে সবচেয়ে বেশি পরিশ্রমী দেখা গিয়েছিল তাঁকেই। রানও করেছিলেন বেশি। মূলত সে কারণেই, 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও রাহানেতেই ভরসা ধরে রাখল KKR।

    মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করে দিয়েছে নাইট ম্যানেজমেন্ট। হাজারো জল্পনার মাঝেও নিজেদের অধিনায়ক বদলাচ্ছে না শাহরুখ খানের দল। যে খবরে ভক্তদের একাংশ উচ্ছ্বসিত হলেও আরেকাংশের কাছে সিদ্ধান্তটা একেবারেই ঠিক মনে হচ্ছে না। সূত্রের খবর, দলে সুনীল নারিন, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং এমনকি বরুণ চক্রবর্তীদের মতো খেলোয়াড় থাকলেও প্রধান কোচ অভিষেক নায়ারের সিদ্ধান্তেই বেশি পরীক্ষা-নিরীক্ষার পথে হাটতে চায়নি KKR। তাই রাহানেকেই আরও একবার গুরুদায়িত্ব সপে দিল কলকাতা।

     

    অবশ্যই পড়ুন: আজ পর্যন্ত গড়ায়নি ট্রেনের চাকা, দেশের সেই রাজ্যেই রেলপথ তৈরিতে মিলল বিরাট সাফল্য

    উল্লেখ্য, ভারতীয় দলে অজিঙ্কা রাহানের দেখা নেই বহুদিন। টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে না পেরে এর আগে বহুবার দুঃখ প্রকাশ করতে দেখা গিয়েছিল ভারতের এই অভিজ্ঞ ক্রিকেটারকে। তবে আন্তর্জাতিক মঞ্চে ব্যাট হাতে নামতে না পারলেও মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রায়শই দেখা যায় তাঁকে। 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে তাঁকে অল্প টাকায় কিনে অধিনায়ক করে দিয়েছিল শাহরুখ খানের দল। সেখান থেকেই ফের চর্চায় আসেন তিনি। তাছাড়াও গত সিজনে ব্যাট হাতে যথেষ্ট সাফল্য পেয়েছেন এই নাইট তারকা।